শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ নেতাদের দেখা করার দাবিতে পাকিস্তানের ভিডিও প্রচার 

154
শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ নেতাদের দেখা করার দাবিতে পাকিস্তানের ভিডিও প্রচার 
শেখ হাসিনার সাথে আওয়ামী লীগ নেতাদের দেখা করার দাবিতে পাকিস্তানের ভিডিও প্রচার 

শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় দিল্লি পৌঁছেছেন দাবিতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটা ২০২৪ সালের ১৩ আগস্ট অলিম্পিক স্বর্ণপদক জয়ী আরশাদ নাদিমের সাথে পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজের দেখা করতে যাওয়ার ভিডিও। সুতরাং, ফ্যাক্টওয়াচের বিবেচনায় ভাইরাল পোস্টগুলো মিথ্যা।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির উৎস খুঁজে পাওয়ার জন্য শুরুতেই রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে পাকিস্তানি সংবাদপত্র Dawn এর ফেসবুক পেজে আলোচিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি সেখানে ২০২৪ সালের ১৩ আগস্ট আপলোড করা হয়েছিল। ক্যাপশনে উল্লেখ করা হয়, “মঙ্গলবার (২০২৪ সালের ১৩ আগস্ট) পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী আরশাদ নাদিমকে শুভেচ্ছা জানাতে হেলিকপ্টারে করে মিয়াঁ চান্নু (Mian Channu) শহরে পৌঁছেছেন।” (অনুবাদিত)

ARY News এর ফেসবুক পেজেও এই একই ভিডিও খুঁজে পাওয়া যায়। 

উল্লেখ্য, আরশাদ নাদিম প্যারিস অলিম্পিক ২০২৪-এ পুরুষদের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় পাকিস্তানের হয়ে প্রথম ব্যক্তিগত স্বর্ণপদক জেতেন। এই কৃতিত্বের জন্য তাকে পুরস্কৃত করতে পাকিস্তানের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ হেলিকপ্টারে করে মিয়াঁ চান্নু (Mian Channu) শহরে নামেন। এরপরে মুখ্যমন্ত্রীর গাড়িবহর নিয়ে আরশাদ নাদিমের বাড়িতে পৌঁছান। মুখ্যমন্ত্রী তাকে ১০০ মিলিয়ন পাকিস্তানি রূপির চেক এবং একটি গাড়ি উপহার দেন। এছাড়াও, তিনি তার গ্রামে যাওয়ার রাস্তা, একটি হাসপাতাল এবং মিয়াঁ চান্নুতে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।

অন্যদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টে দাবি করা হয় “শেখ হাসিনা ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় দিল্লিতে গাড়িবহর নিয়ে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শেখ তন্ময়, বাহারউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, শেখ সেলিম সহ আওয়ামী লীগের কয়েকজন রাজনৈতিক নেতার সাথে দেখা করতে যান”। কিন্তু, নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে এ ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি।    

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে মিথ্যা হিসেবে চিহ্নিত করেছে। 

Claim:
শেখ হাসিনা আওয়ামী লীগের নেতাদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করতে ভারত সরকারের সর্বোচ্চ নিরাপত্তায় দিল্লি পৌঁছেছেন দাবিতে ফেসবুকে একটি ভিডিও শেয়ার করা হচ্ছে।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh