জাপানের ভূমিকম্পে ২২২ জন মৃত্যুর ভুয়া খবর

152
জাপানের ভূমিকম্পে ২২২ জন মৃত্যুর ভুয়া খবর
জাপানের ভূমিকম্পে ২২২ জন মৃত্যুর ভুয়া খবর

জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে এবং এর ফলে ২২২ জন নিহত হয়েছেন- এমন একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, ৮ ডিসেম্বরে ৭.৫ বা ৭.৬ মাত্রার এই ভূমিকম্প সংঘটিত হয়েছিল। এই ভূমিকম্পের পরপর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। এছাড়া এই ঘটনায় কমপক্ষে ৪৭ জন আহত হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

ছড়িয়ে পড়া কয়েকটা পোস্ট দেখতে পাবেন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ঘেঁটে জানা যাচ্ছে, গত সোমবার ৮ ডিসেম্বর স্থানীয় সময় রাত ১১টা ১৫ মিনিটে  ভূমিকম্পটি জাপানের উত্তর-পূর্ব অংশে আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রপৃষ্ঠের ৫০ কিলোমিটার গভীরে এবং আঘাত হানে আওমোরি অঞ্চলের উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়।

ইউনাইটেড স্টেটস জিওলোজজিকাল সার্ভের ওয়েবসাইটের এই ভুক্তিতে বলা হয়েছে, উক্ত ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬ এবং এতে কমপক্ষে ৩৭ জন আহত হয়েছে।

বিবিসির এই খবরে বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫ এবং এতে কমপক্ষে ৫০ জন আহত হয়।

আল জাজিরার এই খবরে বলা হয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫ এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।

জাপানের অগ্নিকান্ড ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, সেদিন ভূমিকম্পের ফলে ৪৭ জন আহত হয়েছেন। এর মধ্যে হোক্কাইডুতে ১১ জন, আওমোরিতে ৩২ জন এবং আইওয়াটাতে ৪ জন।

বাংলাদেশের সংবাদমাধ্যমগুলোর মধ্যে দৈনিক জনকণ্ঠ এবং প্রথম আলো, উভয়েই জানাচ্ছে যে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫ এবং এতে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

কোনো গণমাধ্যমের প্রতিবেদনেই নিহতের কোনো কথা উল্লেখ করা হয়নি।

একাত্তর টিভির ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে প্রাথমিকভাবে নিহতের সংখ্যা উল্লেখ করা হলেও পরে সংশোধিত প্রতিবেদনে কেবলমাত্র ৩০ জন আহতের কথা জানানো হয়েছে।  তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের ফেসবুক পেজের পোস্টে ২২২ জন নিহতের কথাটি সংশোধন করা হয়নি।

যেহেতু এই ভূমিকম্পে কোনো নিহতের তথ্য পাওয়া যাচ্ছে না, তাই ফেসবুকে ছড়িয়ে পড়া ‘২২২ জন নিহতের’ দাবিযুক্ত পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে। 

Claim:
জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে এবং এর ফলে ২২২ জন নিহত হয়েছেন- এমন একটি খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh