ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার প্রেক্ষিতে ফেসবুকে যমুনা টিভির লোগো-সম্বলিত একটি ফটোকার্ড ভাইরাল হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশী কোম্পানির হাতে পরিচালনার জন্য তুলে দেওয়া হবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন মন্তব্য করেছেন বলে ফটোকার্ডে দাবি করা হচ্ছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া। যমুনা টিভি এমন কোনো ফটোকার্ড এবং সংবাদ প্রকাশ করে নি। মূলধারার গণমাধ্যমেও প্রেস সচিবের এমন বিবৃতি খুঁজে পাওয়া যায় নি।
প্রথমত, অনুসন্ধানে দেখা যাচ্ছে যমুনা টিভি তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এমন কোনো ফটোকার্ড এবং সংবাদ প্রকাশ করে নি। বানোয়াট ফটোকার্ডের ব্যাকগ্রাউন্ড কালার ও ফন্টের সাথে যমুনা টিভির আসল ফটোকার্ডের পার্থক্য লক্ষণীয়।
দ্বিতীয়ত, প্রেস সচিব এমন বিবৃতি দিয়েছেন এর পক্ষে মূলধারার গণমাধ্যমে কোনো তথ্য খুঁজে পাওয়া যায় নি।
প্রেস সচিবের ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে দেখা যাচ্ছে বিমানবন্দরে আগুন লাগার প্রেক্ষিতে তিনি ইংরেজিতে একটি বিবৃতি দিয়েছেন। সেটি বাংলায় অনুবাদ করলে দাঁড়ায় –
“ঢাকা, ১৮ অক্টোবর: দেশের বিভিন্ন জায়গায় বড় অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে মানুষের উদ্বেগ সম্পর্কে অন্তর্বর্তীকালীন সরকার সচেতন। আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, নিরাপত্তা বাহিনী প্রতিটি ঘটনার সঠিকভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ রক্ষায় সতর্কভাবে কাজ করছে। নাশকতা বা অগ্নিসংযোগের কোনো প্রমাণ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কোনো অপরাধ বা উসকানিমূলক কাজকে জনজীবন ও রাজনীতিতে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না।
সরকার স্পষ্ট জানাতে চায়— যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হয়ে থাকে এবং এর উদ্দেশ্য ভয় বা বিভেদ ছড়ানো হয়, তবে তা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে যুক্তি ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব। বাংলাদেশ অতীতেও অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, এবং আমরা ঐক্য, শান্ত মনোভাব ও দৃঢ় সংকল্প নিয়ে নতুন গণতন্ত্রের যেকোনো হুমকি মোকাবিলা করব।
আমাদের ভয় পাওয়ার কিছু নেই— ভয় নিজেই আমাদের একমাত্র শত্রু।“
অনুসন্ধান থেকে স্পষ্ট যে, ভাইরাল ফটোকার্ডটি ভিত্তিহীন ও বানোয়াট। তাই ফ্যাক্টওয়াচ এই ফটোকার্ডকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
Claim: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বিদেশী কোম্পানির হাতে পরিচালনার জন্য তুলে দেওয়া হবে – প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এমন মন্তব্য করেছেন বলে একটি ভাইরাল ফটোকার্ডে দাবি করা হচ্ছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh