নতুন রাজনৈতিক দল হিসেবে আমজনতার দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্যসচিব তারেক রহমান আমরণ অনশনে বসেছিলেন। দীর্ঘ ১৩৮ ঘণ্টা অনশনে ছিলেন। পরে গত রোববার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তারেকের অনশন ভাঙান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, তারেক রহমান অনশনের সময় লুকিয়ে খেয়েছিলেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি পিলার সদৃশ বস্তুর পেছনে তারেক রহমান কিছু খাচ্ছেন। তার হাতে ক্যানুলা লাগানো। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি বাস্তব নয়, কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে বেশ কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়।
যেমন, হাতের ক্যানুলাটি অস্বাভাবিকভাবে লাগানো। তারেক রহমানের অনশনের বেশ কিছু লাইভ ভিডিও বিশ্লেষণ করে দেখা যায়, অনশনের সময় তারেক রহমানের হাতে থাকা ক্যানুলার সঙ্গে তার লুকিয়ে খাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটিতে থাকা ক্যানুলা ও হাতের ব্যান্ডেজের মিল নেই।
এমন সব অসঙ্গতির কারণে ভিডিওটি এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা হয়। হাইভের বিশ্লেষণে দেখা যায়, ভিডিওটি এআই প্রযুক্তি দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় ৯৭ শতাংশ।
এ ছাড়া ভিডিওটি থেকে কিছু স্ক্রিনশট নিয়ে এআই ইমেজ শনাক্তের একাধিক টুলের সাহায্যে যাচাই করেও দেখা যায়, এটি অর্থাৎ তারেক রহমানের লুকিয়ে খাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটি এআই জেনারেটেড।
এসব বিশ্লেষণের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ তারেক রহমানের অনশনের মাঝে লুকিয়ে খাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
Claim: সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, তারেক রহমান অনশনের সময় লুকিয়ে খেয়েছিলেন।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh