ফেসবুকে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং দেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যাচ্ছে, এটি বাংলাদেশের কোনো ঘটনার ভিডিও নয়, বরং ইন্দোনেশিয়ার জাকার্তার একটি সাম্প্রতিক বিক্ষোভের দৃশ্য।
ভাইরাল ভিডিও থেকে বিভিন্ন কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি ২৯ আগস্ট, ২০২৫ তারিখে পোস্ট করা হয়েছে। ইন্দোনেশীয় ভাষার ক্যাপশন অনুবাদ করলে দাঁড়ায় – “ইন্দোনেশিয়ার ব্রিমোব সদর দফতরে বিক্ষোভ ক্রমেই উত্তেজনাপূর্ণ ও নিয়ন্ত্রণহীন হয়ে উঠেছে। রাত পর্যন্ত হাজারো মানুষ যোগ দিয়ে ন্যায়বিচারের দাবিতে স্লোগান দিচ্ছে। দুপুরে শুরু হওয়া আন্দোলন রাতের দিকে রূপ নেয় প্রচণ্ড ক্ষোভে। নিরাপত্তা বাহিনীর চেষ্টা ব্যর্থ হয়েছে, আর বিক্ষোভকারীরা ক্রমেই সাহসী হয়ে ব্যারিকেডের দিকে এগোচ্ছে।“
উল্লেখ্য, ব্রিমোব (Brigade Mobil) ইন্দোনেশিয়ার জাতীয় পুলিশ বাহিনীর একটি বিশেষায়িত ইউনিট। এই আধাসামরিক বাহিনীর প্রধান দায়িত্ব হলো অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, দাঙ্গা নিয়ন্ত্রণ, সন্ত্রাসবিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, এবং উচ্চ ঝুঁকিপূর্ণ অপরাধ দমন।
পরবর্তী অনুসন্ধানে একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা (১,২,৩) থেকে জানা যাচ্ছে, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় এক পুলিশ যানবাহনের ধাক্কায় মোটরসাইকেল রাইড-শেয়ারিং চালকের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ঘটনার পর রাজধানী জাকার্তাসহ সুরাবায়া, বান্দুং ও গোরোন্তালোসহ বিভিন্ন শহরে চালক, ছাত্র ও সাধারণ মানুষ রাস্তায় নামে। বিক্ষোভকারীরা সংসদ ও পুলিশ সদরদপ্তরের সামনে সমবেত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। নিহত চালকের জানাজায় শত শত মোটরসাইকেল চালক শোভাযাত্রায় যোগ দেন এবং নিরাপত্তা বাহিনীর প্রতি ক্ষোভ প্রকাশ করেন। ঘটনাস্থল ও পুলিশের অতিরিক্ত আচরণের জন্য প্রেসিডেন্ট প্রাবোও হতাশা প্রকাশ করে স্বচ্ছ তদন্তের নির্দেশ দিয়েছেন।
এছাড়া একটি ইন্দোনেশীয় সংবাদ সংস্থার ইউটিউব চ্যানেলে ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধারণ করা একই ঘটনার ভিডিও পাওয়া যাচ্ছে। ক্যাপশন থেকে জানা যাচ্ছে, ভিডিওটি জাকার্তার ব্রিমোব সদর দপ্তরের সামনে ২৯ আগস্ট রাতে ধারণকৃত।
এসব তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়, ইন্দোনেশিয়ার একটি চলমান আন্দোলনের ভিডিওকে ঢাকা ইউনিভার্সিটির দৃশ্য এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করছে।
Claim: ফেসবুকে একটি বিক্ষোভ মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি এবং দেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh