তারেক রহমান গাড়ি থেকে নেমে একটি বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন দাবিতে ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। দাবিকৃত ছবিটির ওপর লেখা, 'তারেক রহমানের আসল ছবি প্রকাশ হল।' এতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি এক ছোট বাচ্চাকে কোলে নিয়ে রেখেছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি বাস্তব নয়, এআই জেনারেটেড।
ভাইরাল ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে বেশ কিছু অসঙ্গতি রয়েছে। তারেক রহমান যে বাসে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, সেটির সামনের অংশে সাদা রঙে বাংলায় লেখা রয়েছে, ‘সবার আগে বাংলাদেশ’। কিন্তু ভাইরাল ছবিটিতে সেখানে ইংরেজিতে কিছু একটি লেখা রয়েছে দেখা যায়। যার সঙ্গে তারেক রহমানের বাসের সম্মুখ অংশ মিলে না।
ছবিটিতে যে ব্যক্তিকে তারেক রহমান দাবি করা হচ্ছে, সেই ব্যক্তির চেহারার সঙ্গেও তারেক রহমানের চেহারার অমিল রয়েছে।
এসব অসঙ্গতির কারণে ছবিটি এআই জেনারেটেড কনটেন্ট যাচাইয়ের একাধিক টুল দিয়ে যাচাই করে দেখা হয়। এতে দুইটি টুল ছবিটি এআই জেনারেটেড হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশের বেশি বলে জানিয়েছে। আরেকটি টুল, হাইভ মডারেশন ছবিটি শতভাগ এআই জেনারেটেড হিসেবে নিশ্চিত করেছে।
এ ছাড়া বিএনপির ফেসবুক পেজ, তারেক রহমানের ফেসবুক পেজ, সংবাদমাধ্যম সূত্রে এমন কোনো ছবি পাওয়া যায়নি। তবে তারেক রহমানের সিলেট সফর নিয়ে বাংলা ভিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পাওয়া যায়।
এই ভিডিওতে থাকা শিশুর সঙ্গে ভাইরাল ছবিটিতে থাকা শিশুটির জামার মিল রয়েছে। ভিডিওটিতে দেখা যায়, তারেক রহমানের বাস চলছে, ভেতর থেকে তিনি হাত নাড়াচ্ছেন এবং শিশুটিও এটি দেখে দুই হাত নাড়াচ্ছে। এক পর্যায়ে বাসটি শিশুটিকে অতিক্রম করে চলে যায়। বাংলা ভিশনের এই ভিডিও নিয়ে একটি ফটোকার্ডও পাওয়া যায়। এই ঘটনার একটি এআই জেনারেটেড ছবি নিয়ে ইতিপূর্বে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করেছে ফ্যাক্টওয়াচ।
সার্বিক বিবেচনায়, ফ্যাক্টওয়াচ তারেক রহমান গাড়ি থেকে একটি ছোট বাচ্চাকে কোলে তুলে নেওয়ার দাবিতে প্রচারিত ছবিটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
Claim: তারেক রহমান গাড়ি থেকে নেমে একটি বাচ্চাকে কোলে তুলে নিয়েছেন দাবিতে ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। দাবিকৃত ছবিটির ওপর লেখা, 'তারেক রহমানের আসল ছবি প্রকাশ হল।' এতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি এক ছোট বাচ্চাকে কোলে নিয়ে রেখেছেন।
Claimed By: Facebook users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh