স্নাইপার উদ্ধারের ভিডিওটি জামায়াত নয়, আ. লীগ নেতার বাড়ির 

195
স্নাইপার উদ্ধারের ভিডিওটি জামায়াত নয়, আ. লীগ নেতার বাড়ির 
স্নাইপার উদ্ধারের ভিডিওটি জামায়াত নয়, আ. লীগ নেতার বাড়ির 

সাতক্ষীরায় জামায়াতের আমিরের বাসা থেকে বাংলাদেশ সেনাবাহিনী স্নাইপার রাইফেল উদ্ধার করেছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও ক্লিপ প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর একজন সদস্য বক্স থেকে একটি অস্ত্রসদৃশ বস্তু বের করছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, অস্ত্রসদৃশ বস্তুটি উদ্ধারের ভাইরাল ভিডিওর ঘটনাটি সাতক্ষীরার জামায়াতের আমিরের বাসার নয়। মূলত অস্ত্র সদৃশ বস্তুটি উদ্ধার করা হয় দশম জাতীয় সংসদে সাতক্ষীরা থেকে সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসায় অভিযানের সময়। এ সময় রিফাত আমিনের ছেলেকে আটক করে সেনাবাহিনী। এ ছাড়া সাতক্ষীরা জেলা জামায়াতের আমিরের বাসা থেকে স্নাইপার উদ্ধারের দাবিটিরও কোনো সত্যতা পাওয়া যায়নি।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন  এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

ভাইরাল ভিডিওটি রিভার্স ইমেজ সার্চে বেসরকারি সম্প্রচার মাধ্যম নাগরিক টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে পাওয়া যায়। এটি গত ১৫ জুন ‘সাতক্ষীরায় সাবেক আ: লীগের এমপির ছেলে মা/দ/ক ও অ/স্ত্র/স/হ আটক |‘ (আর্কাইভ) ক্যাপশনে পোস্ট করা হয়।

প্রায় ৬ মিনিটের ভিডিও প্রতিবেদনটিতে প্রতিবেদককে বলতে শোনা যায়, অস্ত্রসদৃশ বস্তুটি সাতক্ষীরার আওয়ামী লীগের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসায় অভিযানের সময় উদ্ধার করা হয়েছে। 

ভিডিওটিতে এক সেনা কর্মকর্তাকে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, তারা অভিযানের সময় একটি রাইফেল উদ্ধার করেছেন। এতে স্কোপ (অপটিক্যাল ডিভাইস, যা দূরবর্তী লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করার জন্য ব্যবহৃত হয়) লাগানো ছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি তুরস্কে তৈরি একটি এয়ার গান।

চ্যানেলটির ইউটিউবে প্রতিবেদনটি দেখুন এখানে। 

দৈনিক কালের কণ্ঠে ১৫ জুন প্রকাশিত একটি প্রতিবেদনেও একই তথ্য পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, সাতক্ষীরায় আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি রিফাত আমিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় তার ছোট ছেলে সাফায়েত সরোওয়ার রুমনকে আটক করা হয়। রবিবার (১৫ জুন) দুপুরে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কসংলগ্ন এলাকার বাড়িতে অভিযান চালানো হয়। 

অভিযান শেষে সেনাবাহিনীর মেজর ইফতেখার আহম্মেদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিফাত আমিনের বাড়িতে অভিযান পরিচালনা করে ৩ শতাধিক ইয়াবা ট্যাবলেট ও একটি এয়ারগান, একটি তলোয়ার এবং মদ ও খালি মদের বোতল উদ্ধার করা হয়েছে। রুমনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 অর্থাৎ সাতক্ষীরায় অস্ত্র সদৃশ বস্তু উদ্ধারের ভাইরাল ভিডিওটি জামায়াতের আমিরের বাসার নয় বরং জেলাটির  সংরক্ষিত আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রিফাত আমিনের বাসায় অভিযানের সময়কার। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে শনাক্ত করছে। 

প্রসঙ্গত, ৯ জুন নড়াইলের কালিয়ায় সোহান নামে এক কলেজছাত্রের বাড়িতে অভিযান চালিয়ে একটি স্নাইপার রাইফেল উদ্ধার করা হয় বলে জানায় সেনাবাহিনী। পরে সেটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ ও ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা–সমালোচনা শুরু হয়েছে। তবে প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনে এই স্নাইপার রাইফেল নিয়ে সোহানের দুই প্রতিবেশী জানান, সোহানের বাড়ি থেকে সেনাবাহিনী যা উদ্ধার করেছে, তা একটি এয়ারগান। অনেক আগেও একবার সেনাবাহিনী এটি নিয়ে গিয়েছিল। তখন সোহান কাগজপত্র দেখিয়ে এটি ফেরত এনেছিল। 

Claim:
সাতক্ষীরায় জামায়াতের আমিরের বাসা থেকে বাংলাদেশ সেনাবাহিনী স্নাইপার রাইফেল উদ্ধার করেছে দাবিতে ফেসবুকে একটি ভিডিও ক্লিপ প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর একজন সদস্য বক্স থেকে একটি অস্ত্র সদৃশ বস্তু বের করছে।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh