সম্প্রতি ফেসবুকে একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বাড়িতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে দাবিটি ভিত্তিহীন। মূলত ২০২৫ সালে বিজেপির একটি প্রতিনিধি দলের সাথে শুভেন্দু অধিকারীর পুরোনো একটি ছবিকে এডিট করে এই ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে।
ভাইরাল ছবিটি ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করা হলে এর উৎস খুঁজে পাওয়া যায়। ভারতের ত্রিপুরা রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য বিপ্লব কুমার দেবের ভেরিফায়েড ফেসবুক পেজে ২০২৪ সালের ৩০ জুন প্রকাশিত মূল ছবিটি খুঁজে পাওয়া যায়। সেই ছবিতে শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে থাকা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং বিজেপি নেতা মনন কুমার মিশ্রর (Manan Kumar Mishra) স্থানে শেখ হাসিনার ছবি প্রতিস্থাপন করা হয়েছে।
আনন্দবাজার, ANI এবং Freepress Journal-এর রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন বিজেপির চার সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘তথ্য অনুসন্ধানী দল’ (Fact-finding team) কলকাতায় আসে। তাদের এই সফরের মূল উদ্দেশ্য ছিল কলকাতার একটি ল কলেজে এক ছাত্রীকে নির্যাতনের অভিযোগের তদন্ত করা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা। প্রতিনিধি দলটি কলকাতা বিমানবন্দরে নামার পর শুভেন্দু অধিকারীর সাথে একটি বৈঠক করেন। সেই প্রতিনিধি দলে ছিলেন বিপ্লব কুমার দেব, মীনাক্ষী লেখি, সত্যপাল সিং এবং মনন কুমার মিশ্র। বিমানবন্দরের সেই বৈঠকের অফিসিয়াল ছবিকেই বর্তমানে বিকৃত করে শেখ হাসিনার ছবি বসিয়ে দেওয়া হয়েছে।
অর্থাৎ, শুভেন্দু অধিকারীর সাথে শেখ হাসিনার সাক্ষাতের এই ছবিটি নকল। এছাড়া ভারতের কোনো মূলধারার গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য কোনো মাধ্যম থেকে তাদের এই তথাকথিত সাক্ষাৎ সম্পর্কিত কোনো প্রমাণ পাওয়া যায়নি।
তাই সব কিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
Claim: শুভেন্দু অধিকারী তার নিজ বাড়িতে, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে আমন্ত্রণ করলেন, পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে তার পরিবারের একজন মনে করে অভিনন্দন জানাই।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh