ব্রাজিলের সাবেক ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন- এমন একটি সংবাদ সামাজিক মাধ্যমে এবং মূলধারার গণমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। তবে রবার্তো কার্লোস সৌদি আরব ভিত্তিক সংবাদমাধ্যম ‘ওকাজ’ কে জানিয়েছেন, তিনি ইসলাম গ্রহণ করেননি। প্রচারিত খবরগুলো সম্পূর্ণ গুজব। সম্প্রতি তিনি একজন মুসলিম নারীকে বিয়ে করার পরে এই গুজবের সূত্রপাত হয়েছিল, তবে বিয়ের পরে তিনি ধর্ম পরিবর্তন করেননি।
স্পোর্টস ভ্লগস নামক পেজ থেকে এই পোস্টে জানানো হয়েছে, ‘ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস। ইসলামকে সবসময়ই ভালোবেসেছেন এই সাবেক তারকা ফুটবলার। ব্রাজিলে তাঁর অনেক আত্মীয় এই সিদ্ধান্তে খুশি না হলেও নিজের জীবন ও সিদ্ধান্তের ক্ষেত্রে সেটিকে কোনো বাধা হিসেবে দেখছেন না কার্লোস। ইসলাম গ্রহণকে সম্পূর্ণ নিজের পছন্দ ও ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই নিয়েছেন তিনি’।
আরটিভির ভেরিফায়েড পেজ থেকে প্রকাশিত এই ফটোকার্ডে জানানো হয়েছে, ইসলামের ছায়াতলে ব্রাজিল কিংবদন্তী রবার্তো কার্লোস।
সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম ওকাজে ১৯ আগস্ট প্রকাশিত একটি সংবাদ থেকে জানা যাচ্ছে, ফুটবলার রবার্তো কার্লোস ওকাজকে একটি ‘এক্সক্লুসিভ বিবৃতি’ পাঠিয়েছেন। এই বিবৃতিতে কার্লোস বলেছেন, “ইসলামের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। আমার স্ত্রীকে নামাজ পড়তে দেখা সত্যিই চমৎকার লাগে। তবে আমি ইসলাম গ্রহণ করেছি—এমন যে গুজব ছড়িয়েছে, তা সত্য নয়।”
কার্লোসের নামে এই গুঞ্জনটা শুরু হয়েছিল ৩ সপ্তাহ আগে, যখন তিনি মরক্কোর নাগরিক এবং পেশাদার ফুটবল এজেন্ট সোহাইল এল তাহিরিকে কয়েক সপ্তাহ আগে বিয়ে করেছিলেন। ছড়িয়ে পড়া কিছু ছবিতে মুসলিম রীতিতে তাদেরকে বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে দেখা যাওয়ার কারণে এই গুঞ্জন জোরালো হয়।
এ ব্যাপারে ওকাজকে কার্লোস ব্যাখ্যা করেন যে, তাদের বিয়েতে একাধিক অনুষ্ঠান হয়েছিল। তিনি বলেন, তার (কার্লোসের) পরিবারের ক্যাথলিক সদস্যদের বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন ছিল। পাশাপাশি, তার স্ত্রী ও তার মুসলিম বন্ধুদের বিশ্বাস ও রীতিনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল।
ওকাজকে পাঠানো এই বিবৃতির ভিত্তিতে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানাচ্ছে, কার্লোসের ইসলাম গ্রহণের দাবিটি ভুল। এসব সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে- সৌদি গেজেট,গোল ডট কম ইত্যাদি।
ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু ছবিতে রবার্তো কার্লোসকে মাথায় একটি টুপি পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। (যেমন, এখানে, এখানে, এখানে)।
তবে একাধিক এআই শনাক্তকারী টুল ব্যবহার করে দেখা যাচ্ছে, টুপি পরিহিত এই ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এ আই) ব্যবহার করে তৈরি করার সম্ভাবনা রয়েছে। ব্যবহৃত এসব টুলসের মধ্যে ছিল- থিভ ডট এ আই (thieve.ai), জিরোজিপিটি ডট কম, সাইট ইঞ্জিন, ডিপ এ আই ইত্যাদি ।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এই দাবিযুক্ত সকল ফেসবুক পোস্টকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।
Claim: ব্রাজিলের সাবেক ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম গ্রহণ করেছেন
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh