ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি বিমান হামলা, উত্তেজনার মধ্যে সম্প্রতি ফেসবুকে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদেনের ছবি ফেসবুকে ছড়িয়েছে। ছবিটিতে দাবি করা হচ্ছে, দ্য টেলিগ্রাফ পাকিস্তান বিমানবাহিনীকে নিয়ে শিরোনাম করেছে, ‘PAKISTAN AIR FORCE: THE UNDISPUTED KING OF THE SKIES.’ ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দ্য টেলিগ্রাফ পাকিস্তান বিমান বাহিনী নিয়ে এমন কোনো প্রতিবেদন ছাপায়নি। ভাইরাল এই প্রতিবেদনটি বানোয়াট ও ভিত্তিহীন।সার্বিকভাবে ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
প্রতিবেদনটির সত্যতা যাচাইয়ে এতে একাধিক ত্রুটি নজরে আসে ফ্যাক্টওয়াচের। প্রথমত, প্রতিবেদনটি প্রকাশের তারিখ ১০ মে উল্লেখ থাকলেও সেখানে প্রকাশনার কোনো সাল উল্লেখ নেই। পত্রিকাটির অনলাইন সংস্করণ যাচাই করে দেখা যায়, সংবাদমাধ্যমটি সাধারণত পত্রিকা প্রকাশের তারিখের সঙ্গে সাল উল্লেখ করে। দ্বিতীয়ত, ভাইরাল ছবিটিতে ওয়েবসাইটটির ঠিকানার অংশে “telegraph.cuk” লেখা রয়েছে। পত্রিকাটির অনলাইন সংস্করণে এ ঠিকানা লেখা, “telegraph.co.uk”।
টেলিগ্রাফের কথিত প্রতিবেদনটিতে অসঙ্গতি
সংবাদের মূল অংশ বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে একাধিক বানান ভুল রয়েছে। যেমন: “cilet” (সম্ভবত “pilot”), “fquave” (সম্ভবত “square”), “conflicfts” (“conflicts”), “Thf thelegrapn” (“The Telegraph”), “praized” (“praised”), “Aur force” (“Air Force”), এবং “advancemand” (“advancement”) —এসব অসঙ্গতি পাকিস্তান বিমানবাহিনী নিয়ে দ্য টেলিগ্রাফের কথিত প্রতিবেদনটির সত্যতা নিয়ে সন্দেহ জাগায়।
টেলিগ্রাফের ১০ মে প্রকাশিত মূল পত্রিকা (বামে), একইদিনের তারিখ দিয়ে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে ভুয়া প্রতিবেদন (ডানে)
পরবর্তীতে দাবিটির অধিকতর সত্যতা যাচাইয়ে কথিত এই প্রতিবেদনটি প্রকাশের তারিখ অনুযায়ী খুঁজে ওইদিনের দ্য টেলিগ্রাফের প্রথম পাতায় এমন কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। পত্রিকাটির ওইদিনের প্রধান প্রতিবেদন ছিল—Navy chief quits ‘over affair with junior.’ প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চেও পাকিস্তান বিমানবাহিনী নিয়ে ‘PAKISTAN AIR FORCE: THE UNDISPUTED KING OF THE SKIES.’ শিরোনামে দ্য টেলিগ্রাফের কোনো প্রতিবেদনের লিংক পাওয়া যায়নি।
এসব তথ্যের ভিত্তিতে এটি নিশ্চিত হওয়া যায় যে, দ্য টেলিগ্রাফ পাকিস্তান বিমানবাহিনীকে নিয়ে প্রতিবেদন করেছে দাবিতে ভাইরাল ছবিটি বানোয়াট। সার্বিকভাবে ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
Claim: ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি বিমান হামলা, উত্তেজনার মধ্যে সম্প্রতি ফেসবুকে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদেনের ছবি ফেসবুকে ছড়িয়েছে। ছবিটিতে দাবি করা হচ্ছে, দ্য টেলিগ্রাফ পাকিস্তান বিমানবাহিনীকে নিয়ে শিরোনাম করেছে, ‘PAKISTAN AIR FORCE: THE UNDISPUTED KING OF THE SKIES.’
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh