চলতি বছরের ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এই প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর সদস্যের উপর পাহাড়ি জনগোষ্ঠীর হামলা করা হয়েছে দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়ছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ছবিটি ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলার সময়কার। এর সাথে সম্প্রতি খাগড়াছড়ির উত্তেজনার কোনো সম্পর্ক নেই। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় এই সকল পোস্টগুলো বিভ্রান্তিকর।
ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি সম্পর্কে জানার জন্য শুরুতেই এটা নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এর ফলে MD Jabed Sarkar নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে শেয়ারকৃত একটি পোস্টে উক্ত ছবিটি পাওয়া যায়। ২০২৩ সালের ২৫ সেপ্টেম্বর শেয়ার করা এই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, “খাগড়াছড়ির পানছড়িতে বিজিবি’র উপর হামলা চালিয়ে সাড়ে ১২ লাখ টাকাসহ দুই হুন্ডি ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছে। এ হামলায় ৯ বিজিবি সদস্য আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। আটক করা হয়েছে এক সন্ত্রাসীকে।”
এই সূত্র অনুযায়ী প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে CHANNEL 24 এর ওয়েবসাইটে এই ঘটনা সম্পর্কিত একটি রিপোর্ট পাওয়া যায়। রিপোর্টে অন্তর্ভুক্ত ছবির সাথে রিভার্স ইমেজ সার্চের সময় ব্যবহৃত ছবিটি মিলে যায়। রিপোর্টে আরও বলা হয়, ঘটনাটি ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বরের। সেদিন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) খাগড়াছড়ির পানছড়ির লোগাং ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করে। তখন তাদের কাছে থাকা বস্তার ভেতর থেকে সাড়ে ১২ লাখ টাকা জব্দ করা হয়। আটক করা ব্যক্তি এবং জব্দকৃত টাকা পানছড়ি থানায় হস্তান্তরের জন্য নেওয়ার পথে পূজগাং বাজার এলাকায় বিজিবি সদস্যদের গাড়ি আটকে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় পাঁচ বিজিবি সদস্য আহত হয়। তৎকালীন বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মো. জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন।
Somoy National এর ইউটিউব চ্যানেল থেকে ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর এই একই ঘটনার একটি ভিডিও রিপোর্ট পাওয়া যায়। এই ভিডিওর একটি কি-ফ্রেমের সাথে ভাইরাল ছবিটির মিল রয়েছে।
উল্লেখ্য, খাগড়াছড়িতে সদর উপজেলায় চলতি বছরের ২৩ সেপ্টেম্বর এক মারমা কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও জেলাটিতে বসবাসরত বিক্ষুব্ধ দুইপক্ষের জনগোষ্ঠীর মধ্যে সহিংস উত্তেজনা ছড়িয়ে পড়লে গত ২৮ সেপ্টেম্বর ঐ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
অর্থাৎ , ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি এই ঘটনার নয় বরং ২০২৩ সালের। বর্তমান অস্থিরতার প্রেক্ষিতে ছবিটি এমনভাবে ছড়াচ্ছে যে অনেকেই এটিকে সাম্প্রতিক বলে বিভ্রান্ত হচ্ছেন। তাই সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটির উপর ভিত্তি করে করা দাবিটিকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে।
Claim: চলতি বছরের ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক মারমা কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এই প্রেক্ষিতে নিরাপত্তা বাহিনীর সদস্যের উপর পাহাড়ি জনগোষ্ঠীর হামলা করা হয়েছে দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়ছে।
Claimed By: Facebook users
Rating: Mostly false
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh