তারেক রহমানের মনোনয়ন বাতিল হওয়ার ভিত্তিহীন দাবি

276
তারেক রহমানের মনোনয়ন বাতিল হওয়ার ভিত্তিহীন দাবি
তারেক রহমানের মনোনয়ন বাতিল হওয়ার ভিত্তিহীন দাবি

সম্প্রতি ফেসবুকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের মনোনয়ন বাতিল করা হয়েছে দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়ছে। ভিডিওতে এই দাবির পক্ষে প্রমাণ হিসেবে যমুনা টিভি এবং চ্যানেল ২৪ এর আলাদা আলাদা সংবাদের  ফুটেজ ব্যবহার করা হয়েছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার ঘটনাটি সত্য নয়। সংবাদমাধ্যমগুলোর মূল ফুটেজ নানান কায়দায় জোড়া লাগিয়ে অডিও পরিবর্তন করে ভাইরাল ভিডিওটি বানানো হয়েছে।  

 

ফেসবুকে ছড়িয়ে পড়া এমন কিছু পোস্ট দেখুন  এখানে এবং এখানে। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানঃ 

দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে কি না — এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই ভিডিওটি বিশ্লেষণ করে দেখে ফ্যাক্টওয়াচ।  সেখানে আলোচিত দাবির সমর্থনে যমুনা টিভির দুইটি এবং চ্যানেল ২৪ এর আলাদা আলাদা তিনটি ভিডিও ফুটেজের ব্যবহার খুঁজে পাওয়া যায়। তিনটি ফুটেজেই তিনজন সংবাদ পাঠিকাকে তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল হওয়া সম্পর্কিত সংবাদ পাঠ করতে শোনা যায়।  এই ফুটেজগুলোর সাথে আরও কিছু অপ্রাসঙ্গিক ভিডিও ফুটেজ দেখা যায়।

এই ফুটেজগুলো ফ্লিপ করা অবস্থায় ছিল যার ফলে ভিডিওর শিরোনাম উল্টো দেখা যায়। এরপরে ফুটেজগুলোর বিভিন্ন কি-ফ্রেম থেকে স্ক্রিনশট নিয়ে ফ্লিপ করা অবস্থা থেকে স্বাভাবিক করা হয়। এর পরে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে সার্চ করে ইউটিউব থেকে ভিডিও ফুটেজগুলোর উৎস খুঁজে পাওয়া যায়।

যমুনা টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে চলতি বছরের ৪ জানুয়ারি আপলোড করা প্রথম ফুটেজটির পুরোনো সংস্করণের একটি  ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি ছিল মূলত দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ডাক্তার এ কেএম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা সম্পর্কিত।  ডাক্তার এ কেএম ফজলুল হকের নামের স্থানে তারেক রহমানের নাম জুড়ে দিয়ে ভিডিওতে ব্যবহার হরা হয়েছে। 

এরপরে, দ্বিতীয় ফুটেজটির পূর্ব সংস্করণ যমুনা টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে খুঁজে পাওয়া যায়। চলতি বছরের ৩ জানুয়ারি আপলোডকৃত এই মূল ভিডিওতে  বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা সম্পর্কিত তথ্য পাওয়া যায়।  এই ভিডিওর অডিও পরিবর্তন করে তারেক রহমানের মনোনায়নপত্র বাতিল হওয়ার অডিও যুক্ত করে ভাইরাল ভিডিওতে ব্যবহার করা হয়েছে।

তৃতীয় ফুটেজটি চলতি বছরের ২ জানুয়ারি চ্যানেল ২৪ এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদনের অংশ। সেখানে আসন্ন সংসদ নির্বাচনে তারেক রহমানের জমা দেওয়া হলফনামার তথ্য তুলে ধরা হয়েছে। সেখানে তারেক রহমানের মনোনয়নপত্র বাতিল হওয়ার কোনো তথ্য দেওয়া হয়নি। 

দেখা যাচ্ছে যে, সংবাদ উপস্থাপিকাদের কণ্ঠস্বর বিকৃত করে ফুটেজগুলোর সাথে তারেক রহমান প্রসঙ্গে ভিন্ন অডিও জোড়া লাগানো হয়েছে। অন্যদিকে, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বগুড়া-৬ এবং ঢাকা-১৭ উভয় আসনেই তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে এবং তিনি দ্বৈত নাগরিক নন বলে হলফনামায় উল্লেখ করেছেন। সুতরাং, তারেক রহমানের মনোনয়নপত্র বাতিলের দাবিটি ভিত্তিহীন।

সবকিছু বিবেচনা করে ফেসবুকে ভাইরাল হওয়া পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে। 

Claim:
সম্প্রতি ফেসবুকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের মনোনায়ন বাতিল করা হয়েছে দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়ছে

Claimed By:
Facebook users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh