শাপলা চত্বরের সিসিটিভি ফুটেজ দাবিতে এআই ছবি ভাইরাল

44
শাপলা চত্বরের সিসিটিভি ফুটেজ দাবিতে এআই ছবি ভাইরাল
শাপলা চত্বরের সিসিটিভি ফুটেজ দাবিতে এআই ছবি ভাইরাল

সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের একটি সিসিটিভি ফুটেজ। ছবিটিতে পুলিশের ভ্যানে মরদেহ তুলতে দেখা যাচ্ছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া ছবিটি বাস্তব কোনো সিসিটিভি ফুটেজের অংশ নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে তৈরি করা একটি ছবি।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

গুগল ম্যাপের স্ট্রিট ভিউ থেকে প্রাপ্ত ২০১৩ সালের শাপলা চত্বরের বাস্তব ছবির সাথে ভাইরাল এই ছবির কোনো মিল পাওয়া যায়নি। বাস্তব ছবিতে শাপলার ভাস্কর্যটি একটি সুনির্দিষ্ট বৃত্তাকার ফোয়ারার ওপর অবস্থিত ছিল। কিন্তু ভাইরাল ছবিতে ভাস্কর্যটির পাপড়ির গঠন ও অবস্থানের ধরন বাস্তব শাপলা চত্বরের দৃশ্যের তুলনায় একেবারে ভিন্ন। 

আবার, মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত ২০১৩ সালের ৫ মে রাতের অভিযানের ছবিতে দেখা যায়, ভাস্কর্যটির চারপাশের লোহার রেলিংগুলো ভাঙা এবং বিধ্বস্ত অবস্থায় ছিল। কিন্তু ভাইরাল ছবিতে এই রেলিংগুলো সম্পূর্ণ অক্ষত এবং সুবিন্যস্ত দেখা যাচ্ছে। 

এছাড়াও, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি খেয়াল করলে কিছু ত্রুটি দেখতে পাওয়া যাবে। সেই ত্রুটিগুলো সাধারণত এআই নির্মিত কন্টেন্টে দেখা যায়। যেমনঃ ছবির বাম দিকে থাকা পুলিশের গাড়িটি পর্যবেক্ষণ করলে দেখা যাবে গাড়ির গায়ে লেখা “POLICE” শব্দটির অক্ষরের গঠন বিকৃত। এছাড়া ভ্যানটির ওপরের নীল কভার বা হুডটি যেভাবে মূল কাঠামোর সাথে যুক্ত, তা বাস্তব কোনো যানবাহনের মডেলের সাথে মেলে না। 

এই অসঙ্গতিগুলো বিবেচনা করে ফেসবুক থেকে এসব ছবি নিয়ে এআই ডিটেকশন টুল ‘Hive Moderation’ এবং ‘ZeroGpt’ দিয়ে যাচাই করা হয়। টুলগুলো বিভিন্ন মডেলের সাহায্যে বিশ্লেষণ করে জানায়, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই সকল  প্রমাণের ভিত্তিতে এটি নিশ্চিত যে, ভাইরাল হওয়া ছবিটি বাস্তব নয় বরং এআই জেনারেটেড। তাই সব কিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি চলাকালীন যৌথ বাহিনীর অভিযানের একটি সিসিটিভি ফুটেজ।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh