প্রথম আলো এবং আব্দুল্লাহ আবু সায়ীদের ভুয়া সাক্ষাৎকার ব্যবহার করে আর্থিক প্রতারণা 

69
প্রথম আলো এবং আব্দুল্লাহ আবু সায়ীদের ভুয়া সাক্ষাৎকার ব্যবহার করে আর্থিক প্রতারণা 
প্রথম আলো এবং আব্দুল্লাহ আবু সায়ীদের ভুয়া সাক্ষাৎকার ব্যবহার করে আর্থিক প্রতারণা 

বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদের ছবিকে থাম্বনেইল হিসেবে ব্যবহার করে একটি লিংক ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এটা দেখে মনে হচ্ছে, আব্দুল্লাহ আবু সায়ীদকে গ্রেফতার করা হয়েছে। তবে লিংকের বিস্তারিত অংশে দাবি করা হচ্ছে, আব্দুল্লাহ আবু সায়ীদ একটি নতুন প্লাটফর্মের বিজ্ঞাপন দিচ্ছেন। সেখানে বলা হচ্ছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রাহকের হয়ে বিভিন্ন শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, আব্দুল্লাহ আবু সায়ীদ কখনো এমন কোনো সাক্ষাৎকার দেননি এবং প্রথম আলোতে এমন কোনো সাক্ষাৎকার ছাপা হয়নি।

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে । ( কয়েকটি আর্কাইভ করা পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে)

এসব পোস্টে একটি লিংক শেয়ার করা হচ্ছে যার ক্যাপশন  – ‘স্তব্ধ করে দেওয়ার মতো আবিষ্কার যা কেউ বিশ্বাস করতে পারেনি ‘।

লিংকে ভিডিও বাটন সদৃশ একটি ছবি যুক্ত করা হয়েছে যেখানে শিরোনাম- ‘গতকালরে ঘটনার পর সারা বাংলাদেশ বিস্ময়ে স্তব্ধ হয়ে গেছে’ (বানান অপরিবর্তিত রাখা হয়েছে)

লিংকে ক্লিক করলে ভিন্ন একটি ওয়েব পাতায় নিয়ে যায় যে পাতাটি অবিকল দৈনিক প্রথম আলোর অনুকরণে সাজানো। এই পাতার শিরোনাম-’ প্রথম আলো Lifestyle উপস্থাপক আব্দুল্লাহ আবু সায়ীদ Live-এ নিজের গোপন আয়ের উৎস ফাঁস করলেন — সারা বাংলাদেশে আলোচনার ঝড়।’

এখানে প্রথম আলোর ব্যবহৃত ফন্ট ব্যবহার করা হলেও ভাষারীতি একটু ভিন্ন । বিশেষ করে শিরোনামে ইংরেজি অক্ষরে মূল ইংরেজি শব্দের ব্যবহার প্রথম আলোর সাথে মানানসই নয়।

প্রতিবেদনে কি বলা হচ্ছে?

একাধিক ফেসবুক পেজ থেকে একাধিক ওয়েবসাইট দেখা যাচ্ছে, তবে সকল সাইটেই মূল প্রতিবেদনটি একই। Tremavolix.info , contentmedialabs.info , digitalbroadcastnetwork.info, contentmetricsgroup.info  -ইত্যাকার কয়েকটি ওয়েবসাইটের সাবডোমেইনের মাধ্যমে আলোচ্য প্রতিবেদনটি দেখা যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই ওয়েবপাতাটি একইভাবে সাজানো।

মূল প্রতিবেদনে দেখা যাচ্ছে, আব্দুল্লাহ সাবু সায়ীদ প্রথম আলোর লাইফ স্টাইল বিভাগে সাক্ষাৎকার দিতে এসেছেন। সেখানে তাকে নিজের শিক্ষকতা জীবন, সাহিত্য জীবন, টেলিভিশন উপস্থাপনা কিংবা বিশ্ব সাহিত্য কেন্দ্র সম্পর্কে কোনো প্রশ্নই করা হচ্ছেনা। বরং তার আয়ের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে। উত্তরে আব্দুল্লাহ আবু সায়ীদ কোয়ান্টাম এআই নামক একটি অ্যাপের কথা বললেন, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রাহকের হয়ে বিভিন্ন শেয়ার বাজারে বিনিয়োগ করে দেবে এবং লাভ করবে।

সাক্ষাৎকারটি থেকে কিছু অংশ উদ্ধৃত করা হল-

আব্দুল্লাহ আবু সায়ীদ : “আমি সরাসরি বলতে চাই — হ্যাঁ, আমার বাড়তি আয় আছে। এবং সেটা Podcast থেকে না। আমি একটা AI-ভিত্তিক প্ল্যাটফর্ম ব্যবহার করি যা আমার হয়ে ট্রেড করে। কিন্তু সবচেয়ে চমকের বিষয় হলো — এটা শুধু আমার জন্য না।”


“আসলে আলাদা কোনো ব্যবসা নেই — ঝামেলাও কিছু নেই। আমি প্রায় এক বছর আগে Quantum AI প্ল্যাটফর্মে আয় শুরু করেছি। আমি মাত্র ২৯,৫৪২ টাকা বিনিয়োগ করেছিলাম এবং দ্রুতই আমার বিনিয়োগ বাড়িয়েছি। এখন এই প্ল্যাটফর্ম থেকেই আমার দৈনন্দিন জীবনযাপন চলছে।”

“ভালো দিনে ১,৮০,০০০ থেকে ২,৫০,০০০ টাকা পর্যন্ত আসে। সৎভাবে বলছি — এই টাকা উপার্জনে আমাকে কিছুই করতে হয় না। প্রোগ্রামটা নিজেই চলে — আমি শুধু দেখি।”

‘’আমরা এখন AI-এর যুগে আছি — এই প্রযুক্তি মানুষের চেয়ে হাজার গুণ দ্রুত ট্রেড করতে পারে। আমি সত্যিই অবাক হই যে বেশিরভাগ মানুষ এখনও Quantum AI সম্পর্কে জানে না।”

এটা একটি AI-চালিত ট্রেডিং প্ল্যাটফর্ম। ChatGPT যেভাবে লেখালেখির কাজ করে, এটা সেভাবেই শেয়ার, মুদ্রা ও বন্ড মার্কেটে ট্রেড করে — কিন্তু মানুষের চেয়ে শতগুণ দ্রুত। আর্থিক স্বাধীনতার বিষয়ে গবেষণা করতে গিয়েই এটার সন্ধান পেয়েছিলাম — তারপর থেকে নিয়মিত ব্যবহার করছি।”


সম্পূর্ণ নিবন্ধে মোট ৬ টি ছবি ব্যবহার করতে দেখা যায়। এদের মধ্যে চারটি ছবিতে আব্দুল্লাহ আবু সায়ীদ এবং প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হককে দেখা যাচ্ছে। এই ছবিগুলো রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যাচ্ছে,’ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো’ শীর্ষক এক অনুষ্ঠানে আনিসুল হকের নেওয়া আব্দুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎকার থেকে উল্লিখিত ছবিগুলো গ্রহণ করা হয়েছে। প্রতিটি ছবিতে ‘ক্রাউন সিমেন্ট’ এর লোগো দেখা যাচ্ছে। এই অনুষ্ঠানটি ক্রাউন সিমেন্টের ইউটিউব চ্যানেলে  ২০২৫ সালের ২২শে জুলাই এবং প্রথম আলোর ওয়েবসাইটে ২০২৫ সালের ১০ অক্টোবর আপলোড করা হয়েছিল। 

অন্য দুইটি ছবি থেকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কোনো ফলাফল পাওয়া যায়নি। একটি ছবিতে দেখা যাচ্ছে, নারী-পুরুষের একটি মিছিলের ব্যানারে লেখা রয়েছে ‘স্বাধীনতা আব্দুল্লাহ আবু সায়ীদ’। সম্ভবত আব্দুল্লাহ আবু সায়ীদের মুক্তির দাবিতে কিছু লোক এই ছবিতে বিক্ষোভ করছে, যদিও ঢাকার রাজপথের ভাষার সাথে এই পোস্টারের ভাষা মিলছে না। আব্দুল্লাহ আবু সায়ীদের কখনো গ্রেফতার হওয়ার খবরও পাওয়া যায়নি।

ভিন্ন আরেক ছবিতে ‘কফি স্টেশন’ সাইনবোর্ডযুক্ত স্থানে এক সাংবাদিককে কাজ করতে দেখা যাচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা সনাক্তকারী কয়েকটি টুলের সাহায্যে এই ছবি দুটি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, ছবি দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) দ্বারা নির্মিত। এ কাজে ব্যবহৃত টুলগুলোর মধ্যে ছিল ডিপ এআই, , সাইট ইঞ্জিন, জিরো জিপিটি ইত্যাদি 

আলোচ্য ওয়েবপেজটি পর্যালোচনা করে দেখা যাচ্ছে, এই পাতায় আব্দুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎকার ছাড়াও অন্য কয়েকটি খবরের শিরোনাম রয়েছে। এসব শিরোনামগুলো হল-


১। ফুলছড়ি ঘাটে
২। ঢাকার যে পাঁচ এলাকায় জুলাই গণ–অভ্যুত্থানে মৃত্যু বেশি ছিল
৩। ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করেন ইয়াশ রোহান?
৪। চলতি বছর বিশ্ববাজারে সোনার দাম বাড়তি থাকবে: গোল্ড কাউন্সিল
৫। দেশে সোনার দাম ভরিতে কমছে দেড় হাজার টাকা
৬।জার্মানির স্বর্ণের মজুদ কেন যুক্তরাষ্ট্রের হাতে
৭। দেশে দেশে কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা বেড়েছে, মে মাসে ২০ টন

 

প্রতিটি শিরোনাম ক্লিক করলে সেটি প্রথম আলোয় প্রকাশিত মূল খবরে না নিয়ে বরং কোয়ান্টাম এআই এর ওয়েবসাইটে রিডাইরেক্ট করছে।

পৃথকভাবে সার্চ ইঞ্জিনের সাহায্যে এই শিরোনামগুলো অনুসন্ধান করলে দেখা যাচ্ছে, এই প্রতিটি খবরই প্রথম আলোতে ৭ জুলাই থেকে ২০ জুলাই এর মধ্যে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ প্রথম আলোর ‘জীবনযাপন’ বা লাইফস্টাইল বিভাগে ২০ জুলাই বা তার কাছাকাছি সময়ে প্রকাশিত কোনো একটি ফিচারকে পরিবর্তন করে আব্দুল্লাহ আবু সায়ীদের এই সাক্ষাৎকার তৈরি করা হয়েছে।  

ওয়েবসাইটে কি রয়েছে?

কোয়ান্টাম এআই এর ওয়েবসাইটের জন্য দেওয়া লিংকে প্রবেশ করলে ,প্রথম পাতায় টাকাভেনটিক্স নামক একটি প্রতিষ্ঠানের লোগোযুক্ত একটি পাতা দেখা যায়। এই সাইটের ইউআরএলেও কোয়ান্টাম এআই এর কথা নেই, বরং টাকাভেনটিক্স শব্দটি রয়েছে। ( https://web2.mediadatagroup.info/offers/bn/Takaventix/)

এই পাতায় প্রথমে ব্যবহারকারীর কিছু তথ্য জিজ্ঞেস করে এরপর নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। পরের ধাপে গিয়ে জানা যাচ্ছে, এটি আফ্রিকার দেশ -কমোরোস দ্বীপপুঞ্জে নিবন্ধিত একটি প্রতিষ্ঠান যার নাম মেটালফট টেকনোলজিস লিমিটেড।

এর পরের ধাপে, বিনিয়োগের আহ্বান জানানো হচ্ছে। বিকাশ,নগদ, বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা বিনিয়োগ করা সম্ভব । সর্বনিম্ন ১৫০ থেকে সর্বোচ্চ ৩০০ ডলার পর্যন্ত বিনিয়োগের সুযোগ দেখা যাচ্ছে। তবে এই অর্থ কি কাজে কোথায় বিনিয়োগ করা হবে, সে সম্পর্কে পরিষ্কার তথ্য দেখা যাচ্ছে না। 

অধিকতর অনুসন্ধানে জানা গেল, এই মেটালফট টেকনোলজির ব্র্যান্ড নাম- স্পুভা । এই নামে কমোরোস দ্বীপপুঞ্জ সহ কয়েকটি দেশে কার্যক্রম চলছে। তবে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা বা কোনো দেশের স্বীকৃত কোনো আর্থিক শৃঙ্খলা তদারকী প্রতিষ্ঠান (যেমন ইংল্যান্ডের  FCA, ইউরোপীয় ইউনিয়নের ESMA) এই স্পুভাকে এখনো নিবন্ধন দেয়নি।  ফলে এসব দেশে বৈধভাবে স্পুভা কার্যক্রম চালাতে পারবে না। টাকাভেন্টিক্স এর সাইটেও বিনিয়োগের পূর্ব সতর্কতা হিসেবেই বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন বা উপসাগরীয় দেশগুলোতে এর কোনো কার্যক্রম নেই।

ইংল্যান্ডের ফিনান্সিয়াল কন্ডাক্ট অথরিটি বা FCA এর ওয়েবসাইটে কোয়ান্টাম এআই সম্পর্কে একটি সতর্কবার্তাও দেখা গেল। এই বার্তায় বলা হচ্ছে, এই ফার্মটি (কোয়ান্টাম এআই) আমাদের দ্বারা স্বীকৃত নয়। আমাদের অনুমতি ছাড়াই এটি আর্থিক সেবা দিতে বা সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারে। গ্রাহকের উচিত এই ফার্মকে এড়িয়ে চলা।

তবে এই কোয়ান্টাম এআই ফার্মটাই আমাদের আলোচ্য ফার্ম কিনা, সেটি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। 

 স্পুভা ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই প্লাটফর্ম থেকে ফরেক্স, আন্তর্জাতিক স্টক মার্কেট, ধাতব পণ্যের বাজার, ক্রিপ্টোকারেন্সি সহ বিভিন্ন বাজারে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিনিয়োগকারীর সিদ্ধান্ত ছাড়া প্লাটফর্মটি নিজে নিজেই বিনিয়োগ করবে- এমন সুবিধার কথা স্পুভার ওয়েবসাইটে দেখা যায়নি। এই দাবিটা বাংলা ভাষায় প্রচারিত আব্দুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎকারের ওয়েবপাতাতেই দেখা যাচ্ছে।

ফেসবুকে প্রকাশিত আরেকটি পোস্টের সূত্র ধরে ভিন্ন আরেকটি ওয়েবসাইটে আব্দুল্লাহ আবু সায়ীদের একই সাক্ষাৎকার দেখা যাচ্ছে, তবে সেখানে কোয়ান্টাম এআই এর বদলে ভিন্ন আরেকটি ওয়েবসাইটের (Takaventix) নাম দেখা যাচ্ছে। এই টাকাভেনটিক্স নামটা কোয়ান্টাম এআই এর লিংকেও পাওয়া গিয়েছিল, যা এই প্রতিবেদনের প্রথম দিকেই উল্লেখ করা হয়েছে।

 এই টাকাভেনটিক্সের ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের চেষ্টা করতে গিয়েও দেখা গেল, প্রকৃতপক্ষে সেটি স্পুভা ডট কম বা মেটালফট টেকনোলজির সাথেই যুক্ত ভিন্ন আরেকটি ওয়েবসাইট।

এআই কি নিজে নিজে শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারে? 

বাংলাদেশের প্রধান শেয়ার বাজার- ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর একটি বিও অ্যাাকাউন্ট বা বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট খোলা দরকার। এই বিও একাউন্টের জন্য বিনিয়োগকারীর জাতীয় পরিচয়পত্র, আয়কর সনদ (টিআইএন সার্টিফিকেট), সর্বশেষ বছরের আয়কর দেওয়ার প্রমাণপত্র, নমিনি সংক্রান্ত তথ্য ইত্যাদি দরকার হয়। কোয়ান্টাম এআই এর ওয়েবসাইটে এমন কোনো তথ্যই বিনিয়োগকারীর কাছ থেকে চাওয়া হয়নি।

অন্য অনেক কাজের মতোই শেয়ার বাজারের ট্রেন্ড বিশ্লেষণ কিংবা পর্যবেক্ষণের জন্য অনেকে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুলের সাহায্য নিচ্ছেন। এসব টুলের সাহায্যে বিনিয়োগকারীরা সঠিক স্থানে সঠিক সময়ে বিনিয়োগ করতে পারেন। তবে ব্যবহারকারী আগে থেকে প্রবেশাধিকার না দিয়ে থাকলে কোনো এআই বটের সরাসরি কোনো শেয়ার বাজারে প্রবেশাধিকার নেই। কাজেই, বিদ্যমান পরিস্থিতিতে, এআই এর পক্ষে নিজে নিজে বিনিয়োগ করা এখনো সম্ভব নয়।

বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জনপ্রিয় কয়েকটি এআই বটকে শেয়ার বাজারে বিনিয়োগের অনুরোধ জানানো হয়। সবাই জানায়, আইনী বাধ্যবাধকতার কারনে তাদের পক্ষে এভাবে সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করা সম্ভব নয়। আইনী বাধার মধ্যে প্রধানতম হল-  সকল বিনিয়োগকারীর জাতীয় পরিচয়পত্র সহ বেশ কিছু তথ্য প্রদান করে তারপরে বিও একাউন্টের মাধ্যমে বিনিয়োগ শুরু করতে হয়; কিন্তু এআই এর কাছে এই সব কাগজপত্র নেই।

এছাড়া, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী,বহির্বিশ্বে কোনো ব্যবসা-বাণিজ্যের সাথে লেনদেনের জন্য দেশের বাইরে টাকা পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পূর্ব অনুমতির প্রয়োজন। এই ওয়েবসাইটে দেখা যাচ্ছে, গ্রাহকের কাছ থেকে বিকাশে টাকা গ্রহণ করা হচ্ছে, এবং সেই টাকা মার্কিন ডলারে রুপান্তর করে বিনিয়োগের দাবি করা হচ্ছে। কোনো ব্যাংকিং চ্যানেলের বাইরে এভাবে অর্থ প্রদান করলে সেটা  ‘হুন্ডি’ হিসেবে বিবেচিত হতে পারে, যা আইনের দৃষ্টিতে অবৈধ এবং শাস্তিযোগ্য।

আব্দুল্লাহ আবু সায়ীদ কি এমন সাক্ষাৎকার দিয়েছিলেন?

১৯৩৯ সালে জন্মগ্রহণ করা অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের বয়স বর্তমানে ৮৭ বছর। গণমাধ্যমে তাকে খুব কম সক্রিয় হতে দেখা যায়। দৈনিক প্রথম আলোতে  ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে সাক্ষাৎকার দিতে দেখা গিয়েছে। এই সাক্ষাৎকারে তিনি জুলাই গণ-অভ্যুত্থান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের কার্যক্রম ইত্যাদি বিষয়ে কথা বলেছেন।   ২০২৫ সালের ২২শে জুলাই প্রথম আলোর ‘ক্রাউন সিমেন্ট অভিজ্ঞতার আলো’ অনুষ্ঠানের প্রথম পর্বে এসে আরেকটি সাক্ষাৎকার দেন। এখানে মূলত তার শিক্ষা ও কর্মজীবনের কথা আলোচিত হয়েছে। কোনো অনুষ্ঠানেই  আর্থিক কোনো বিষয়ে তিনি কথা বলেননি। 

আব্দুল্লাহ আবু সায়ীদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও এমন কোনো সাক্ষাৎকার বা বিজ্ঞাপন প্রচার করা হয়নি।  

প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক ২০২৬ সালের মে মাসে একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছিলেন যে আব্দুল্লাহ আবু সায়ীদের নামে প্রচারিত এই সাক্ষাৎকারটি ভুয়া।

ফেসবুক ব্যবহারকারীরা কি ভাবছেন?

ছড়িয়ে পড়া এসব পোস্টের কমেন্ট বক্স বিশ্লেষণ করে পাঠকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের বিরুদ্ধে বিষোদগার করছেন। আবার কেউ কেউ এই প্রতারণার ব্যাপারটি ধরতে পেরে কমেন্ট বক্সে অন্যদের সচেতন করার চেষ্টা করছেন।

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত

পরিচিত একটি গণমাধ্যমের পরিচয় নকল করে একটি ওয়েবপেজ থেকে গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল্লাহ আবু সায়ীদের একটি মিথ্যা সাক্ষাৎকার এখানে ব্যবসায়িক উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। সঙ্গত কারনে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া এই লিংক এবং এ সংক্রান্ত পোস্টগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে। 

আপডেট : ১২ অক্টোবর,২০২৬

আব্দুল্লাহ আবু সায়ীদ ছাড়াও অন্য কয়েকজন মিডিয়া ব্যক্তিত্ত্ব বা আলোচিত ব্যক্তিত্ত্বকে নিয়ে অনুরূপ ফেসবুক পোস্ট এবং নিবন্ধ দেখা যাচ্ছে, এসব সেলিব্রেটির মধ্যে রয়েছে শিল্পী মুস্তাফা মনোয়ার, অভিনেত্রী রিনা খান এবং পুলিশের ডিআইজি মিজানুর রহমান।

শিল্পী মুস্তাফা মনোয়ার গত ২৯ জুন,২০২৬ তারিখে মৃত্যবরণ করেন। ছড়িয়ে পড়া এইসব লিংকের মাধ্যমে দাবি করা হচ্ছে, মৃত্যুর আগে মুস্তাফা মনোয়ার একটি সাক্ষাৎকারে একটি বিশেষ ওয়েবসাইটের কথা জানিয়েছিলেন, যে ওয়েবসাইটে টাকা বিনিয়োগ করলে গ্রাহক লাভবান হবেন। উক্ত ওয়েবসাইটে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিভিন্ন আর্থিক লাভজনক খাতে বিনিয়োগ করা হবে। এমন কয়েকটি পোস্ট ছিল এখানে, এখানে।

মুস্তাফা মনোয়ারের ছবি ব্যবহার করে প্রথম আলোর ভুয়া যে পেজটি তৈরি করা হয়েছিল, সেটির লিঙ্ক এখানে (আর্কাইভড লিঙ্ক)

অভিনেত্রী রিনা রহমান মৃত্যবরণ করেছিলেন গত ৩ আগস্ট,২০২৬ তারিখে। তাঁর ছবি এবং পরিচিতি ব্যবহার করে অনুরূপভাবে দৈনিক প্রথম আলোর আদলে আরেকটি ওয়েব পাতা দেখা যাচ্ছে, যেখানে রিনা রহমান দর্শকদেরকে বিশেষ একটি ওয়েবসাইট থেকে টাকা আয় করার পরামর্শ দিচ্ছেন। রিনা রহমানের ছবিযুক্ত প্রথম আলোর এই ভুয়া পাতাটির লিঙ্ক –এখানে (আর্কাইভড লিঙ্ক)

যে সকল ফেসবুক পোস্ট থেকে প্রথম আলোর এই ভুয়া লিংকটা ছরানো হচ্ছে, তেমন কয়েকটা পোস্ট লিঙ্ক এখানে, এখানে, এখানে।

এ বিষয়ে গত ১৫ সেপ্টেম্বর,২০২৬ তারিখে দৈনিক প্রথম আলো তাদের ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে জানায়, ‘প্রথম আলোর নামে ছড়ানো এই তথ্য ও কার্ডটি ভুয়া’।

দৈনিক প্রতিবিম্ব নামক একটা অনলাইন পোর্টালেও রিনা রহমানের এই বিশেষ সাক্ষাৎকারটি দেখা যাচ্ছে। (আর্কাইভড লিঙ্ক)

ডিআইজি মিজানুর রহমান ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালের জানুয়ারিতে তাকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয় এবং দুর্নীতি দমন কমিশন তাঁর সম্পদের হিসাব তলব করে। এই ডিআইজি মিজানের সম্পদের প্রকৃত উৎস নিয়ে অনুরূপ একটি লিঙ্ক ফেসবুকে দেখা যাচ্ছে।

এসব লিঙ্ক থেকে ঘুরে ফিরে আলোকে ধনেন্দ্র ( Aloke Dhonendra ) (আর্কাইভড লিঙ্ক) এবং রিজ গ্রো এ নেশন ( Ridge Growantion) (আর্কাইভড লিঙ্ক) নামের দুইটা ওয়েবসাইটে গ্রাহককে নিয়ে যায়। এসব ওয়েবসাইটে গ্রাহককে কয়েকশো ডলার বিনিয়োগের জন্য প্রলুব্ধ করা হয়। এই নিবন্ধের শুরুতে উল্লেখিত কোয়ান্টাম এ আই এবং টাকা ভেনটিক্স এর কার্যক্রমের সাথে এই সাইটের কার্যক্রমেও হুবহু মিল পাওয়া যাচ্ছে।

Claim:
বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আবু সায়ীদের ছবিকে থাম্বনেইল হিসেবে ব্যবহার করে একটি লিংক ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এটা দেখে মনে হচ্ছে, আব্দুল্লাহ আবু সায়ীদকে গ্রেফতার করা হয়েছে। তবে লিংকের বিস্তারিত অংশে দাবি করা হচ্ছে, আব্দুল্লাহ আবু সায়ীদ একটি নতুন প্লাটফর্মের বিজ্ঞাপন দিচ্ছেন। সেখানে বলা হচ্ছে যে, কৃত্রিম বুদ্ধিমত্তা গ্রাহকের হয়ে বিভিন্ন শেয়ারবাজারে বিনিয়োগ করতে পারবে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh