ফেসবুকে সম্প্রতি একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মুক্তিযোদ্ধার পা ছুঁয়ে সালাম করছেন। ফ্যাক্টওয়াচের বিশ্লেষণে ছবিটিতে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় ছবিটি বাস্তব নয়, এআই দিয়ে তৈরি।
রিভার্স ইমেজ সার্চে কোনো নির্ভরযোগ্য সূত্রে ছবিটির সত্যতা পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চেও দেশের কোনো সংবাদমাধ্যমে এ ধরনের কোনো সংবাদ বা প্রতিবেদন পাওয়া যায়নি।
পরে ছবিটি বিশ্লেষণ করে এতে বেশ কিছু অসঙ্গতি পাওয়া যায়। যেমন, এতে দেখা যায়, শেখ হাসিনা ঝুঁকে এক ব্যক্তির পা ছুঁয়েছেন। ওই ব্যক্তি একটি চেয়ারে আছেন।
মঞ্চের ব্যানারে লেখা, “বিজয়ের সুবর্ণ জয়ন্তী ও বীর মুক্তিযেদ্ধাদের সংবর্ধনা”। অর্থাৎ ‘মুক্তিযোদ্ধা’ বানান ‘মুক্তিযেদ্ধা’ লেখা। এআই নির্মিত ছবিতে টেক্সটের এমন অসঙ্গতি দেখা যায়। আবার, শেখ হাসিনা যাকে সালাম করছেন, ওই ব্যক্তির পায়েও আঙ্গুল দেখা যায় ছয়টি। এআই নির্মিত ছবির ক্ষেত্রে হাত-পায়ের আঙ্গুলেও এমন অসঙ্গতি পাওয়া যায়।
এসব কারণে ছবিটি এআই কনটেন্ট শনাক্তকারী একাধিক টুলের সাহায্যে যাচাই করে দেখা হয়। এর মধ্যে হাইভ ডিটেক্ট ছবিটিকে প্রায় শতভাগ এআই জেনারেটেড বলে শনাক্ত করেছে।
ইমেজ হুইস্পার নামে আরেকটি টুলের বিশ্লেষণেও ছবিটি এআই বলে জানা যায়।
দুইটি টুলই ছবিটি গুগলের এআই প্রযুক্তি জেমিনাই দিয়ে তৈরি বলে ফলাফল দেয়। এর ফলে এটিকে গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডির সাহায্যে যাচাই করে দেখা হয়।
গুগল তাদের এআই প্রযুক্তি দিয়ে তৈরি ছবি, ভিডিও, অডিও বা টেক্সটে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও এই সিন্থআইডির মাধ্যমে শনাক্ত করা যায়। কোনো ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না জানতে চাইলে জেমিনিতে ছবিটি আপলোড করে সিন্থআইডিকে জিজ্ঞেস করলে টুলটি ওয়াটারমার্ক আছে কি না পরীক্ষা করে জানানোর চেষ্টা করে।
শেখ হাসিনার কথিত এই ছবিটির ক্ষেত্রে সিন্থআইডি জানাচ্ছে, এই ছবির বেশিরভাগ বা পুরো অংশই গুগলের এআই ব্যবহার করে তৈরি বা সম্পাদিত হয়েছে। এছাড়া ছবিতে কিছু অস্বাভাবিক ভিজ্যুয়াল রয়েছে, যেমন হাত ও পায়ের অস্বাভাবিক গঠন। যা সাধারণত এআই জেনারেটেড কনটেন্টে দেখা যায়।
এসব ফলাফলের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ ছবিটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
Claim: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন মুক্তিযোদ্ধার পা ছুঁয়ে সালাম করছেন
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh