সম্প্রতি ফেসবুকে বাসে আগুনের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, মধ্যরাতে ভিপি এবং জিএস দু-পদেই শিবিরের প্রার্থী জিতে যাওয়ার খবরে ঢাবিতে কয়েকটি বাসে আগুন দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি গত ৯ সেপ্টেম্বরের ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার নয়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর গাজীপুরের।
ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে ফেসবুকে কিছু পোস্ট পাওয়া যায়। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর আপলোড করা দুটি পোস্ট দেখুন এখানে এবং এখানে। পোস্টগুলোর ক্যাপশনে বলা হয়েছে, “বোর্ডবাজারে ভয়াবহ মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে এক নারী নিহত, জনতার হাতে বাস ড্রাইভারকে গণ ধোলাই, উজান ভাটি পরিবহনের ঘাতক বাসটিতে আগুন।” ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ঘটনা হিসেবে ফেসবুকে পোস্ট করা ভিডিওর সঙ্গে এই পোস্টের হুবহু মিল রয়েছে।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ইউটিউবে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। গত বছরের ২৪ সেপ্টেম্বর আপলোড করা এই প্রতিবেদনে বলা হয়, গাজীপুর মহানগরের বোর্ড বাজার এলাকায় বাসচাপায় এক নারী নিহতের জেরে উজান-ভাটি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা।এই প্রতিবেদনের ভিডিওটির সঙ্গে আলোচিত ভিডিওটির মিল রয়েছে।
পুনরায় অনুসন্ধানে সমকালের একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৩ সেপ্টেম্বর, ২০২৪) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার এলাকার লবঙ্গ রেস্টুরেন্টের সামনে বাস দুর্ঘটনায় এক নারী নিহত হন। পরে বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। স্থানীয়দের বরাতে প্রতিবেদনটিতে আরও বলা হয়, “উজান ভাটি পরিবহনের বাসটি গাজীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বোর্ড বাজার পৌঁছলে এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারী নিহত হন ও অপর একজন আহত হন। স্থানীয়রা বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।” এই প্রতিবেদনের সঙ্গে জ্বলন্ত বাসটির একটি ছবি যুক্ত রয়েছে। ছবিটি পর্যালোচনা করে প্রতীয়মান হয় যে, এটি আলোচিত ভিডিওর অংশ।
এ ঘটনা নিয়ে মূলধারার সংবাদমাধ্যমের আরও দুটি প্রতিবেদন দেখুন, এখানে এবং এখানে।
এ দুটি প্রতিবেদনেও ঘটনাটি ২৩ সেপ্টেম্বর গাজীপুরের বোর্ডবাজার এলাকায় ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।
ফলে, সবগুলো প্রতিবেদন পর্যবেক্ষণ করে এটিই প্রতীয়মান হয় যে, বাসে আগুন দেওয়ার ঘটনাটি ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ঘটেনি। ঘটেছে গত বছরের ২৩ সেপ্টেম্বর গাজীপুরে। ফলে, সঙ্গত কারণে ডাকসু নির্বাচনকে ঘিরে ঘটনাটি ঘটেছে বলে উল্লেখ করা ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করা হলো।
Claim: সম্প্রতি ফেসবুকে বাসে আগুনের একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, মধ্যরাতে ভিপি এবং জিএস দু-পদেই শিবিরের প্রার্থী জিতে যাওয়ার খবরে ঢাবিতে কয়েকটি বাসে আগুন দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh