উপদেষ্টা আসিফ নজরুলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের দাবিটি মিথ্যা

127
উপদেষ্টা আসিফ নজরুলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের দাবিটি মিথ্যা
উপদেষ্টা আসিফ নজরুলের বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের দাবিটি মিথ্যা

একটি বাড়িতে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ভিডিও শেয়ার করে ফেসবুকের বেশ কিছু পোস্টে দাবি করা হচ্ছে, কুমিল্লায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের গ্রামের বাড়িতে ছাত্রলীগ কর্তৃক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা এটি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি এ বছরের ফেব্রুয়ারিতে কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক এম বাহাউদ্দিন বাহারের বাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনার।   

এ ধরণের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে। 

ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে জাগো নিউজের একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। এটি আপলোড করা হয়েছে এ বছরের ৬ ফেব্রুয়ারি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য হাজী আ ক এম বাহাউদ্দিন বাহারের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রতিবেদনের সঙ্গে যুক্ত ভিডিওটির সঙ্গে আলোচ্য ভিডিওটির সাদৃশ্য রয়েছে। 

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ‘ডেইলি স্টার বাংলা’র একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, “বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি, ২০২৫) দিবাগত রাত দেড়টার দিকে কুমিল্লার সাবেক এই আওয়ামী লীগ নেতার বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।” এই প্রতিবেদনের সঙ্গে একটি স্থির ছবি যুক্ত আছে, যেটি আলোচিত ভিডিওটির অংশ। 

আরও অনুসন্ধানে প্রথম আলোর এ বছরের ৬ ফেবফ্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে বলা হয়, “প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানিয়েছেন, রাত একটার দিকে কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় অবস্থিত বাহাউদ্দিনের বাড়ির জানালার গ্রিল ভাঙার চেষ্টা করেন বিক্ষুব্ধরা। অনেকে বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে বাড়িটিতে ভাঙচুর চালান তারা। পরে পেট্রল ঢেলে বাড়ির কয়েকটি কক্ষে এবং ভবনের সামনে আগুন ধরিয়ে দেওয়া হয়।” 

এছাড়া, মূলধারার সংবাদমাধ্যম অনুসন্ধান করে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কুমিল্লার বাড়িতে অগ্নিকাণ্ড ও ভাঙচুরের কোনো খবর পাওয়া যায় না।   

ফলে মূলধারার সংবাদমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা করে এটি প্রতীয়মান হয় যে, অগ্নিকাণ্ডের ঘটনাটি আইন উপদেষ্টা আসিফ নজরুলের বাড়ির নয়। সঙ্গত কারণে ফেসবুক পোস্টগুলোকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করা হলো। 

Claim:
একটি বাড়িতে ভাংচুর ও অগ্নিকাণ্ডের ভিডিও শেয়ার করে ফেসবুকের বেশ কিছু পোস্টে দাবি করা হচ্ছে, কুমিল্লায় আইন উপদেষ্টা আসিফ নজরুলের গ্রামের বাড়িতে ছাত্রলীগ কর্তৃক অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা এটি।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh