পিংক বাস চালু হওয়ার দিনেই সেবাটি নিয়ে ছড়াল একাধিক গুজব 

56
পিংক বাস চালু হওয়ার দিনেই সেবাটি নিয়ে ছড়াল একাধিক গুজব 
পিংক বাস চালু হওয়ার দিনেই সেবাটি নিয়ে ছড়াল একাধিক গুজব 

রাজধানীসহ চট্টগ্রাম ও বগুড়ায় গতকাল থেকে চালু হয়েছে নারীদের জন্য বিশেষ বাস সেবা। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ১৪টি বাস প্রাথমিকভাবে এই বাস সেবার আওতায় পিংক বা গোলাপি রঙে সাজানো হয়েছে। এটি ঘিরে ফেসবুকে একটি ছবি ও সংবাদমাধ্যমের ফটোকার্ড  ছড়িয়েছে। দৈনিক আমার দেশের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ডে জামায়াত নেতা গোলাম পরওয়ারকে উদ্ধৃত করে লেখা, 'পিংক কালার মহিলা বাসে পুরুষদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হোক।' আর ছবিটিতে দেখা যায়, মহিলা বাস লেখা একটি গোলাপি রঙের বাস রাস্তার পাশের খাদে পড়ে আছে। পাশেই হানিফ পরিবহনের একটি বাস। ব্যঙ্গ করে দাবি করা হচ্ছে, হানিফ বাসের ধাক্কায় নারীদের গোলাপি বাসটি খাদে পড়ে গেছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, আমার দেশ এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি, ছবিটি এডিটেড। 

আমার দেশের নামে ভুয়া ফটোকার্ড 

প্রচারিত ফটোকার্ডটিতে একটি কিউ আর কোড দেখা যায়। এই কোডটি যাচাই করলে আমার দেশের ওয়েবসাইটে একটি প্রতিবেদনে নিয়ে যায়। গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) প্রকাশিত এই প্রতিবেদনটি পিংক বাস উদ্বোধন সংক্রান্ত। ‘পিংক কালার মহিলা বাস সার্ভিস চালু‘- শিরোনামের প্রতিবেদনটিতে গোলাম পরওয়ারকে উদ্ধৃত করে প্রচারিত মন্তব্যটি পাওয়া যায়নি। আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজেও গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) এমন কোনো ফটোকার্ড আপলোড করতে দেখা যায়নি।

এ ছাড়া আমার দেশের অফিসিয়াল ফেসবুক পেজ খুঁজে উপরিউক্ত প্রতিবেদন সংক্রান্ত একটি ফটোকার্ড পাওয়া যায়। এই ফটোকার্ডের সঙ্গে গোলাম পরওয়ারকে উদ্ধৃত করে প্রচারিত ফটোকার্ডটির এক জায়গায় পরিবর্তন ছাড়া বাকি সবকিছুর মিল রয়েছে। আমার দেশের ফটোকার্ডে যেখানে নারী চালকের ছবি রয়েছে, সেখানে আলোচিত ফটোকার্ডটিতে গোলাম পরওয়ারের ছবি রয়েছে।

এসব বিশ্লেষণ থেকে নিশ্চিত হওয়া যায়, গোলাম পরওয়ারকে উদ্ধৃত করে প্রচারিত আমার দেশের নাম ও লোগোযুক্ত ফটোকার্ডটি ভিন্ন আরেকটি ফটোকার্ড এডিট করে তৈরি। 

এমন পোস্ট দেখুন এখানে। 

গোলাপি রঙের বাস রাস্তার পাশের খাদে পড়ে যাওয়ার ছবিটি এডিটেড  

এই দাবিতে প্রচারিত ছবিটি রিভার্স ইমেজ সার্চে সময় টিভির ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে যুক্ত ছবিটির সঙ্গে গোলাপি রঙের বাস রাস্তার পাশের খাদে পড়ে যাওয়ার ছবিটির মিল রয়েছে। তবে এখানে থাকা বাসটি নারীদের জন্য চালু করা গোলাপি রঙের বাস নয়। সময় টিভির প্রতিবেদনটি থেকে জানা যায়, গত মার্চে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের বাকেরগঞ্জে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ‘ইসলাম পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ছবিতে থাকা বাসটির গায়েও ইসলাম পরিবহন লেখা দেখা যায়। 

অর্থাৎ পুরোনো ঘটনার একটি ছবি এডিট করে সদ্য চালু হওয়া গোলাপি বাসের নামে প্রচার করা হচ্ছে। 

এমন পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানেএখানে। 

সার্বিক বিবেচনায় এই ফটোকার্ড ও ছবিগুলোকে ফ্যাক্টওয়াচ বিকৃত হিসেবে রেট করছে।


Claim:
ফেসবুকে একটি ছবি ও সংবাদমাধ্যমের ফটোকার্ড ছড়িয়েছে। দৈনিক আমার দেশের নাম ও লোগোযুক্ত একটি ফটোকার্ডে জামায়াত নেতা গোলাম পরওয়ারকে উদ্ধৃত করে লেখা, 'পিংক কালার মহিলা বাসে পুরুষদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করা হোক।' আর ছবিটিতে দেখা যায়, মহিলা বাস লেখা একটি গোলাপি রঙের বাস রাস্তার পাশের খাদে পড়ে আছে। পাশেই হানিফ পরিবহনের একটি বাস।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh