সম্প্রতি ফেসবুকে রুমিন ফারহানার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে তাকে উদ্ধৃত করে বলা হচ্ছে, "সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ, এটাই তারেক রহমানের নির্বাচন"। আরও দাবি করা হয়, এই বক্তব্যটি তিনি দেশের বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থার আসল চিত্র তুলে ধরার উদ্দেশ্যে দিয়েছিলেন। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে, জাতীয় সংসদ অধিবেশনে রুমিন ফারহানার একটি বক্তব্যের খণ্ডিত অংশ এটি। তার মূল বক্তব্যে এই শব্দগুলো তিনি ব্যবহার করেছেন ঠিকই কিন্তু তার ভাবার্থ ছিল সম্পূর্ণ ভিন্ন।
আলোচিত ভিডিওটির মূল উৎস খুঁজে পেতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে সার্চ করা হলে ‘GTV‘-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে জাতীয় সংসদের একটি পূর্ণাঙ্গ ভিডিও পাওয়া যায়। চলতি বছরের ১ এপ্রিল আপলোড করা এই ভিডিওটি ছিল জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষষ্ঠ দিনের কার্যক্রম।
ভিডিওটির ২ ঘণ্টা ২৩ মিনিট ৭ সেকেন্ড থেকে ২ ঘণ্টা ২৫ মিনিট পর্যন্ত অংশে রুমিন ফারহানার মূল বক্তব্যটি রয়েছে। সেখানে দেখা যায়, স্পিকারের অনুমতি নিয়ে বক্তব্য দেওয়ার সময় তিনি বিগত আওয়ামীলীগ সরকারের দীর্ঘ সময়ের নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করছিলেন।
উল্লেখ্য, রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন, “দীর্ঘদিন পর্যন্ত এই দেশে কোন নির্বাচন হয় নাই। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই। জাতীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে নির্বাচন পর্যন্ত প্রত্যেকটি নির্বাচন ছিল কারচুপি পূর্ণ। সে কারণে আমি একবার সংসদে আমি মজা করে বলেছিলাম— সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ, এর নাম বাংলাদেশের নির্বাচন।”
অর্থাৎ, এটা স্পষ্ট যে, তিনি এই উক্তিটি বর্তমান প্রেক্ষাপটে বা তারেক রহমানকে নিয়ে দেননি। বরং তিনি বিগত আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনী ব্যবস্থার সমালোচনা করতে গিয়ে অতীতে তার দেওয়া একটি পুরোনো বক্তব্যের স্মৃতিচারণ করছিলেন। তার এই বক্তব্য থেকে কেবল ‘সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ।’- এই অংশটুকু সম্পুর্ন ভিন্ন অর্থ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ভাইরাল পোস্টগুলোতে ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ বক্তব্যের মূলভাব ছিলো ভিন্ন।
সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির উপর ভিত্তি করে করা দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে।
Claim: সম্প্রতি ফেসবুকে রুমিন ফারহানার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ক্যাপশনে তাকে উদ্ধৃত করে বলা হচ্ছে, "সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে ছিল জনগণ, এটাই তারেক রহমানের নির্বাচন"।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh