সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হচ্ছে যে, জনরোষ ও প্রতিবাদের মুখে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে তার পদে পুনর্বহাল করেছে সরকার। তবে ফ্যাক্টওয়াচের অনুদন্ধানে দেখা যাচ্ছে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন। মূলত মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের একটি সরকারি প্রজ্ঞাপনের আংশিক ও অস্পষ্ট স্ক্রিনশট ব্যবহার করে ভাইরাল দাবিটি প্রচার করা হচ্ছে।
সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে ২০২৫ সালের ১৮ আগস্ট সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর ২০২৬ সালের ১২ জুন তিনি সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার পরিদর্শনে যান। সেখানে গিয়ে মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৮ জুন জেলা প্রশাসনের পক্ষ থেকে মাজারের আগের দানবাক্স এবং ঐতিহাসিক তিনটি ‘দানের ডেগ’ সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মাজার ভক্ত ও অনুসারীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। এরপরে ২০২৬ সালের ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে মো. সারওয়ার আলমকে সিলেটের ডিসি পদ থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়।
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহারের পর ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইল থেকে দাবি করা হয় যে তিনি পুনর্বহাল হয়েছেন। এই দাবির স্বপক্ষে একটি অস্পষ্ট নোটিশ বা প্রজ্ঞাপনের ছবি ব্যবহার করা হচ্ছে। কিন্তু খেয়াল করলে দেখা যায়, প্রজ্ঞাপনটি আসলে ২১ জুন ২০২৬ তারিখের। সেখানে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব জেতী প্রু। অর্থাৎ, মো. সারওয়ার আলমকে ডিসি পদ থেকে প্রত্যাহার করার যে মূল প্রজ্ঞাপনটি জারি হয়েছিল, সেটিরই আংশিক অংশ কেটে ‘পুনর্বহালের প্রজ্ঞাপন’ হিসেবে প্রচার করা হচ্ছে।
অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা অন্য কোনো সরকারি সূত্রে তাকে পুনর্বহালের কোনো আদেশ জারি করা হয়নি। গত ২১ জুন থেকে বর্তমানে সিলেটের নতুন স্থায়ী জেলা প্রশাসক নিয়োগ না দেওয়া পর্যন্ত সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৬ সালের ২৮ জুন বাংলাদেশ সরকার রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেয়। তিনি মো. সারওয়ার আলমের স্থানে স্থলাভিষিক্ত হচ্ছেন।
অর্থাৎ, মো. সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক পদে পুনর্বহাল করা হয়নি।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে ‘মিথ্যা’ হিসেবে সাব্যস্ত করেছে।
Claim: জনরোষ ও প্রতিবাদের মুখে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলমকে তার পদে পুনর্বহাল করেছে সরকার।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh