ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে, 'ধানমন্ডি ৩২' এর ছবি আপলোড দিয়ে ইসরায়েল দাবি করেছে ইরানের হামলায় হাইফা শহর ধ্বংস হয়ে গেছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পোস্ট এডিট করে তৈরি সার্কাজমকে বাস্তব দাবিতে শেয়ার করা হচ্ছে।
ফেসবুকে এই দাবিতে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে।
ইনস্টাগ্রামে দেশীয় মিডিয়া ঢাকা ট্রিবিউনের একটি পোস্ট দেখুন এখানে।
বিভ্রান্তির সূত্রপাত
দাবিটি নিয়ে অনুসন্ধানে রিউমর স্ক্যামার (Rumour Scammer) নামে একটি ফেসবুক পেজে মূল ফটোকার্ডটি পাওয়া যায়। গতকাল শনিবার (১৮ এপ্রিল) এখানে পোস্টটি দেওয়া হয়। এটির ক্যাপশনে ডিসক্লেইমার হিসেবে উল্লেখ করা, “এই পোস্টটি ব্যঙ্গাত্মক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। এটি যাচাইকৃত তথ্যের উপর ভিত্তি করে নয়। বাস্তব ঘটনা বা ব্যক্তির সঙ্গে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়।”
রিউমর স্ক্যামার নামের এই পেজটি ঘুরেও দেখা যায়, তারা বিভিন্ন ইস্যুতে প্যারোডি বা ব্যঙ্গাত্মক পোস্ট করে থাকে। পেজটির একটি ওয়েবসাইটও পাওয়া যায়। সেখানেও উল্লেখ করা হয়েছে, ”এটি একটি ব্যঙ্গধর্মী প্ল্যাটফর্ম, যা কাল্পনিক ও হাস্যরসাত্মক খবর তৈরি করে। সব কনটেন্ট শুধুমাত্র বিনোদনের জন্য এবং এগুলোকে সিরিয়াসভাবে নেওয়া উচিত নয়।”
অর্থাৎ, ‘ধানমন্ডি ৩২’ এর ছবি আপলোড দিয়ে ইসরায়েল দাবি করেছে ইরানের হামলায় হাইফা শহর ধ্বংস হয়ে গেছে- এটি একটি স্যাটায়ার পেজের কনটেন্ট।
আবার কিছু পোস্টে এটি বাংলাদেশি ফ্যাক্টচেকিং প্ল্যাটফর্ম রিউমর স্ক্যানারকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু প্ল্যাটফর্মটির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খুঁজে এমন কোনো পোস্ট পাওয়া যায়নি। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে কর্মরত দুজন ফ্যাক্টওয়াচকে জানিয়েছেন, সার্কাজম পেইজের কনটেন্টকে তাদের সূত্রে প্রচার করা হচ্ছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূল পোস্টে যা ছিল
রিউমর স্ক্যামারের ফেসবুক পোস্ট সূত্রে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে গত ৬ এপ্রিলে করা একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটিতে ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়ির কোনো ছবি ছিল না। এটির এডিট হিস্ট্রি চেক করেও দেখা যায়, পোস্টটি থেকে কোনো ছবি সরানো হয়নি। পোস্টে সংযুক্ত বাড়িটির সঙ্গেও ধানমন্ডি ৩২ নাম্বারের বাড়িটির কোনো মিল পাওয়া যায়নি।
এসব ফলাফলের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ ইসরায়েলের ‘ধানমন্ডি ৩২’ এর ছবি আপলোড দিয়ে ইরানের হামলায় হাইফা শহর ধ্বংস হয়ে যাওয়ার দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: ফেসবুকে একটি ফটোকার্ড শেয়ার করে দাবি করা হচ্ছে, 'ধানমন্ডি ৩২' এর ছবি আপলোড দিয়ে ইসরায়েল দাবি করেছে ইরানের হামলায় হাইফা শহর ধ্বংস হয়ে গেছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh