সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে যে, সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জামিনে কারামুক্ত হয়েছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, তিনি এখনও কারামুক্ত হননি। বাস্তবে একটি জামিনযোগ্য মামলায় তিনি জামিন পেলেও তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় তিনি বর্তমানে কারাগারেই বন্দি রয়েছেন।
সালমান এফ রহমান কারামুক্ত হয়েছেন কি না এ ব্যাপারে জানার জন্য প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে সার্চ করা হয়। কিন্তু কোনো নির্ভরযোগ্য মূলধারার সংবাদমাধ্যম বা আইনি সূত্রে তার সম্পূর্ণ কারামুক্তির খবরের কোনো ভিত্তি বা সত্যতা পাওয়া যায়নি।
মূলত সালমান এফ রহমানের জামিন পাওয়ার খবরটি ছিল কেবল একটি নির্দিষ্ট মামলার বিষয়ে। মামলাটি ছিল বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের (বিআইএফএফএল) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম ফরমানুল ইসলামকে মারধর, প্রাণনাশের হুমকি ও জোরপূর্বক পদত্যাগে বাধ্য করা সম্পর্কিত। চলতি বছরের ২৪ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই মামলায় তার জামিন মঞ্জুর করেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (PBI) যে ধারায় অভিযোগপত্র দিয়েছিল, তার অধিকাংশ ধারাই ছিল জামিনযোগ্য। ফলে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে বিচারক কেবল ওই মামলায় তার জামিন আবেদন মঞ্জুর করেন। অর্থাৎ এই ঘটনা যা সম্পূর্ণ কারামুক্তি বোঝায় না।
বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, একজন অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মামলা থাকলে এবং তিনি তার কোনো একটি মামলায় জামিন পেলেও কারাগার থেকে মুক্তি পেতে পারেন না। কারামুক্তির জন্য তার বিরুদ্ধে থাকা প্রতিটি মামলায় জামিন পেতে হয়।
সালমান এফ রহমানের ক্ষেত্রে কেবল ছোট বা জামিনযোগ্য ধারার মামলায় জামিন হয়েছে। কিন্তু তার বিরুদ্ধে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ের একাধিক হত্যা মামলা, সন্ত্রাসবিরোধী আইনের মামলা এবং দুর্নীতি দমন কমিশনের আর্থিক কেলেঙ্কারির মামলায় জামিন না থাকায় তার কারামুক্তির কোনো সুযোগ তৈরি হয়নি।
সাম্প্রতিক মূলধারার নির্ভরযোগ্য গণমাধ্যমের প্রতিবেদনগুলো থেকেও নিশ্চিত হওয়া যায় যে তিনি এখনো বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। উদাহরণস্বরূপ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (TBS)-এ প্রকাশিত বেক্সিমকো গ্রুপের বর্তমান আর্থিক সংকট সংক্রান্ত এক রিপোর্টেও তার কারাবন্দী থাকার বিষয়টি উল্লেখ রয়েছে।
অর্থাৎ, ২০২৪ সালের ১৩ আগস্ট গ্রেপ্তারের পর থেকে তিনি এখনও পর্যন্ত কারাগারেই বন্দি রয়েছেন। তাই ফেসবুকে দাবিকৃত এই ক্যাপশনটি মিথ্যা।
Claim: আলহামদুলিল্লাহ জামিনে কারামুক্ত হলেন সালমান এফ রহমান।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh