সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দুইটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে শফিকুল আলম গতকাল ১৩ ফেব্রুয়ারি দেশ ছেড়ে চলে গেছেন। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে যে তিনি এখন পর্যন্ত বাংলাদেশেই আছেন এবং প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। উক্ত ছবিগুলোও আসল নয় বরং এআই দিয়ে তৈরি।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল দেশ ছেড়ে চলে গেছেন কি না এ ব্যাপারে জানার জন্য শুরুতেই প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে সার্চ করা হয়। এর ফলে যুগান্তরের ওয়েবসাইটে আজ ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত একটি রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টটি মূলত ১৪ ফেব্রুয়ারি সকালে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শফিকুল আলমের দেওয়া বক্তব্য সম্পর্কিত। সেখানে তিনি বলেছিলেন যে নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যের শপথ আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে পারে। চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেলেও এই সংবাদ সম্মেলনের ভিডিও পাওয়া যায়। এর মাধ্যমে এটুকু নিশ্চিত হওয়া যায় যে, শফিকুল আলম গতকাল দেশ ছেড়ে চলে যাননি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডে সাইনবোর্ড এবং মানুষের উপস্থিতি দেখে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকার মিল পাওয়া যায়। সেখানে শফিকুল আলমকে বিমানবন্দরের ট্রলি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ছবিগুলো দিয়ে রিভার্স ইমেজ সার্চ করে এগুলোর পূর্ব সংস্করণের ছবি পাওয়া যায়। সমকালের ওয়েবসাইটে ২০২৫ সালের ৮ মে প্রকাশিত একটি রিপোর্টে ব্যাকগ্রাউন্ডে বিমানবন্দরের আসল ছবিটি পাওয়া যায়। পাশাপাশি, ২০২৫ সালের ১৪ জুন সময় নিউজের ওয়েবসাইটে শফিকুল আলমের একটি ছবি পাওয়া যায়। সেই ছবিতে থাকা শফিকুল আলমের পোশাক এবং চেহারার অভিব্যক্তির সাথে ভাইরাল ছবির হুবহু মিল পাওয়া যায়। এর কিছু নমুনা নিম্নরূপঃ
অন্যদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিগুলো খেয়াল করলে কিছু ভিজ্যুয়াল ত্রুটি দেখতে পাওয়া যাবে। সেই ত্রুটিগুলো সাধারণত এআই নির্মিত কন্টেন্টে দেখা যায়। এর কিছু নমুনা নিম্নরূপঃ
১- ট্রলির হ্যান্ডেল এবং হাতের সংযোগস্থলটি খুব বেশি ব্লার। তাছাড়া হাত ট্রলির হ্যান্ডেলের সাথে স্বাভাবিকভাবে নেই।
২- ব্যাকগ্রাউন্ডের তুলনায় তার চেহারার অংশটি অনেক বেশি শার্প।
এই অসঙ্গতিগুলো বিবেচনা করে ফেসবুক থেকে এসব ছবি নিয়ে এআই ডিটেকশন টুল ‘ZeroGpt’ এবং ‘ Hive Moderation’ দিয়ে যাচাই করা হয়। টুলগুলো বিভিন্ন মডেলের সাহায্যে বিশ্লেষণ করে জানায়, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি।
তাই সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ এইসকল পোস্টগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করেছে।
Claim: সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দুইটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে শফিকুল আলম গতকাল ১৩ ফেব্রুয়ারি দেশ ছেড়ে চলে গেছেন।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh