কয়েকজন পুরুষ একজন মেয়েকে টানতে টানতে জোর করে গাড়িতে তুলছেন, এ ধরনের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে বলা হচ্ছে, ভারতে হিন্দু যুবকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মুসলিম তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভারতের এই ভিডিওটি কোনো সাম্প্রদায়িক ঘটনার নয়। তরুণী মুসলিম নন এবং প্রেমিকের কাছে যাওয়া রুখতে তাকে তার পরিবারের সদস্যরা নিয়ে যাচ্ছে।
ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে এক্সে একটি পোস্ট পাওয়া যায়। পিয়ুশ রাই (Piyush Rai) নামের একজন ভারতীয় সাংবাদিকের পোস্টে আপলোড করা ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে। ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে, নিজেকে রিঙ্কু শর্মা বলে পরিচয় দেওয়া এক নারীকে একজন পুলিশের উপস্থিতিতে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে বলতে শোনা যায়, “আমি তাদের সঙ্গে যেতে চাই না, তারা আমাকে মেরে ফেলবে।”
এই পোস্টটি করা হয়েছে এ বছরের ৯ মার্চ।
পরবর্তী অনুসন্ধানে, নবভারত টাইমস (NavbharatTimes)’র একটি প্রতিবেদন পাওয়া যায়। এ বছরের ৯ মার্চে প্রকাশিত এই প্রতিবেদন থেকে জানা যায়, রাজস্থানের ভিলওয়ারায় বসবাসকারী এই তরুণী তার প্রেমিকের সঙ্গে থাকতে মেইনপুরির কুর্রা এলাকায় এসেছিলেন। তার পরিবারের সদস্যরা তাকে খুঁজতে খুঁজতে মেইনপুরিতে এসে জোর করে সঙ্গে নিয়ে যায়। পুরো ঘটনাটি কুর্রা থানা প্রাঙ্গণে ঘটেছে।
এই প্রতিবেদনের সঙ্গে যে দুটি স্থির ছবি যুক্ত রয়েছে, আলোচিত ভিডিওর সঙ্গে সেগুলো মেলে।
এরপর প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন পাওয়া যায়। আইএফসিএন (IFCN) সনদপ্রাপ্ত ডিফ্র্যাক (DFRAC) তাদের এই প্রতিবেদনটি প্রকাশ করে এ বছরের ১২ মার্চে। এ প্রতিবেদন থেকে জানা যায়, এই ভিডিওটি একই দাবিতে ভারতেও ছড়িয়েছিল গত মার্চে। ‘মিসলিডিং’ রেট করে এই প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটির সঙ্গে কোনো সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই, কারণ তরুণীটি মুসলিম নন। তরুণীটির নাম রিঙ্কু শর্মা এবং তার প্রেমিকের নাম হৃতিক যাদব বলে শনাক্ত করা হয়েছে। আরোও বিস্তারিত জানতে পারেন এখানে।
কাজেই সবদিক পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটিতে কোনো সাম্প্রদায়িক পরিস্থিতি নেই। সঙ্গত কারণে, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: ভারতে হিন্দু যুবকের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক মুসলিম তরুণীকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh