সম্প্রতি মসজিদের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার একটি ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, রংপুরে রথযাত্রার সময় ইসকন সদস্যরা মসজিদের সামনে এসব অস্ত্র প্রদর্শন করেছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি রথযাত্রার নয়। এটি পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত তাজিয়া মিছিলের ভিডিও, যা গত ২৬ জুন থেকে ফেসবুকে পাওয়া যায়। অপরদিকে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে ১৬ জুলাই। অর্থাৎ, রথযাত্রার আগে থেকেই ভিডিওটি ইন্টারনেটে পাওয়া যায়। আবার এই দাবিতে প্রচারিত ছবিটি মূলত ভিডিওটি থেকে স্ক্রিনশট নিয়ে এআই দিয়ে এডিট করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে MAHIN (আর্কাইভ) নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পাওয়া যায়। গত ২৬ জুন এখানে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, এটি রংপুরের আলমনগর এলাকায় ধারণ করা। পোস্টকারী তাজিয়া মিছিল ঘুরতে বেরিয়ে ভিডিওটি করেন।
১৬ সেকেন্ডের এই ভিডিওটির সঙ্গে ফেসবুকে রংপুরে ইসকন সদস্যদের মসজিদের সামনে অস্ত্র প্রদর্শনের দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে।
জিওলোকেশন অনুসন্ধানে দেখা যায়, ২৬ জুন আপলোড করা ভিডিওটি ধারণ করা হয়েছে হযরত শেখ মাহমুদ বাসিন (রা.) ঘোড়াপীর মাজারের সামনে। এই মাজার সংলগ্ন একটি মসজিদও রয়েছে।
এই স্থানে একই দিনে তাজিয়া মিছিল উপলক্ষে শারীরিক কসরত দেখানোর আরও একটি ভিডিও খোঁজে পায় ফ্যাক্টওয়াচ টিম। ভিডিওটি দেখুন এখানে।
অর্থাৎ ভিডিওটি রথযাত্রা শুরুর আগে থেকেই ইন্টারনেটে পাওয়া যায়।
ছবি যাচাই:
এই দাবিতে প্রচারিত ছবিটি বিশ্লেষণে দেখা যায়, মাহিন নামের অ্যাকাউন্টে যে ভিডিওটি পাওয়া যায় এর সঙ্গে এই ছবির বেশ মিল রয়েছে। এই মিলের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেয়ালের গঠন (ছবির লাল রঙে চিহ্নিত অংশটি দেখুন)। অর্থাৎ, ছবিটিও একই ভিডিও থেকে নেওয়া।
তবে এই ছবিতে মসজিদ শব্দটি ওপরে লেখা। এ ছাড়াও ছবিটিতে কিছু অসংগতি নজরে পড়ে। যেমন, ভিডিওতে একটি বিশেষ দেশীয় অস্ত্র দেখা গেলেও ছবিটিতে সেখানে কাঠের তৈরি কিছু একটা দেখা যাচ্ছে (ছবির হলুদ চিহ্নিত অংশটি দেখুন)।
এসব অসঙ্গতির কারণে ছবিটি এআই দিয়ে এডিট করা হয়েছে কিনা সেটি যাচাই করে দেখা হয়। যাচাইয়ে অন্তত তিনটি টুল ছবিটি এআই জেনারেটেড বলে জানিয়েছে।
অর্থাৎ, রংপুরে মসজিদের সামনে রথযাত্রায় ইসকনের সশস্ত্র মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি মুসলিম সম্প্রদায়ের তাজিয়া মিছিলের। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: সম্প্রতি মসজিদের সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়ার একটি ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, রংপুরে রথযাত্রার সময় ইসকন সদস্যরা মসজিদের সামনে এসব অস্ত্র প্রদর্শন করেছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh