গুলিতে নিহত নয়, ইটের টুকরার আঘাতে আহত গাজীপুরের স্কুলছাত্র নুরুজ্জামান সামি 

24
গুলিতে নিহত নয়, ইটের টুকরার আঘাতে আহত গাজীপুরের স্কুলছাত্র নুরুজ্জামান সামি 
গুলিতে নিহত নয়, ইটের টুকরার আঘাতে আহত গাজীপুরের স্কুলছাত্র নুরুজ্জামান সামি 

পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ঘিরে সহিংসতার প্রেক্ষিতে সম্প্রতি ফেসবুকে একটি তথ্য ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, গাজীপুরে পুলিশের গুলিতে নুরুজ্জামান সামি নামে ১০ বছর বয়সী স্কুল শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, মাথায় ইটের টুকরার আঘাতে শিশুটি আহত হয়েছিল এবং হাসপাতালে চিকিৎসার পর সে এখন বাড়িতে। কাজেই তার গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবরটি সত্য নয়।

এ ধরনের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। 

ফেসবুকে ছড়ানো পোস্টগুলোর সঙ্গে তিনটি ছবি দেখা যায়। একটি ছবিতে শিশুটিকে হাসপাতালের বিছানায় এবং বাকি দুটি ছবিতে তার স্কুলের ব্যাজ ও আইডি কার্ড দেখা যায়। আইডি কার্ডের সূত্রে জানা যায়, শিশুটির নাম নুরুজ্জামান সামি, তার বাবার নাম ইউসুফ রানা। বিকেএসপি স্কুলের ক্লাস ফাইভের এই শিক্ষার্থীর আইডি কার্ডের সূত্রে তার বাবার ফোন নম্বর পাওয়া যায়। ফ্যাক্টওয়াচের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি জানান, “ছেলে এখন ভালো আছে, বাড়িতেই আছে। মাথায় ইটের টুকরার আঘাতে সামির মাথা ফেটে যায়। হাসপাতালে নেওয়ার পর দুটি সেলাই লেগেছে। মাথা ফেটে রক্ত গড়িয়ে তার স্কুল ড্রেস রক্তাক্ত হয়।” ফেসবুকে ওইসব ছবিই ছড়িয়েছে বলে জানান তিনি।  

অনুসন্ধানে প্রথম আলোর একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে সামির বাবার সূত্রে জানা যায়, ছুটির পর স্কুল থেকে বের হওয়ার সময় পেছন থেকে একটি ইটের টুকরা এসে লাগে, যার আঘাতে আহত হয়েছে তার ছেলে। গুলিবিদ্ধ হওয়ার কোনো ঘটনা ঘটেনি। এই প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, ছেলে ঝুঁকিমুক্ত কি না, জানতে চাইলে ইউসুফ রানা বলেন, সিটি স্ক্যান ও এক্স-রে করানো হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার ছেলে এখন শঙ্কামুক্ত। তাকে বাসায় নিয়ে আসা হয়েছে এবং সে বিশ্রামে আছে। ইউসুফ রানা আরও বলেন, ‘গুলিবিদ্ধ হওয়ার কোনো ঘটনা ঘটেনি। আমার ছেলের মাথায় পেছন থেকে একটি ইটের টুকরার আঘাত লেগেছে।’

আরও অনুসন্ধানে এখন টিভির একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন থেকে জানা যায়, আন্দোলনকারীদের ইট-পাটকেলের আঘাতে সামি আহত হয়। এই প্রতিবেদনে শিশুটির মায়ের বক্তব্য পাওয়া যায়ঃ আহত শিক্ষার্থীর মা নুসরাত জাহান বলেন, ‘আন্দোলন চলাকালে ইটের আঘাতে শিশুটির মাথা ফেটে যায়। তবে তার গায়ে বা শরীরে কোনো গুলির আঘাত বা গুলির কোনো ঘটনা ঘটেনি। বর্তমানে চিকিৎসকদের পরামর্শে তাকে বাসায় নিয়ে এসেছি।’ 

এই প্রতিবেদন থেকে শিশুটির স্কুলের শিক্ষক এবং হাসপাতালের মন্তব্যও পাওয়া যায়ঃ “এ বিষয়ে বিকেএসপি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক স্বপন কুমার জানান, সকাল ১১টার দিকে স্কুল ছুটি হলে বাসায় ফেরার পথে আন্দোলনকারীদের ইট-পাটকেলের আঘাতে ওই ছাত্রের মাথা ফেটে যায়। পরে তাকে নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালে নিয়ে চিকিৎসা শেষে পরিবারের জিম্মায় বাসায় পাঠানো হয়েছে। এখন সে সুস্থ আছে।” 

নাসির উদ্দিন মেমোরিয়াল হাসপাতালের হেল্প ডেস্কে থাকা বিথী আক্তার সময় টিভিকে  জানান, শিশুটির মাথায় মারাত্মক জখম ছিলো। চিকিৎসক তাকে দ্রুত চিকিৎসা প্রদান করেন ও মাথায় দুটি সেলাই দেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রিলিজ দেয়া হয়েছে। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল ইসলামের পরামর্শ অনুযায়ী তাকে রিলিজ দেয়া হয়েছে। 

কাজেই শিশুটি গুলিবিদ্ধ হওয়ার ও নিহত হওয়ার তথ্যটি সত্য নয়। ফলে সঙ্গত কারণে, এ ধরনের পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।  

Claim:
গাজীপুরে পুলিশের গুলিতে নুরুজ্জামান সামি নামে ১০ বছর বয়সী স্কুল শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh