চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) প্যাসিফিক জিন্স লিমিটেড বন্ধ করে দেওয়া হয়েছে দাবিতে ফেসবুকে একটি তথ্য শেয়ার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, দাবিটি বিভ্রান্তিকর। মূলত, প্যাসিফিক জিনসের ইউনিট–১ এর একটি পুরোনো ভবনে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। ভবনটি ভেঙে ফেলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তারই অংশ হিসেবে ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। কোম্পানিটি জানিয়েছে, আরএমজি সাসটেইনেবিলিটি কাউন্সিলের (আরএসসি) মূল্যায়নে ভবনটিতে কাঠামোগত বিপর্যয়ের সম্ভাব্য ঝুঁকি চিহ্নিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্যাসিফিক জিন্সের অন্যান্য উৎপাদন ইউনিট ও প্যাসিফিক জিন্স গ্রুপের অন্যান্য কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে নিউজ পোর্টাল বিডি নিউজ২৪-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। গতকাল রোববার (১ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, ‘কাঠামোগত নিরাপত্তা ঝুঁকির’ কারণে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) তৈরি পোশাক প্রস্তুতকারক কোম্পানি প্যাসিফিক জিন্স লিমিটেডের একটি কারখানা ভবন ভেঙে ফেলা হচ্ছে। তবে প্যাসিফিক জিন্সের অন্যান্য উৎপাদন ইউনিট ও প্যাসিফিক জিন্স গ্রুপের অন্যান্য কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়ছে।
এই ইউনিট বন্ধ করা নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি প্রসঙ্গে প্রতিবেদনটিতে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোনস অথরিটির (বেপজা) নির্বাহী পরিচালক (জনসংযোগ) আবু সাঈদ মো. আনোয়ার পারভেজ বলেন, “প্যাসিফিক জিন্স লিমিটেডের একটি ইউনিটের একটি ভবন বন্ধ হওয়া নিয়ে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে, যার কোনো সত্যতা নেই। “প্যাসিফিক গ্রুপের অন্য সবগুলো কারখানা আগের মতই চালু আছে। এই একটি ভবনের শ্রমিকরা ছাড়া বাকি সব কারখানার সব ইউনিটের শ্রমিকরা যথারীতি কর্মরত আছেন।”
প্রথম আলোর একটি প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) প্যাসিফিক জিন্সের ইউনিট–১ এর একটি পুরোনো ভবনে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়েছে। ভবনটি ভেঙে ফেলার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তারই অংশ হিসেবে ইউনিটটির উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। প্যাসিফিক জিনস লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উৎপাদন বন্ধের সিদ্ধান্ত শুধু ওই ভবনের ক্ষেত্রে প্রযোজ্য। প্যাসিফিক জিনসের অন্য উৎপাদন ইউনিট ও গ্রুপের অন্য কারখানাগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড)-এ অবস্থিত বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় তৈরি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স লিমিটেড (ইউনিট-১) এর একটি কারখানা ভবনের কাঠামোগত নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে উৎপাদন কার্যক্রম বন্ধ করে ভবনটি ভেঙে ফেলার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটি স্পষ্ট করতে চায় যে, উৎপাদন কার্যক্রম বন্ধের এই সিদ্ধান্ত শুধুমাত্র উল্লিখিত একটি কারখানা ভবনের ক্ষেত্রে প্রযোজ্য। প্যাসিফিক জিন্স লিমিটেডের অন্যান্য উৎপাদন ইউনিট ও প্যাসিফিক জিন্স গ্রুপের অন্যান্য কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বিদ্যমান সক্ষমতা অনুযায়ী অব্যাহত রয়েছে।’
অর্থাৎ প্যাসিফিক জিন্সের একটি ইউনিটের একটি কারখানা ভবন নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষিতে উৎপাদন কার্যক্রম বন্ধ করে ভেঙে ফেলার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অন্যান্য উৎপাদন ইউনিট ও প্যাসিফিক জিন্স গ্রুপের অন্যান্য কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বিদ্যমান সক্ষমতা অনুযায়ী অব্যাহত রয়েছে। তাই ফ্যাক্টওয়াচ আলোচিত দাবিটিকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।
Claim: প্যাসিফিক জিন্স লিমিটেড বন্ধ করে দেওয়া হয়েছে
Claimed By: Facebook users
Rating: Mostly false
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh