ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, একজন শিক্ষক বলছেন, 'যেসব স্টুডেন্ট নামাজ পড়বে তাদেরকে ১০ মার্ক করে কম দেওয়া হবে।’ ৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, ওই শিক্ষক শিক্ষার্থীদের বলছেন, 'আমি ধর্মীয় শিক্ষককে বলেছি, 'যেসব স্টুডেন্ট নামাজ পড়বে তাদেরকে ১০ মার্ক করে কম দেওয়া হবে।' ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, এটি ওই শিক্ষকের একটি খণ্ডিত বক্তব্যের অংশ। পুরো বক্তব্যটি শুনে এটি নিশ্চিত হওয়া যায়, তিনি মূলত শিক্ষার্থীদের নামাজ পড়ার জন্য বলছিলেন। ফেসবুকে ভাইরাল হওয়া তার আলোচিত মন্তব্যটি স্লিপ অব টাং বা অনিচ্ছাকৃত ভুল। তাই পুরো বক্তব্য থেকে কেবল ৫ সেকেন্ডের অংশ কেটে প্রসঙ্গ ছাড়া প্রচার করায় এসব পোস্টকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে দৈনিক কালবেলায় একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনটি (আর্কাইভ) থেকে জানা যায়, ওই শিক্ষকের নাম সমর কৃষ্ণ রায়। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার শিরিন হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার বক্তব্যের ৬ সেকেন্ডের যে খণ্ডিত অংশটি ভাইরাল হয়েছে, সেটি ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠানের। এখানে তিনি নামাজ নিয়ে কথা বলেন। বক্তব্যে তাকে শিক্ষার্থীদের জন্য নামাজ বাধ্যতামূলক করার ঘোষণা দিতে শোনা যায়। বারবার তিনি নামাজের গুরুত্ব তুলে ধরেন।
প্রতিবেদনটিতে সমর কৃষ্ণকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমি হিন্দু ধর্মাবলম্বী হলেও মুসলিম ছাত্রীদের নামাজের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা করেছি এবং প্রায় ২২ হাজার টাকার জায়নামাজ কিনেছি। নামাজ না পড়লে পরীক্ষায় ১০ নম্বর কেটে নেওয়ার কথা বলেছি। তবে বক্তব্য দিতে গিয়ে অসাবধানতাবশত ‘না’ শব্দটি বাদ পড়ে যায়। এ অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কাউকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্য আমার ছিল না।’
এই প্রতিবেদন সূত্রে সমর কৃষ্ণ রায়ের ফেসবুক অ্যাকাউন্ট খোঁজে পায় ফ্যাক্টওয়াচ। সেখানে গতকাল দেওয়া এক পোস্টে (আর্কাইভ) প্রায় ৫ মিনিটের একটি ভিডিও যুক্ত করে সমর কৃষ্ণ রায় লিখেছেন, ‘আমি শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) অনুষ্ঠানে আমার বক্তব্য ছিল এ রকম।কথা বলতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। (slip of tongue)। আপনারা সম্পুর্ন ভিডিও দেখলে আমার অনিচ্ছাকৃত ভুলটা বুঝতে পারবেন।আমি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করছি।’
ভিডিওটিতে সমর কৃষ্ণ রায় নামাজ প্রসঙ্গে বলেন, ‘আমি এইটুকু মনে করি, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে। ধর্মের কাজ করবে। জীবনে অনেক কিছু অর্জন করবে, অনেক বড় হতে পারবে। শুধু তোমাদের প্রতি আমার একটাই মাত্র অনুরোধ, এখানে নামাজ পড়ার সুব্যবস্থা আছে। তোমরা প্রত্যেকদিন নামাজ পড়বে।’
এই বক্তব্যের পরেই তিনি আলোচিত মন্তব্যটি করেন, যা ফেসবুকে ভাইরাল হয়েছে।
আলোচিত মন্তব্যটির পরেই তিনি আবার বলেন, ‘নামাজ পড়া এখানে বাধ্যতামূলক করা হয়েছে। সুতরাং আমি তোমাদের যদি এখানে নামাজের দিকে মন নিতে পারি… তোমাদের এই বয়সটা অসৎ পথে, ভুল পথে চলার সময় এই বয়সটা। তোমরা নামাজ পড়বা, দেখবা এই পথ থেকে তোমরা পরিত্রাণ পাবা।’
তার বক্তব্যের আগে-পরের অংশটি বিশ্লেষণ করলে এটি বোঝা যায়, তিনি শিক্ষার্থীদের নামাজ পড়ার জন্যই উৎসাহিত করেছেন এবং নামাজ পড়া বাধ্যতামূলক বলে শিক্ষার্থীদের নির্দেশ দিয়েছেন। তার বক্তব্যের আগে-পরের অংশটি থেকে প্রতীয়মান হয়, ফেসবুকে ভাইরাল হওয়া তার আলোচিত মন্তব্যটি স্লিপ অব টাং বা অনিচ্ছাকৃত ভুল।
তাই পুরো বক্তব্য থেকে কেবল ৫ সেকেন্ডের অংশ কেটে প্রসঙ্গ ছাড়া প্রচার করায় এসব পোস্টকে ফ্যাক্টওয়াচ বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করছে।
Claim: যেসব স্টুডেন্ট নামাজ পড়বে তাদেরকে ১০ মার্ক করে কম দেওয়া হবে
Claimed By: Facebook Users
Rating: Mostly false
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh