পাকিস্তানের পার্লামেন্টে গাধা ঢুকে পড়ার এআই ভিডিও প্রচারে বিভ্রান্তি

327
পাকিস্তানের পার্লামেন্টে গাধা ঢুকে পড়ার এআই ভিডিও প্রচারে বিভ্রান্তি
পাকিস্তানের পার্লামেন্টে গাধা ঢুকে পড়ার এআই ভিডিও প্রচারে বিভ্রান্তি

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রতিবেদন ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি গাধা সংসদ ভবনে ঢুকে পড়েছে। দাবি করা হচ্ছে, ভিডিওটি পাকিস্তানের। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, পাকিস্তানের পার্লামেন্টে গাধা প্রবেশের দাবিতে প্রচারকৃত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। তাই ফ্যাক্টওয়াচ প্রচারকৃত ভিডিওগুলোকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করছে। 

এমন কিছু ভিডিও দেখুন, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে,  এখানে, এখানে। 

উক্ত দাবিতে প্রচারিত ভিডিওটির ভয়েস ওভার বা ব্যাকগ্রাউন্ডে রিপোর্টার জানান, পাকিস্তানের পার্লামেন্টে অধিবেশন চলাকালে একটি গাধা প্রবেশের ঘটনা ঘটেছে। ভিডিওটিতে দেখা যায়, প্রাণীটি ছুটে এসে সংসদ সদস্যদের উপর আছড়ে পড়ছে। ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজে সার্চে কালবেলার একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের ভয়েস ওভার, লোগো ও বিজ্ঞাপনের সাথে দাবিকৃত ভিডিওটির মিল পাওয়া যায়।

গত শুক্রবার (৫ ডিসেম্বর) ‘কালবেলা ওয়ার্ল্ড’ নামের ফেসবুক পেজ থেকে ভিডিও প্রতিবেদনটি প্রকাশ করা হয়। কালবেলা তাদের ভিডিও প্রতিবেদনের ফেসবুক পোস্টের ক্যাপশনে AI-ভিডিও বলে উল্লেখ করলেও ভিডিও প্রতিবেদন বা ভয়েসওভারে কোথাও এই বিষয়টি উল্লেখ করেনি। বরং এমনভাবে বর্ণনা করা হচ্ছে যার ফলে দর্শকদের অনেকেই এটিকে বাস্তব মনে করছেন। মূল প্রতিবেদনে শুধুমাত্র ক্যাপশনে এআই ভিডিওর বিষয়টি উল্লেখ থাকায় ভিডিওটি বাস্তব দাবিতে গুজবের সৃষ্টি করছে। কেউ কেউ আবার ভিডিওটি ডাউনলোড করে নিজের মত শেয়ার করছেন এবং যেহেতু ভিডিওর কোথাও কোনো ডিসক্লেইমার নেই তাই এক ধরণের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।  

কালবেলার ফেসবুক পোস্টের এডিট হিস্ট্রি যাচাই করলে দেখা যায়, প্রথমে ভিডিওটির ক্যাপশনে এআই ভিডিওর বিষয়টি উল্লেখ ছিল না। পরের দিন ৬ ডিসেম্বের শনিবার প্রায় ১০ ঘণ্টা পর  ক্যাপশনে এআই ভিডিওর বিষয়টি যুক্ত করা হয়। 

আরো অনুসন্ধানে, প্রতিবেদনে ব্যাবহৃত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটির কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চে একই ভিডিও  sarabianspeed1 নামে একটি টিকটক অ্যাকাউন্টে পাওয়া যায়। পোস্টটিতে এআই জেনারেটেড কনটেন্ট লেবেল দেওয়া। 

ভিডিওটি পর্যবেক্ষণ করলে দেখা যায়, মানুষের মুখগুলো অস্বাভাবিক দেখাচ্ছে। কিছু ব্যক্তি এক ফ্রেমে দেখা গেলেও পরের ফ্রেমেই হঠাৎ উধাও হয়ে যাচ্ছে। একটি অংশে একটি চেয়ারকে বাতাসে ভাসতে দেখা যায়। এ ধরনের অসামাঞ্জস্যতা সাধারণত এআই জেনারেটেড ভিডিওতে দেখা যায়।

এআই শনাক্তকারী টুল হাইভ এবং ডিপ ফেক ও মিটারে ভিডিওটি যাচাই করলে দেখা যায়, উভয় টুলই ক্লিপটিকে  এআই জেনারেটেড হিসেবে শনাক্ত করেছে।

এ ছাড়া, পাকিস্তানের পার্লামেন্টে এমন ঘটনা ঘটেছে কি না জানতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড দিয়ে অনুসন্ধান করা হয়। তবে কোনো নির্ভরযোগ্য সূত্রে দাবিটি সমর্থন করার মতো তথ্য বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। 

সুতরাং, ভিডিওটি এআই দ্বারা তৈরি এবং বাংলাদেশে কালবেলার ভিডিও প্রতিবেদনের উপস্থাপনায় ত্রুটির কারণে এআই ভিডিওটি বাস্তব ঘটনা দাবিতে প্রচার হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ উক্ত দাবিতে প্রচারকৃত ভিডিওগুলকে ‘বিভ্রান্তিকর’ বলে চিহ্নিত করছে। 

/শিবলী সাদিক সিফাত

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রতিবেদন ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি গাধা সংসদ ভবনে ঢুকে পড়েছে। দাবি করা হচ্ছে, ভিডিওটি পাকিস্তানের।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh