রিজওয়ানা হাসানের বক্তব্যের খণ্ডাংশ দিয়ে ভিন্ন বার্তা প্রচার

257
রিজওয়ানা হাসানের বক্তব্যের খণ্ডাংশ দিয়ে ভিন্ন বার্তা প্রচার
রিজওয়ানা হাসানের বক্তব্যের খণ্ডাংশ দিয়ে ভিন্ন বার্তা প্রচার

একটি ভাইরাল ভিডিওতে অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে বলতে শোনা যাচ্ছে, রাত্রিযাপন তো দূরে থাক, দিনের বেলাও আপনাকে নিয়ে যাবে, ছোট বোটে নামিয়ে এক দেড় ঘণ্টা ঘুরিয়ে নিয়ে চলে আসবে। যদিও আগে ও পরে আর কোনো কথা নেই। অনেকে ভিডিওটি শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছেন, সৈয়দা রিজওয়ানা হাসান, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে উল্লেখিত মন্তব্যটি করেছেন। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, সৈয়দা রিজওয়ানা হাসান সেন্টমার্টিন দ্বীপ নিয়ে মন্তব্যটি করেননি। বরং তার একটি বক্তব্যের খণ্ডাংশ প্রচার করা হয়েছে। যার ফলে ভিন্ন একটি বার্তা পাওয়া যাচ্ছে। যদিও মূল বক্তব্য এই যে, “আপনি বিশ্বের অনেক জায়গায় যাবেন, সেখানে দেখবেন কোরাল দ্বীপে রাত্রিযাপন তো দূরে থাক, দিনের বেলাও আপনাকে নিয়ে যাবে, ছোট বোটে নামিয়ে এক দেড় ঘণ্টা ঘুরিয়ে নিয়ে চলে আসবে”।

ছড়িয়ে পড়া কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত:

বিভিন্ন তথ্য-উপাত্ত থেকে জানা যাচ্ছে, প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ১ নভেম্বর ২০২৪ তারিখ থেকে পর্যটকেরা দ্বীপটিতে যেতে পারছেন তবে রাত্রিযাপন করতে পারবেন না। আবার ডিসেম্বর ও জানুয়ারি মাসে যেতে পারবেন এবং রাতেও থাকতেও পারবেন। তবে এ সময় দিনে ২ হাজারের বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেন না। আর ফেব্রুয়ারি মাসে কোনো পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না। পূর্বে দ্বীপটিতে নভেম্বর থেকে এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত যাওয়া যেতো।

সেন্ট মার্টিনে পর্যটকদের যাতায়াত ও অবস্থান সীমিত করার ব্যাখ্যা সৈয়দা রিজওয়ানা হাসান সাংবাদিকদের কাছে এভাবে দিয়েছেন যে, “আপনি বিশ্বের অনেক জায়গায় যাবেন, সেখানে দেখবেন কোরাল দ্বীপে রাত্রিযাপন তো দূরে থাক, দিনের বেলাও আপনাকে নিয়ে যাবে, ছোট বোটে নামিয়ে এক দেড় ঘণ্টা ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আপনি থাইল্যান্ডে দেখবেন, মালয়েশিয়ায় দেখবেন, ফিলিপিন্সে দেখবেন, ওদের জনপ্রিয় টুরিস্ট স্পট কয়েক বছরের জন্য বন্ধ করে দেওয়া হয়, শুধুমাত্র রিজেনারেট করার জন্য”।

উল্লেখ্য যে, রিজওয়ানা হাসানের পুরো বক্তব্য থেকে “রাত্রিযাপন তো দূরে থাক, দিনের বেলাও আপনাকে নিয়ে যাবে, ছোট বোটে নামিয়ে এক দেড় ঘণ্টা ঘুরিয়ে নিয়ে চলে আসবে” এই অংশটুকু ভাইরাল ভিডিওতে ব্যবহৃত হয়েছে। তাই শুধুমাত্র এই অংশটুকু শুনে এমন বার্তা পাওয়া যাচ্ছে যে, তিনি সেন্ট মার্টিনে যাতায়াত নিয়ে মন্তব্যটি করেছেন। অথচ মূল বক্তব্যটির প্রেক্ষাপট ভিন্ন ছিলো। মূল বক্তব্যটি দেখা যাবে এখানে

সৈয়দা রিজওয়ানা হাসান তার এক বক্তব্যে জানিয়েছেন, “বলা হচ্ছে যে ৪১ ভাগ কোরাল ক্ষয় হয়ে গেছে। এটা জাতীয় পরিসংখ্যান। আন্তর্জাতিক গ্রহণযোগ্য জার্নালে বলা হচ্ছে, এভাবে চলতে থাকলে ২০৪৫ সালের মধ্যে সকল কোরাল ক্ষয় হয়ে সেন্ট মার্টিন দ্বীপটা ডুবে যাবে। তখন পর্যটনটা থাকবে কোথায়? আজকে যার বয়স এক, ২০৪৫ সালে আপনি তাকে সেন্ট মার্টিনটা কোথা থেকে দেখাবেন?”

সুতরাং, রিজওয়ানা হাসানের আংশিক বক্তব্য ভাইরাল হওয়ায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

তাই এমন পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ ‘বিভ্রান্তিকর’ সাব্যস্ত করেছে।

No Factcheck schema data available.

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh