সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, এতে কয়েকজন ব্যক্তি অস্ত্র হাতে মহড়া দিচ্ছেন। একই ভিডিও ব্যবহার করে অন্য কয়েকটি পোস্টে তাদের চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি কোনো বাস্তব অস্ত্র মহড়া বা চাঁদাবাজির ঘটনা নয়। প্রকৃতপক্ষে, এটি একটি শুটিংয়ের দৃশ্য।
ভিডিও থেকে কয়েকটি কি-ফ্রেমের সাহায্যে অনুসন্ধানে ‘Sk Shahin’ নামের একটি ফেসবুক প্রোফাইলে গত ৩১ জুলাই ভিডিওটি পাওয়া যায়। ক্যাপশনে লেখা হয়েছে, “শুটিং ভিডিও জামতৈল বাজার”।
পরবর্তীতে ওই ফেসবুক প্রোফাইলটি পর্যালোচনা করে একই ব্যক্তিদের অংশগ্রহণে তৈরি আরও কয়েকটি ভিডিও পাওয়া যায়। ভিডিওগুলো এখানে, এখানে এবং এখানে দেখা যায়।
এছাড়া, প্রোফাইলে প্রকাশিত আরেকটি ভিডিওতে একই ব্যক্তিদের সঙ্গে একজন ক্যামেরাম্যানকে দেখা যায়। ভিডিওটিতে শুটিংয়ের সময় ব্যবহৃত ‘রোল’ ও ‘অ্যাকশন’ এর মতো নির্দেশনামূলক শব্দও শোনা যায়। এসব তথ্য থেকে স্পষ্ট হয়, আলোচিত ভিডিওর দৃশ্যগুলো কোনো বাস্তব চাঁদাবাজি বা অস্ত্র মহড়ার ঘটনা নয়, বরং একটি শুটিংয়ের অংশ।
এদিকে, ওই ফেসবুক প্রোফাইলে দেওয়া তথ্য অনুযায়ী, পোস্ট করা ব্যক্তি সিরাজগঞ্জ জেলায় বসবাস করেন। আর ভিডিওর মূল পোস্টে উল্লেখ করা জামতৈল বাজারও সিরাজগঞ্জ জেলার একটি এলাকা। এছাড়া শুটিংয়ের একটি ভিডিও গুগল ম্যাপের সাহায্যে পর্যবেক্ষণ করে নিশ্চিত হওয়া যায় যে, জায়গাটি জামতৈল রেলওয়ে স্টেশন।
অর্থ্যাৎ, ধারালো অস্ত্রসদৃশ বস্তু হাতে কয়েকজন ব্যক্তিকে দেখা যাওয়ার বিষয়টি সত্য হলেও, ভিডিওটি চাঁদাবাজির নয়।
তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল দাবিটিকে ‘বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করছে।
Claim: সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, এতে কয়েকজন ব্যক্তি অস্ত্র হাতে মহড়া দিচ্ছেন। একই ভিডিও ব্যবহার করে অন্য কয়েকটি পোস্টে তাদের চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
Claimed By: Facebook Users
Rating: Mostly false
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh