দিল্লির আন্দোলনে আদিবাসীদের যোগ দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি দক্ষিণ আফ্রিকার

66
দিল্লির আন্দোলনে আদিবাসীদের যোগ দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি দক্ষিণ আফ্রিকার
দিল্লির আন্দোলনে আদিবাসীদের যোগ দেওয়ার দাবিতে ছড়ানো ভিডিওটি দক্ষিণ আফ্রিকার

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, ভারতের আদিবাসীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে চলমান আন্দোলনে যোগ দিতে বিশাল মিছিল নিয়ে রাজপথে নেমেছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি ভারতের কোনো রাজনৈতিক আন্দোলনের নয়। প্রকৃতপক্ষে এটি দক্ষিণ আফ্রিকার উমলাজিতে (Umlazi) আয়োজিত একটি উৎসবের দৃশ্য।

 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

ভাইরাল হওয়া ভিডিওটির প্রকৃত উৎস এবং প্রেক্ষাপট জানার জন্য এর বিভিন্ন কি-ফ্রেম ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে ‘OneMagiic Marketing’ নামের একটি দক্ষিণ আফ্রিকা ভিত্তিক ফেসবুক পেজে ভাইরাল ভিডিওটির অনুরূপ একটি ভিডিও পাওয়া যায়। পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছিল “#HeritageDay x #UmkhosiWelembe”।

উমখোসি ওয়েলেম্বে (Umkhosi weLembe) হলো দক্ষিণ আফ্রিকার জুলু জাতির একটি প্রধান সাংস্কৃতিক উৎসব। এটি প্রতি বছর ২৪ সেপ্টেম্বর দেশটির জাতীয় ঐতিহ্য দিবস (Heritage Day)-এর সাথে একই দিনে পালিত হয়। জুলু সাম্রাজ্যের মহান প্রতিষ্ঠাতা কিং শাকা-এর বীরত্ব ও স্মৃতিকে সম্মান জানাতে এই উৎসবের আয়োজন করা হয়। এই বিশেষ দিনে হাজার হাজার মানুষ রঙিন ঐতিহ্যবাহী পোশাক পরে কোয়াজুলু-নাটাল প্রদেশে একত্রিত হন। পুরো অনুষ্ঠানজুড়ে চলে ঐতিহ্যবাহী বিশেষ নাচ, গান এবং রাজকীয় যোদ্ধাদের জমকালো শোভাযাত্রা। সবশেষে বর্তমান জুলু রাজা সেখানে উপস্থিত হয়ে সবার উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ভাষণ দেন। দক্ষিণ আফ্রিকা সরকারের ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি মন্ত্রণালয়ের (Department of Sport, Arts and Culture) মিডিয়া অ্যাডভাইজরি এবং সংবাদমাধ্যম SABC News-এর রিপোর্ট থেকেও ডারবানের (Durban) উমলাজির (Umlazi) ‘কিং জুয়েলিথিনি স্টেডিয়ামে’ অনুষ্ঠিত এই ঐতিহাসিক উৎসব উদযাপনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পাশাপাশি, গুগল ম্যাপসে দক্ষিণ আফ্রিকার ডারবানের উমলাজিতে অবস্থিত ‘কিং জুয়েলিথিনি স্টেডিয়াম’ (King Zwelithini Stadium)-এর আশেপাশের রাস্তার স্ট্রিট ভিউর সাহায্যে ভাইরাল হওয়া স্থানটি সনাক্ত করা সম্ভব হয়। ভাইরাল ভিডিওর ব্যাকগ্রাউন্ড, চারপাশের পরিবেশ, ভবন এবং রাস্তার কাঠামো উক্ত নির্দিষ্ট স্থানের স্ট্রিট ভিউর সাথে পুরোপুরি মিলে যায়। এর মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে স্থানটি ভারত নয়, বরং দক্ষিণ আফ্রিকা।

কাজেই ভিডিওর সঙ্গে ভারতের চলমান আন্দোলনের সম্পর্ক নেই। তাই সবকিছু বিবেচনা করে ভাইরাল হওয়া ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে। 

Claim:
এবার আদিবাসীরা তীর ও বল্লম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মোদি হটাও দেশ বাঁচাও স্লোগান দিয়ে।

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh