আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রবাসীদের পাঠানো ভোট সব বাতিল দাবিতে ফেসবুকে একটি তথ্য প্রচার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। নির্বাচন কমিশন সূত্রে সংবাদমাধ্যম থেকে জানা যায়, দেশে এখনো প্রবাসীদের ভোট আসছে। এসব ভোট আগামী ১২ ফেব্রুয়ারি, ভোট গ্রহণের দিন বিকেল সাড়ে ৪টার পর গণনা করা হবে।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে প্রবাসীদের ভোট বাতিলের কোনো সত্যতা পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের ওয়েবসাইটেও এই দাবির পক্ষে কোনো তথ্য নেই।
পরে অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ২৪-এর ওয়েবসাইটে একটি প্রতিবেদন পাওয়া যায়। আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনটিতে নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খানকে উদ্ধৃত করে বলা হয়েছে, শনিবার সকাল সোয়া ১০টা পর্যন্ত চার লাখ ২২ হাজার ৯৬০টি পোস্টাল ব্যালট ফিরেছে।
পোস্টাল ব্যালটের অ্যাপের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি লিখেছে, ইতোমধ্যে ৪ লাখ ৯৪ হাজার ১৮৫ জন প্রবাসী ভোট দিয়েছেন। তার মধ্যে ৪ লাখ ৬৮ হাজার ৯১ জন ভোট দিয়ে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন।
প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, ১২ ফেব্রুয়ারি ভোটের দিন বিকালে সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাদের ব্যালট পেপার পৌঁছাবে, তাদের ব্যালট গণনা করা হবে।
দেশের অন্যান্য সংবাদমাধ্যমে আজ শনিবার প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।
এসব প্রতিবেদন থেকে প্রবাসীদের পাঠানো সব ভোট বাতিল হওয়ার দাবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি।
তাই ফ্যাক্টওয়াচ এই ভিত্তিহীন ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: প্রবাসীদের পাঠানো ভোট সব বাতিল
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh