শেখ হাসিনাকে দেশে ফেরাতে গার্মেন্টস শ্রমিকদের শপথের ভুয়া দাবি

15
শেখ হাসিনাকে দেশে ফেরাতে গার্মেন্টস শ্রমিকদের শপথের ভুয়া দাবি
শেখ হাসিনাকে দেশে ফেরাতে গার্মেন্টস শ্রমিকদের শপথের ভুয়া দাবি

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, "সকল গার্মেন্টস শ্রমিকরা শপথ নিয়েছে শেখ হাসিনাকে যেভাবেই হোক দেশে আনবে।" তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায় বাস্তবে ভিডিওটি ২০২৪ সালে টুঙ্গিপাড়ায় অনুষ্ঠিত আওয়ামী লীগের একটি স্থানীয় দলীয় কর্মসূচির। তৎকালীন সময়ে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্দেশ্যে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতাদের শপথ নেওয়ার ভিডিও এটি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

ভাইরাল ভিডিওটির মূল উৎস খুঁজে পেতে এর বিভিন্ন কি-ফ্রেম ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে ২০২৪ সালের ৭ আগস্ট ‘প্রথম আলো’র ইউটিউব চ্যানেলে “শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ গোপালগঞ্জ আওয়ামী লীগের” শিরোনামে প্রকাশিত রিপোর্ট পাওয়া যায়। উক্ত রিপোর্টের দৃশ্যের সাথে সাম্প্রতিক সময়ে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির মিল রয়েছে।

প্রথম আলো ও সমকালে প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির প্রেক্ষাপটে ২০২৪ সালের ৭ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জমায়েত হন। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানের পরিচালনায় এবং সাধারণ সম্পাদক জিএম শাহাব উদ্দিন আজমসহ স্থানীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে নেতাকর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করেন।

অন্যদিকে পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজপথে মূল আন্দোলন শুরু হয় ২০২৬ সালের ১২ই অক্টোবর থেকে। অথচ ভিডিওটির দৃশ্যপট ২০২৪ সালের আগস্ট মাসের, অর্থাৎ সাম্প্রতিক শ্রমিক আন্দোলন শুরু হওয়ার অনেক আগের ঘটনা।

অর্থাৎ, টুঙ্গিপাড়ার ওই রাজনৈতিক কর্মসূচির সাথে সম্প্রতি পোশাক শ্রমিকদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই। তাই সবকিছু বিবেচনা করে ভাইরাল হওয়া ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে।

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, "সকল গার্মেন্টস শ্রমিকরা শপথ নিয়েছে শেখ হাসিনাকে যেভাবেই হোক দেশে আনবে।"

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh