বাংলাদেশের দিকে চীনা যুদ্ধজাহাজ আসার দাবিতে ছড়াচ্ছে পুরোনো ভিডিও

198
বাংলাদেশের দিকে চীনা যুদ্ধজাহাজ আসার দাবিতে ছড়াচ্ছে পুরোনো ভিডিও
বাংলাদেশের দিকে চীনা যুদ্ধজাহাজ আসার দাবিতে ছড়াচ্ছে পুরোনো ভিডিও

সম্প্রতি ফেসবুকে ১৪ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়াকে কেন্দ্র করে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে চীনা যুদ্ধজাহাজ। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি ২০২৩ সালের এবং এতে দেখা যায়, দক্ষিণ চীন সাগরে দুটি চীনা জাহাজ ফিলিপাইনের মৎস্য ও জলজ সম্পদ ব্যুরোর একটি জাহাজের দিকে তাদের জলকামান নিক্ষেপ করছে। 

এ ধরণের পোস্টগুলোর কয়েকটি এখানে, এখানে, এখানে, এখানে। 

ফেসবুকে ছড়ানো ভিডিওগুলোতে ‘মানবজমিনের’ লোগো দেখা যায়। ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে মানবজমিনের ফেসবুক পেজে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আপলোড করা এই প্রতিবেদনের সঙ্গে আলোচিত ভিডিওটি যুক্ত রয়েছে। ফেসবুকে ছড়ানো মানব জমিনের লোগোযুক্ত ভিডিওটির উৎস এই প্রতিবেদনটি। 

এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, “দক্ষিণ চীন সাগরে উত্তেজনা চরমে। ফিলিপাইনের একটি জাহাজকে লক্ষ্য করে এভাবেই জল কামান নিক্ষেপ করছে চীনা কোস্টগার্ড। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায়, যেখানে দীর্ঘদিন ধরেই চীন ও ফিলিপাইনের মধ্যে বিরোধ চলছে।” ভিডিওটি কোন তারিখের সেটি উল্লেখ নেই এই প্রতিবেদনে।

পরবর্তী অনুসন্ধানে আল জাজিরা এবং রয়টার্সের দুটি প্রতিবেদন পাওয়া যায়। দুটি প্রতিবেদনই প্রকাশিত হয়েছে ২০২৩ সালের ৯ ডিসেম্বর। 

আল জাজিরার প্রতিবেদনের শিরোনাম- “চীনের বিরুদ্ধে দক্ষিণ চীন সাগরে মাছ ধরার নৌকাগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে ফিলিপাইন।” প্রতিবেদনটিতে ফিলিপাইন কর্তৃপক্ষের বরাতে বলা হয়েছে, বিতর্কিত দক্ষিণ চীন সাগরে চীনা কোস্ট গার্ড ফিলিপিনো জাহাজগুলোর দিকে জলকামান থেকে পানি নিক্ষেপ করেছে। এই প্রতিবেদনের সঙ্গে এএফপির সৌজন্যে প্রাপ্ত একটি স্থির ছবি যুক্ত রয়েছে এবং এটির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “চীনা সামুদ্রিক মিলিশিয়া জাহাজের কাছে স্কারবোরো শোলে (বিতর্কিত দক্ষিণ চীন সাগরের জলসীমায়) চীনা কোস্ট গার্ড সদস্যদের নৌকায় ভেসে চলার দৃশ্য।” 

রয়টার্সের প্রতিবেদনটির শিরোনাম, দক্ষিণ চীন সাগরে মাছ ধরার জাহাজগুলোর বিরুদ্ধে চীনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে ফিলিপাইন। এই প্রতিবেদনের সঙ্গে একটি নৌ মহড়ার ভিডিও যুক্ত রয়েছে, যেটির সঙ্গে আলোচিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

আরও অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ভয়েস অব আমেরিকা (VOA)’র একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৫ সালের ৪ ফেব্রুয়ারি প্রকাশিত এই প্রতিবেদনের সঙ্গে একটি স্থির ছবি যুক্ত রয়েছে। ছবির ক্যাপশনে বলা হয়েছে, “ফিলিপাইনের কোস্ট গার্ডের সরবরাহ করা ভিডিও থেকে নেওয়া এই ছবিতে দেখা যাচ্ছে, দুটি চীনা জাহাজ তাদের জলকামান তাক করেছে ফিলিপাইনের মৎস্য ও জলজ সম্পদ ব্যুরোর একটি জাহাজের দিকে, এটি ২০২৩ সালের ৯ ডিসেম্বর বিতর্কিত দক্ষিণ চীন সাগরের স্কারবোরো শোলের দিকে এগোচ্ছিল। 

এই স্থির ছবিটি আলোচিত ভিডিওটির একটি অংশ বলে প্রতীয়মান হয়। 

কাজেই সব দিক পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ভিডিওটি ২০২৩ সালের ৯ ডিসেম্বর দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের মাছ ধরা জাহাজে জল কামান নিক্ষেপের। ফলে সঙ্গত কারণে, যে সমস্ত ফেসবুক পোস্টে “বাংলাদেশ ও আমেরিকার যুদ্ধ মহড়াকে কেন্দ্র করে, বাংলাদেশের দিকে এগিয়ে আসছে চীনা যুদ্ধ জাহাজ” এই ক্যাপশন যুক্ত রয়েছে, সেগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করা হলো।  

Claim:
সম্প্রতি ফেসবুকে ১৪ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ মহড়াকে কেন্দ্র করে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে চীনা যুদ্ধজাহাজ।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh