আগামী ২০২৬ সালে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য ঘোষিত ছুটির তালিকা থেকে শহীদ দিবস (একুশে ফেব্রুয়ারি), মে দিবস (পহেলা মে) সহ বেশ কিছু জাতীয় ও ধর্মীয় দিবসকে বাদ দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়েছে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক প্রজ্ঞাপনে এমন কোনো বার্তা দেখা যাচ্ছেনা। প্রকৃতপক্ষে,২০২৬ সালে কিছু বিশেষ দিবস পড়েছে শুক্র ও শনিবারে, যেগুলো সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় আলাদাভাবে ছুটির দিন হিসাব করা হয়নি।
‘দৈনিক আজকের কণ্ঠ’ ফেসবুক পেজ থেকে প্রকাশিত এই পোস্টে বলা হয়েছে, “একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে পালিত মে দিবস এবং সরস্বতী (হিন্দু সম্প্রদায়ের বিশ্বাসমতে জ্ঞান ও বিদ্যার দেবী) পূজার ছুটি বাতিল করে আসন্ন ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় দেশের মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের জন্য ছুটির এই তালিকা প্রকাশ করেছে।……।প্রজ্ঞাপন অনুযায়ী, আসছে ২০২৬ সালে শবে মিরাজ, জন্মাষ্টমী, আশুরাসহ বেশ কয়েকটি ধর্মীয় ও জাতীয় দিবসেও আর বিদ্যালয় বন্ধ থাকবে না……২০২৬ সালের জন্য প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী একুশে ফেব্রুয়ারি (শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), মে দিবস, শবে মিরাজ, সরস্বতী পূজা, বুদ্ধ পূর্ণিমা, আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়ার মতো গুরুত্বপূর্ণ দিবসগুলোতে আর বিদ্যালয় বন্ধ থাকবে না।” (বানান অপরিবর্তিত রাখা হয়েছে)
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে মাধ্যমিক বা নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ছুটির তালিকার প্রজ্ঞাপনটি দেখা যাচ্ছে না। তবে সংশ্লিষ্ট প্রজ্ঞাপনটি অনেক সংবাদমাধ্যম সম্পূর্ণটাই তুলে দিয়েছে। যেমন- বার্তা সংস্থা ইউএনবির বরাত দিয়ে এনটিভির প্রকাশিত প্রতিবেদনে এই প্রজ্ঞাপনটি দেখা যাচ্ছে। অনুরূপভাবে, ডেইলি ক্যাম্পাস ,দৈনিক শিক্ষা,শিক্ষাবার্তা ইত্যাদি পোর্টালেও এই প্রজ্ঞাপনটি দেখা যাচ্ছে।
‘’সরকারি/বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা’’-এই কি-ওয়ার্ড সার্চ করার পরে ‘SIB Web Portal’ শীর্ষক একটি পোর্টাল পাওয়া যাচ্ছে, যেখানে ৪ দিন পূর্বে উক্ত প্রজ্ঞাপনটি আপলোড করা হয়েছিল।
উপসচিব সাবিনা ইয়াসমিনের স্বাক্ষর করা এই ছুটির তালিকা থেকে দেখা যাচ্ছে, শব ই মিরাজ, সরস্বতী পূজা, শহিদ দিবস, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, আশুরা, জন্মাষ্টমী,মহালয়া ইত্যাদি দিনগুলিকে যথাযথভাবেই ছুটির দিন হিসেবে চিহ্নিত করা হয়েছিল। তবে উক্ত দিনগুলি সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র বা শনি) পড়ায় সেগুলার ক্ষেত্রে ছুটির দিন সংখ্যা=০ দেখানো হয়েছে।
যেমন, সরস্বতী পূজা (২৩ জানুয়ারি), মে দিবস (১ মে), আশুরা (২৬ জুন), জন্মাষ্টমী (৪ সেপ্টেম্বর), ইত্যাদি ছুটির দিনগুলি পড়েছে শুক্রবার। আর শব-ই-মিরাজ (১০ জানুয়ারি), শহিদ দিবস (২১ ফেব্রুয়ারি), মধু পূর্ণিমা (২৬ সেপ্টেম্বর), মহালয়া (১০ অক্টোবর) ইত্যাদি দিনগুলি পড়েছে শনিবার। এদের বাইরে অন্যান্য যেসব ছুটির দিন রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে পড়েছে (যেমন বাংলা নববর্ষ, শবে বরাত,ইস্টার সানডে ইত্যাদি), তাদের ছুটির দিনের সংখ্যা যথাযথভাবেই ১ বা একাধিক সংখ্যা হিসেবে দেখানো হয়েছে।
যেহেতু গ্রেগরিয়ান বর্ষপঞ্জিতে প্রতিবছরেই দিনগুলি বারের তুলনায় একদিন বা দুইদিন পিছিয়ে যায়, তাই প্রতিবছরই কয়েকটি সরকারি ছুটি এভাবে শুক্রবার বা শনিবারে পড়ে শূন্য হয়ে যায়। উদাহরণস্বরূপ ২০২৫ সালেও শহিদ দিবস (২১ ফেব্রুয়ারি) এবং ঈদ-এ-মিলাদুন্নবী (৫ সেপ্টেম্বর) শুক্রবারে পড়েছিল, এবং এর জন্য বাড়তি ছুটি পাওয়া যায়নি। ২০২৪ সালে শব-ই-মিরাজ (৯ফেব্রুয়ারি) ও মাঘী পূর্ণিমা (২৩ ফেব্রুয়ারি) পড়েছিল শুক্রবারে । আবার ২০১৮ সালে বাংলা নববর্ষ পড়েছিল শনিবারে এবং আশুরা পড়েছিল শুক্রবারে । যার ফলে এসব দিনের জন্য বাড়তি ছুটি পাওয়া যায়নি। বছর পরিক্রমায় ,পরবর্তী বছরে এই দিবসগুলি পর্যায়ক্রমে রবি,সোম বা সপ্তাহের অন্য দিনে পড়বে। আবার এ বছর যে দিবসগুলি কাজের দিনের মধ্যে পড়েছে( রবি-বৃহস্পতি), সেগুলোও কয়েক বছর পরে শুক্র-শনিবারে চলে আসবে। এভাবেই প্রতিবছর ছুটির তালিকাতে সামান্য পরিবর্তন ঘটে।
তারই ধারাবাহিকতায় ২০২৬ সালে কয়েকটি জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবের দিনে শুক্র/শনিবার পড়ায় আলাদা ছুটির দিন পাওয়া যাচ্ছে না। তবে সরকার কোনোভাবেই শহিদ দিবস বা মে দিবসের ছুটি বাতিল করেনি। প্রজ্ঞাপনের কোথাও এমন কোনো বার্তা দেওয়া হয়নি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর উপ-সচিব সাবিনা ইয়াসমিন এর স্বাক্ষরযুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের ছুটির তালিকার প্রজ্ঞাপনে কয়েকটি অংশ রয়েছে। প্রথমে মূল তালিকায় শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৩০টা ছুটি তালিকাভুক্ত করা হয়েছে। এর পরে পৃথকভাবে পরীক্ষার সময়সূচির তালিকা দেওয়া হয়েছে। এরপরে আলাদাভাবে ৯টি ব্যাখ্যামূলক পয়েন্ট যুক্ত করা হয়েছে ।এদের মধ্যে ৯ম পয়েন্ট উল্লেখ করা হয়েছে,জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবসসমূহ যেমন ২১ ফেব্রুয়ারি,২৬ মার্চ,বাংলা নববর্ষ ও ১৬ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপন করতে হবে।
দেখা যাচ্ছে,এসব পয়েন্টের মধ্যে কোথাও নতুনভাবে শহিদ দিবস বা মে দিবসের ছুটি বাতিলের কোনো তথ্য উল্লেখ করা হয়নি,বরং শহিদ দিবস(২১ ফেব্রুয়ারি) যথাযোগ্য মর্যাদায় বিদ্যালয়ে উদযাপনের আদেশ দেওয়া হয়েছে।
কিন্তু সাম্প্রতিক সময়ে শহিদ দিবস কিংবা মে দিবস এর ছুটি বাতিলের মতো কোনো সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের সভা থেকে বা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাওয়া যায়নি।
এছাড়া,মানবকণ্ঠের প্রতিবেদনে দাবি করা হয়েছে- ‘২০২৬ সালের জন্য প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী একুশে ফেব্রুয়ারি (শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস), মে দিবস, শবে মিরাজ, সরস্বতী পূজা, বুদ্ধ পূর্ণিমা, আশুরা, শুভ জন্মাষ্টমী, মধু পূর্ণিমা ও শুভ মহালয়ার মতো গুরুত্বপূর্ণ দিবসগুলোতে আর বিদ্যালয় বন্ধ থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে, উক্ত দিনগুলি শুক্র বা শনিবারে পড়ায় সেদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। অর্থাৎ মানবকণ্ঠের এই দাবিটিও ভুল।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।
Claim: আগামী ২০২৬ সালে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জন্য ঘোষিত ছুটির তালিকা থেকে শহীদ দিবস (একুশে ফেব্রুয়ারি), মে দিবস (পহেলা মে) সহ বেশ কিছু জাতীয় ও ধর্মীয় দিবসকে বাদ দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমে একটি দাবি ছড়িয়ে পড়েছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh