সম্প্রতি ফেসবুকে ফটোকার্ডের আদলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি উক্তি ছড়িয়ে পড়েছে। নাহিদ ইসলামের ছবিসহ ফটোকার্ডটিতে লেখা, 'দেশে থাকতে চাই না, দেশটা ধ্বংস হয়ে গেছেঃ নাহিদ ইসলাম'। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে, নাহিদ ইসলামের এই উক্তিটি দেশের মূলধারার সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। তবে সময় টিভির আদলে 'গরম টিভি' নামক স্যাটায়ার পেজে এই ফটোকার্ডটি পাওয়া যায়। পেজটির লোগো ব্লার করে ফেসবুকে ছড়ানো হচ্ছে।
অনুসন্ধানের শুরুতে, রিভার্স ইমেজ সার্চে ‘গরম টিভি’ নামক একটি স্যাটায়ার পেজের ফটোকার্ড পাওয়া যায়। ফেসবুকে ছড়ানো ফটোকার্ডের সঙ্গে এই কার্ডটির অনেক মিল রয়েছে। সাধারণত স্যাটায়ার পেজগুলোর ফটোকার্ডের নিচে কৌতুকপূর্ণ কোনো স্টিকার বিজ্ঞাপনের আদলে যুক্ত থাকে। যেমন এই কার্ডটির সঙ্গে ‘সাহাবুদ্দিনের ডিপ্রেশন চানাচুর’ লেখা স্টিকার যুক্ত আছে। এডিটেড কার্ডটিতে এই অংশটি বাদ দেওয়া হয়েছে। ফলে, কমেন্ট সেকশনে মন্তব্য দেখে মনে হয়, এটিকে বাস্তব উক্তি ধরে নিয়েই মন্তব্য করা হয়েছে। সাধারণত স্যাটায়ার পেজের পোস্টের কমেন্ট সেকশনে ফেক নিউজ জেনেই কমেন্ট করা হয়। এ ক্ষেত্রে তেমন হয় নি।
ফেসবুকে ছড়ানো ফটোকার্ডটির সঙ্গে গরম টিভির কার্ডটি পর্যালোচনা করে দেখা যায়, নিচের দিকে বাম কোণে লোগো ব্লার করা। উপরে ডান দিকের কোনায় “fb/ Gorom Tv News” অংশও ব্লার করা। যাতে করে মনে হয়, এটি সময় টিভির ফটোকার্ড। তবে সময় টিভি নাহিদ ইসলামের এই উক্তি নিয়ে কোনো প্রতিবেদন অথবা ফটোকার্ড প্রকাশ করেনি। নাহিদ ইসলামের ফেসবুক প্রোফাইল অনুসন্ধান করেও এ ধরণের উক্তি পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশের মূলধারার সংবাদমাধ্যমে কোথাও নাহিদ ইসলামের এই উক্তি নিয়ে প্রকাশিত সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
এডিটেড কার্ডটি ফেসবুকে শেয়ার হচ্ছে ভিন্ন ভিন্ন ক্যাপশন জুড়ে দিয়ে। যেমনঃ এই পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, “এগুলা বলে এখন আর লাভ হবেনা!” এই পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, “তোমাদেরই দেশে থাকতে হবে, যেভাবে ধ্বংস করছো আবার ঠিক করে দিতে হবে।”
কাজেই সবদিক পর্যালোচনা করে এটিই প্রতীয়মান হয় যে, নাহিদ ইসলামের উক্তি সম্বলিত ফটোকার্ডটি ভুয়া। ফলে সঙ্গত কারণে, ফেসবুক পোস্টগুলোকে ‘বিকৃত’ হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।
Claim: সম্প্রতি ফেসবুকে ফটোকার্ডের আদলে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের একটি উক্তি ছড়িয়ে পড়েছে। নাহিদ ইসলামের ছবিসহ ফটোকার্ডটিতে লেখা, 'দেশে থাকতে চাই না, দেশটা ধ্বংস হয়ে গেছেঃ নাহিদ ইসলাম'।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh