দিল্লিতে চলমান আন্দোলনে শাহরুখ খানের সংহতির দাবিতে পুরোনো ভিডিও প্রচার

66
দিল্লিতে চলমান আন্দোলনে শাহরুখ খানের সংহতির দাবিতে পুরোনো ভিডিও প্রচার
দিল্লিতে চলমান আন্দোলনে শাহরুখ খানের সংহতির দাবিতে পুরোনো ভিডিও প্রচার

ভারতের দিল্লিতে প্রশ্নপত্র ফাঁস, শিক্ষাব্যবস্থার অনিয়ম ও তীব্র বেকারত্বের বিরুদ্ধে শিক্ষার্থীরা বর্তমানে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছে। এই আবহে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি চলমান আন্দোলনের নয়। এটি ২০২৩ সালের মুম্বাইয়ের এক ধর্মীয় অনুষ্ঠানে তার যোগদানের একটি পুরোনো ভিডিও।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ

আলোচিত ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য ভিডিওর বিভিন্ন কি-ফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে এনডিটিভি (NDTV)-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটির একটি বর্ধিত সংস্করণ পাওয়া যায়। ২০২৩ সালের ২১ সেপ্টেম্বর আপলোডকৃত ভিডিওটি থেকে জানা যায়, এটি শাহরুখ খান তার ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে ভিড় ঠেলে মুম্বাইয়ের লালবাগচা রাজা (Lalbaugcha Raja) গণেশ পূজা মণ্ডপে প্রার্থনা করতে যাওয়ার দৃশ্য।

এবিপি লাইভ (ABP Live) এবং নিউজ১৮ (News18)-এ প্রকাশিত ছবি ও প্রতিবেদন থেকেও একই ঘটনার সত্যতা মেলে। ২০২৩ সালের সেপ্টেম্বরে ‘জওয়ান’ সিনেমার বিশাল সাফল্যের পর গণেশ উৎসব উদযাপনের অংশ হিসেবে শাহরুখ খান কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুম্বাইয়ের প্যারেলে অবস্থিত ‘লালবাগচা রাজা’ মণ্ডপে পৌঁছান। সেখানে তিনি ছোট ছেলে আব্রাম খান ও ম্যানেজার পূজা দাদলানিকে নিয়ে গণপতির দর্শন করেন, নারকেল ও মিষ্টি নিবেদন করেন এবং পুরোহিতের কাছ থেকে কপালে তিলক নেন।

অন্যদিকে, শাহরুখ খান দিল্লিতে চলমান আন্দোলন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেছেন বা শিক্ষার্থীদের আন্দোলনে সশরীরে যোগ দিয়েছেন-এমন দাবির সমর্থনে কোনো নির্ভরযোগ্য তথ্য খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ, ভিন্ন ঘটনার ভিডিওর প্রেক্ষাপট পরিবর্তন করে শাহরুখ খানের ছাত্র আন্দোলনে সংহতি জানানোর ভুয়া দাবি ছড়ানো হচ্ছে। 

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে ‘মিথ্যা’ হিসেবে সাব্যস্ত করেছে। 

Claim:
ভারতে ছাত্রদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করলেন বলিউড কিং শাহরুখ খান

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh