সৌদি আরবে সম্প্রতি দুজন বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মক্কার একটি মসজিদে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই ঘটনা ঘিরে ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হচ্ছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই দুইজনের মরদেহ বাংলাদেশে পৌঁছেছে। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, দাবিটি সঠিক নয়। দাবিটির সূত্রপাত ঢাকা শাহজালাল বিমানবন্দর থেকে আহমেদ দিদার নামের এক ব্যক্তির ধারণ করা ভিডিও থেকে। তিনি ভিডিওটি ফেসবুকে উক্ত দাবিতে পোস্ট করেছিলেন। তবে ফ্যাক্টওয়াচকে তিনি জানিয়েছেন, 'এটি মিসইফরমেশন ছিল।’ তিনি দাবিটির সত্যতা নিশ্চিত করেননি, লোকমুখে শুনে পোস্ট করেছেন। ফ্যাক্টওয়াচের সঙ্গে কথোপকথনের পর তিনি তার দেওয়া পোস্টগুলো এডিট করে ক্যাপশন পরিবর্তন করে দিয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের একজনের পরিবারের সংবাদ পাওয়া যায়। সেখানে নিহতের পরিবার তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি করেছেন। পাশাপাশি সরকার থেকেও তাদের মরদেহ দেশে আনার ব্যাপারে দেশীয় কোনো সংবাদমাধ্যমে তথ্য পাওয়া যায়নি। বরং জানা যায়, গতকাল রোববার (১৮ অক্টোবর) বিকেলে এই ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিস্তারিত তথ্য চেয়ে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভিডিওটির সত্যতা যাচাই করতে গিয়ে বাংলাদেশ টাইমস নামের একটি নিউজ পোর্টালের ফেসবুকে পোস্ট করা ভিডিও নজরে আসে ফ্যাক্টওয়াচের। নিউজ পোর্টালটি ‘আহমেদ দিদার’ নামে এক ব্যক্তির সৌজন্যে ভিডিওটি পোস্ট করেছে। এই সূত্রে আহমেদ দিদারের ফেসবুক প্রোফাইলটি খোঁজে বের করা হয়। এখানে গত শনি ও রোববার দুইদিনে দুইবার আলোচিত ভিডিওটি পোস্ট করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দেওয়া পোস্টটিতে আহমেদ দিদার প্রথমে ক্যাপশন দেন, ‘সৌদি আরবে মসজিদে অনৈতিক কাজের দায়ে মৃত্যুদন্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশীর লাশ দেশে পৌঁছেছে।’ পরবর্তীতে আজ সোমবার (১৯ অক্টোবর) পোস্টটি এডিট করে তিনি লিখেছেন, ‘প্রবাসী ভাইয়ের লাশ।’
রোববার ( ১৮ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে একই ভিডিও তিনি আবার পোস্ট করে ক্যাপশন দেন, ‘আজকে যদি নজরুল আর সিতি আমেরিকার নাগরিক হতো, সৌদি বাদশার বাপের সাধ্য ছিল ওদের শিরশ্ছেদ করার!? ‘মিসকিন’ দেশের বলে, জানানোরও দরকার মনে করেনি।’ এই পোস্টটি আজ সোমবার (১৯ অক্টোবর) পোস্টটি এডিট করে তিনি লিখেছেন, ‘প্রবাসী ভাইয়ের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে।’
পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করে এই প্রতিবেদক। তার কাছে ভিডিওটি কিসের জানতে চাওয়া হলে তিনি জানান, তিনি বিমানবন্দরে চাকরি করেন। তিনি লোকমুখে শুনে ভুল তথ্য দিয়েছিলেন। তবে ডেডবডিগুলো কাদের সে বিষয়ে তিনি কোনো নিশ্চিত তথ্য দিতে পারেননি।
ফ্যাক্টওয়াচের সঙ্গে যোগাযোগের পর আজ সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে একটি পোস্ট দিয়ে লিখেন, ‘সম্মানিত ফেইসবুক বন্ধুগন, গতকাল আমার আইডি থেকে পোস্ট করা একটি ভিডিও সারা দেশে ব্যাপক ভাইরাল হয়েছে। ওই ভিডিওর সাথে আমার দেওয়া ক্যাপশন ভুল ছিল। আমি সঠিক তথ্য না জেনে পোস্ট করায় সকলের কাছে ক্ষমাপ্রার্থী।’
প্রসঙ্গত, দৈনিক প্রথম আলোর ৬ অক্টোবরের একটি প্রতিবেদন থেকে জানা যায়, এ বছর জানুয়ারি থেকে গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত (মোট ২৭৩ দিন) ৯ মাসে দেশে এসেছে ৪ হাজার ৬০টি মরদেহ। এ হিসাবে দিনে মরদেহ এসেছে গড়ে ১৪টির বেশি। সবচেয়ে বেশি কর্মী মারা যান সৌদি আরবে। এ বছর দেশটিতে মারা গেছেন প্রায় ২ হাজার। যদিও বিদেশে বৃহত্তম কর্মসংস্থান হলো সৌদি আরব। এ বছরও সবচেয়ে বেশি কর্মী গেছেন দেশটিতে। এরপর সবচেয়ে বেশি কর্মী মারা গেছেন মালয়েশিয়ায়। দেশটিতে গত আড়াই বছর ধরে কর্মসংস্থান বন্ধ হয়ে আছে।
সংবাদমাধ্যম সূত্রে যা জানা যাচ্ছে
বাংলা ট্রিবিউনে গতকাল রোববার (১৮ অক্টোবর) রাত ৯টার দিকে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুইজনের একজন হচ্ছেন নজরুল ইসলাম নামে এক তরুণ। তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা ছিলেন।
প্রতিবেদনটি থেকে জানা যায়, নজরুল চার ভাই-বোনের মধ্যে সবার বড় ছিলেন। তিনি সৌদি আরবের একটি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। প্রতিবেদনটিতে নজরুলের বাবা বলেন, ‘আমার ছেলে কী করেছে আমি জানি না। একমাত্র আল্লাহই ভালো জানেন। আমি আমার ছেলের মরদেহ দেশের মাটিতে ফিরে পেতে চাই।’
বাংলা ট্রিবিউনের প্রতিবেদনটি ছাড়াও ফ্যাক্টওয়াচ নিজস্ব সূত্রে এই তরুণের পরিচয় ও তার মরদেহ দেশে না আসার বিষয়টি নিশ্চিত হয়েছে।
প্রতিবেদনটি থেকে জানা যাচ্ছে, নিহত নজরুল ইসলামের মরদেহ দেশে আসেনি। কোনো সংবাদমাধ্যম সূত্রেও নিহত দুইজনের মরদেহ দেশে আসার খবর পাওয়া যায়নি। ডেইলি স্টারের একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনায় বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে বিস্তারিত তথ্য চেয়ে একটি চিঠি সৌদি রাষ্ট্রদূতের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর বাইরে তাদের মরদেহ দেশে আসা নিয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনকে নিয়ে ছড়াচ্ছে কাল্পনিক গল্প
সংবাদমাধ্যম থেকে জানা যায়, মৃত্যুদণ্ড প্রাপ্ত দুইজন হলেন নজরুল ইসলাম ও সুইটি আক্তার। তাদের সম্পর্ক নিয়ে একটি দাবি ফেসবুকে প্রচার করা হচ্ছে। এতে বলা হচ্ছে, তাদের কথিত অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার ঘটনাটি চারমাস আগের। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী, নব দম্পতি। সৌদি আরবের মক্কায় গিয়েছিলেন ওমরাহ পালনের জন্য। সেখানে মসজিদে ছেলেটি মেয়েটির কপালে চুম্বন দিয়েছিল। এই ঘটনা ঘিরে সৌদি পুলিশ তাদের ধরে নিয়ে যায়। পরে আদালতে দীর্ঘ চার মাস ধরে এই মামলার শুনানি শেষে তাদের সাজা দেওয়া হয়েছে।
ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, এই দাবিটি বানোয়াট, এটি কাল্পনিক গল্প। বাংলা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, নিহত নজরুল ইসলাম সৌদি আরবে যান ২০২২ সালের ১০ নভেম্বর। সেখানে যাওয়ার ছয় মাসের মাথায় মক্কা নগরীর একটি মসজিদে সুইটি আক্তার নামে এক তরুণীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের দুজনকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এরপর তিন বছর তিন মাস কারাবন্দি থাকার পর গত বুধবার নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি আরব সরকার।
প্রতিবেদনটিতে নজরুলের মাকে উদ্ধৃত করে বলা হয়, কারাগারে থাকা অবস্থায় প্রতি রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতেন নজরুল। কিন্তু হঠাৎ করেই পরিবারের কাউকে না জানিয়ে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় গত বুধবার। গণমাধ্যমের খবরে বুধবার ছেলের মৃত্যুর বিষয়টি প্রথম জানতে পারেন পরিবারের সদস্যরা।
অর্থাৎ মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের চার মাস আগে ওমরাহর উদ্দেশ্যে সৌদিতে যাওয়ার প্রচারিত দাবিটি ভিত্তিহীন।
অন্তত নজরুলের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তিনি কাজের উদ্দেশ্যে প্রায় চার বছর আগে সৌদি আরব গিয়েছিলেন। এর ছয় মাস পরেই অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কারাবন্দী হন এবং জেলে ছিলেন প্রায় তিন বছর তিন মাস।
এ ছাড়া নিহত নজরুল ইসলামের এক আত্মীয় ফ্যাক্টওয়াচকে জানিয়েছেন, তিনি ব্যক্তিজীবনে অবিবাহিত ছিলেন।
একই দাবিতে আরও একটি ভিডিও, তবে সেটি লক্ষ্মীপুরের
একই দাবিতে ফেসবুকে আরও একটি ভিডিও ছড়াচ্ছে। এই ভিডিওটিতে একটি কফিন ভ্যান থেকে নামাতে ও সেটি ঘিরে উৎসুক জনতার ভীড় দেখা যায়। ফ্যাক্টওয়াচের যাচাইয়ে দেখা যায়, এই ভিডিওটি লক্ষ্মীপুরের, এটি গত ২৮ জুলাই থেকে ইন্টারনেটে পাওয়া যায়।
ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চে শরীফ উল্লাহ নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে পাওয়া যায়। এখানে গত ৩১ জুলাই ভিডিওটি পোস্ট করা হয়। এটির ক্যাপশন থেকে জানা যায়, এটি দুই প্রবাসী ভাইয়ের মরদেহ দেশে পৌঁছানোর ভিডিও।
পরবর্তী অনুসন্ধানে গত ২৮ জুলাই প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী লক্ষ্মীপুরের দুই ভাই ফয়েজ আহমেদ সজীব (২৯) ও ফরহাদ হোসেন সুজন দেশটির দাম্মামে প্রাণ হারান। পরে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। ভিডিওটি ওই ঘটনার।
সার্বিক বিশ্লেষণে দেখা যাচ্ছে, সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড দুজন বাংলাদেশির মরদেহ দেশে আসা এবং তাদের সৌদি আরবে যাওয়ার প্রেক্ষাপট নিয়ে ছড়ানো গল্পটি ভিত্তিহীন। তাই ফ্যাক্টওয়াচ দুটি দাবিকেই মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।
Claim: সৌদি আরবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই প্রবাসীর মরদেহ ফেরার গুজব ও মনগড়া গল্পে সয়লাব ফেসবুক
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh