সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরের (Ibrahim Traoré) বক্তব্য দাবিতে প্রায় ২৫ মিনিটের দীর্ঘ একটি ভিডিও ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওটিতে ইব্রাহিম ট্রাওরেকে পশ্চিমা বিশ্ব নিয়ে তীব্র সমালোচনা করতে শোনা যায়। অনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
ভিডিওটি ফ্যাক্টওয়াচের নজরে আসার পর এর খুঁটিনাটি পর্যবেক্ষণ করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে ভিডিওতে বেশকিছু অসঙ্গতি খুঁজে পাওয়া যায়। এসব অসঙ্গতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- কোনো নির্ভরযোগ্য সোর্স পাওয়া যায়নি যা প্রমাণ করে এই স্পিচটি ইব্রাহিম ট্রাওরের।
ভিডিওটি চলার সময় ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায়, ইব্রাহিম ট্রাওরের বক্তব্যের সময় বেশ কিছু জায়গায় তার মুখ ও মাইক পরস্পর ওভারলেপ করে। অর্থাৎ, ইব্রাহিম ট্রাওরে কথা বলার সময় তার মুখ মাইকের সামনে চলে আসে। যেখানে স্বাভাবিকভাবে মুখ মাইকের পেছনে থাকার কথা। এমন অসঙ্গতি দেখা যায়, ভিডিওটির ১ মিনিট ১৫ সেকেন্ড থেকে ২২ সেকেন্ডের মধ্যে। আবার সাড়ে ৪ মিনিট থেকে ৪ মিনিট ৫০ সেকেন্ডের মধ্যেও এমনটি দেখা যায়।
ভাইরাল ভিডিওটির অসঙ্গতি-১
আবার ভাইরাল ভিডিওটিতে ইব্রাহিম ট্রাওরের ডান হাতের আঙ্গুলগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায়, আঙ্গুলগুলোতে নখ নেই। কিন্তু ইব্রাহিম ট্রাওরের একাধিক ভিডিও বিশ্লেষণ করে তার হাতের আঙ্গুলের নখগুলো স্পষ্ট দেখা যায়।
ভাইরাল ভিডিওটির অসঙ্গতি-২
অসঙ্গতি দেখা যায় ইব্রাহিম ট্রাওরের পরিহিত ইউনিফর্মেও। ভাইরাল ভিডিওটিতে ইব্রাহিম ট্রাওরের পরিহিত ইউনিফর্মের ক্যামোফ্লেজটির সঙ্গে ইন্টারনেটে তার যেসব ছবি পাওয়া যায়, সেসবে পরে থাকা ইউনিফর্মের ক্যামোফ্লেজের মিল পাওয়া যায়নি। আবার, ভিডিওটিতে ইব্রাহিম ট্রাওরের পরিহিত ইউনিফর্মের বুকে সবুজ রংয়ের একটি অংশ দেখা যায়। তার একাধিক ছবি বিশ্লেষণ করে এমন ইউনিফর্ম পরা ছবি ইন্টারনেটে পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিওটির অসঙ্গতি-৩
এসব অসঙ্গতি সাধারণত এআই জেনারেটেড কনটেন্টে দেখা যায়।
পুনরায় অনুসন্ধানে ‘Univers Inspirant‘ (আর্কাইভ) নামের একটি ইউটিউব চ্যানেলে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। চ্যানেলটিতে গত রোববার (২৫ মে) ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে একটি লেবেল দিয়ে বলা হয়েছে, এটি ‘অল্টার্ড বা সিনথেটিক কনটেন্ট’, অর্থাৎ প্রযুক্তির সাহায্যে তৈরি।
এ ছাড়া ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এটি সম্পর্কে নোটিশ আকারে বলা হয়েছে, এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক বিষয়বস্তুর উপর ভিত্তি করে তৈরি, যা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে উপস্থাপন করা হয়েছে। যদিও এর কিছু অংশ বাস্তব ঘটনাবলি দ্বারা অনুপ্রাণিত হতে পারে, ভিডিওতে প্রদর্শিত সব পরিস্থিতি, সংলাপ এবং চরিত্র সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। ইব্রাহিম ত্রাওরের জীবনের দ্বারা অনুপ্রাণিত হলেও, এখানে প্রদর্শিত ঘটনা ও সংলাপ বাস্তব নয় এবং এগুলো একটি শৈল্পিক সৃষ্টির অংশমাত্র। এই ভিডিওর কোনো বাস্তব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি কোনো সংযোগ নেই। এটি কোনো রাজনৈতিক বার্তা বহন করে না; শুধুমাত্র বিনোদন এবং শৈল্পিক প্রকাশের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছে।
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ ইব্রাহিম ট্রাওরের বক্তব্য দাবিতে ভাইরাল ২৫ মিনিটের ভিডিওটিকে বিকৃত হিসেবে সাব্যস্ত করছে।
Claim: একবিংশ শতাব্দীর সেরা স্পিচ। এযাত্রায় ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে জিতে গেলে শুধু বুরকিনা ফাসো নয় পুরো আফ্রিকা জিতে যাবে-এমন ক্যাপশনে সম্প্রতি পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরের (Ibrahim Traoré) বক্তব্য দাবিতে প্রায় ২৫ মিনিটের দীর্ঘ একটি ভিডিও ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh