দিল্লির রাস্তায় ‘Step Down Yunus’ লেখা পোস্টার দাবিতে ছড়ালো এআই ছবি

121
দিল্লির রাস্তায় ‘Step Down Yunus’ লেখা পোস্টার দাবিতে ছড়ালো এআই ছবি
দিল্লির রাস্তায় ‘Step Down Yunus’ লেখা পোস্টার দাবিতে ছড়ালো এআই ছবি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিল্লী সফরের সময় দিল্লির রাস্তায় ‘Step Down Yunus’ অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের আহবান জানিয়ে প্রচুর পোস্টার দেখা গিয়েছে বলে ফেসবুকে অনেকে দাবি করছেন। এসকল দাবির সাথে দিল্লির রাস্তার কয়েকটি ছবি অনেকে শেয়ার করছেন। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। এছাড়া, প্রেসিডেন্ট পুতিনের দিল্লি সফর সংক্রান্ত প্রতিবেদনগুলোতে ‘Step Down Yunus’ লেখা পোস্টার ছড়িয়ে পড়ার কোনো তথ্য দেখা যাচ্ছে না।

গুজবের উৎস 

ছড়িয়ে পড়া কয়েকটা পোস্ট দেখতে পাবেন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে

৫ ডিসেম্বর থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া এসব পোস্টের ক্যাপশনে লেখা হচ্ছে, ‘আজ সন্ধ্যায় ভারত সফর করবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আর দিল্লির সড়কে StepDown Younus লেখা পোষ্টারে ছেয়ে গেছে ।

ড: মোহাম্মদ ইউনুস কি ভারতের প্রধানমন্ত্রী নাকি প্রধান বিরোধী দলীয় নেতা?’ (বানান অপরিবর্তিত রাখা হয়েছে)

অনুসন্ধান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ৪ ডিসেম্বর বিকেলে দিল্লিতে অবতরণ করেন। ৩০ ঘন্টার সংক্ষিপ্ত সফর শেষে ৫ ডিসেম্বর রাতে তিনি দিল্লি থেকে রাশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তিনি রাষ্ট্রপতি ভবন, লোক কল্যাণ মার্গ ( প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন), রাজঘাট (মহাত্মা গান্ধী স্মৃতিসৌধ),ভারত মন্ডপ, হায়দ্রাবাদ হাউস ইত্যাদি স্থানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ভারতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে এই সফরের খুঁটিনাটি নিয়ে অজস্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। (এমন কিছু প্রতিবেদন দেখতে পাবেন এখানে,এখানে,এখানে, এখানে )  তবে এই সফরের পূর্বে দিল্লির রাস্তায় ডক্টর ইউনূস সম্পর্কিত পোস্টার দেখা যাচ্ছে- এমন কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।


ছড়িয়ে পড়া ছবিগুলোতে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। যেমন, প্রথম ছবিতে রাস্তার পাশে কোনো মোড় বা চৌরাস্তা ছাড়াই একটি ট্রাফিক সিগনাল দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে অনেকগুলো পিলারের মাঝে দু’টি অসম্পূর্ণ পিলার দেখা যাচ্ছে।

রিভার্স ইমেজ সার্চ করে দিল্লির সুনির্দিষ্ট কোনো অংশের রাজপথের সাথে এই ছবিগুলোর হুবহু মিল পাওয়া যায়নি।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সনাক্তকরণের কয়েকটি টুল  ব্যবহার করে এই ছবিগুলো নিরীক্ষা করে দেখা যাচ্ছে, এর উল্লেখযোগ্য অংশ এ আই দিয়ে নির্মিত। ব্যবহৃত এই টুলগুলোর মধ্যে ছিল- ডিকপি ( decopy), ওয়াজ ইট এআই (wasitai), হাইভ মডারেশন (hive moderation) , মাই ডিটেক্টর (mydetector) ইত্যাদি । 

সার্বিক বিবেচনায়, ফেসবুকে ছড়িয়ে পড়া এ সকল ছবিকে ফ্যাক্টওয়াচ ‘বিকৃত’ সাব্যস্ত করছে।

Claim:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দিল্লী সফরের সময় দিল্লির রাস্তায় ‘Step Down Yunus’ অর্থাৎ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পদত্যাগের আহবান জানিয়ে প্রচুর পোস্টার দেখা গিয়েছে বলে ফেসবুকে অনেকে দাবি করছেন। এসকল দাবির সাথে দিল্লির রাস্তার কয়েকটি ছবি অনেকে শেয়ার করছেন।

Claimed By:
Facebook Users

Rating:
Mostly false

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh