ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার ছবিকে খামেনির বাসভবনের বলে প্রচার

30
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার ছবিকে খামেনির বাসভবনের বলে প্রচার
ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার ছবিকে খামেনির বাসভবনের বলে প্রচার

ইরানে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এমন প্রেক্ষাপটে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি খামেনির বাসভবনে বাঙ্কার ধ্বংসকারী বোমা হামলার আগের এবং পরের অবস্থা। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি ইরানের নয়। এটি মূলত গত জানুয়ারিতে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ফুয়ের্তে তিউনা (Fuerte Tiuna) সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার স্যাটেলাইট ইমেজ। এই হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে।

ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

ভিডিওটি থেকে কিছু কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট পাওয়া যায়। গত ৫ জানুয়ারি পোস্টটি করা হয়। এতে ব্যবহৃত বেশ কিছু ছবির সঙ্গে খামেনির বাসভবনে হামলার আগের এবং পরের অবস্থা দাবিতে প্রচারিত ভিডিওটির মিল রয়েছে। 

ইন্সটাগ্রাম পোস্টটি থেকে জানা যায়, স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, মার্কিন অভিযানের পর ভেনেজুয়েলার ফুয়ের্তে তিউনা সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখান থেকেই নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করা হয়েছিল। কারাকাস এলাকার এই কমপ্লেক্সের ভেতরে একাধিক ভবন এবং যানবাহন ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

যুক্তরাষ্ট্রের আরেকটি সংবাদমাধ্যম সিবিসি নিউজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৪ জানুয়ারি দেওয়া একটি পোস্টেও আলোচিত ছবিগুলো পাওয়া যায়। 

এছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের ৯ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনেও খামেনির বাসভবনে হামলার আগের এবং পরের অবস্থা দাবিতে প্রচারিত ভিডিওটির কিছু দৃশ্য পাওয়া যায়। এখান থেকেও জানা যায়, ছবিগুলো ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের ফুয়ের্তে তিউনা (Fuerte Tiuna) সামরিক ঘাঁটির।  

অর্থাৎ খামেনির বাসভবনে বাঙ্কার ধ্বংসকারী বোমা হামলার আগের এবং পরের অবস্থা দাবিতে প্রচারিত ছবিগুলো ভেনেজুয়েলার। তাই ফ্যাক্টওয়াচ এই দাবিতে প্রচারিত পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
খামেনির বাসভবনে বাঙ্কার ধ্বংসকারী বোমা হামলার আগের এবং পরের অবস্থা

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh