বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) সহ-মুখপাত্র ফারদিন হাসানের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ফারদিন ও তার মাকে নিয়ে অশালীন ক্যাপশনে ভিডিওটি শেয়ার করা হচ্ছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানের দেখা যায়, ভাইরাল ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি।
ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাইয়ে ফ্যাক্টওয়াচ টিমের পর্যবেক্ষণে এতে অস্বাভাবিকতা দেখা যায়। যেমন, ভিডিওতে ফারদিনের ডান হাতের আঙ্গুলের নড়াচড়ায় অসঙ্গতি যেমন, আঙ্গুলগুলো হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। এমন অস্বাভাবিকতা সাধারণত কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি ভিডিওতে দেখা যায়।
ফলে ভিডিওটি ডিপফেইক ভিডিও যাচাইয়ের টুল ডিপফেক ও মিটার (DeepFake-O-Meter) দিয়ে যাচাই করে দেখা হয়। টুলটি ১০টি মডেলের সাহায্যে ভিডিওটি বিশ্লেষণ করে। এসব মডেলের অন্তত ৫টি জানায়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি। এর মধ্যে অল্ট ফ্রিজিং (Altfreezing 2023) নামের একটি মডেলের যাচাইয়ে দেখা যায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি হওয়ার সম্ভাবনা ৯২ দশমিক ২ শতাংশ।
পুনরায় অনুসন্ধানে ‘আমি ফারদিন, আমি আমার মা বোনকে বিক্রি করে এমবি কিনে ফেসবুক চালাই‘ নামের একটি ফেসবুক পেজে ফারদিন ও তার মায়ের একটি ছবি পাওয়া যায়। ছবিটির সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। ভিডিও ও ছবিটি বিশ্লেষণে এটি স্পষ্ট, এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এডিট করে তাদের অশালীন ভিডিওটি তৈরি করা হয়েছে।
পেজটির পেজ ট্রান্সপারেন্সি অংশ থেকে জানা যায়, এটি খোলা হয়েছে গত ২০ জানুয়ারি। তখন পেজটির নাম ছিল ‘উর্দু কোচিং সেন্টার, বাংলাদেশ শাখা।’ গত শুক্রবার (১৬ মে, ২০২৫) পেজটির নাম পরিবর্তন করে ‘আমি ফারদিন, আমি আমার মা বোনকে বিক্রি করে এমবি কিনে ফেসবুক চালাই’ দেওয়া হয়। ওইদিন থেকে পেজটিতে গত শনিবার (১৭ মে, ২০২৫) বিকেল পর্যন্ত ফারদিন ও তার মাকে নিয়ে একাধিক অশালীন পোস্ট দেওয়া হয়েছে। এর মধ্যে ভাইরাল ভিডিওটিও রয়েছে।
এর আগে গত শনিবার (১৭ মে, ২০২৫) সকাল সাড়ে ৯টায় ফারদিন হাসান তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন।
পোস্টে তিনি লিখেন, ‘আমি যেদিন থেকে রাজনীতির ময়দানে নামসি সেদিন কোনো কাফনের কাপড় মাথায় লাগাই নাই। কারণ মরে যাওয়া নিয়ে আমি চিন্তিত না। জান যাওয়া তো তুচ্ছ ব্যাপার। মরে গেলে তো সব শেষ। কিন্তু আমি যে মুজিববাদী প্রতিপক্ষের বিরুদ্ধে নেমেছি তারা আমাকে প্রতিনিয়ত আঘাত করবে। শুধু আমাকেই না। আমার বন্ধুবান্ধব, পরিবার থেকে শুরু করে আমার আশেপাশে যাকে পাবে তার দিকেই এরা ছুটে আসবে। গতকাল থেকে এর এক জঘন্যতম নিদর্শন আমি অলরেডি দেখেছি।…ওরা আমাকে বা আমার পরিবারপরিজন নিয়ে অনলাইনে কি বলে তা আমাকে বদার করে না। ওরা পারবেই ওই অনলাইনে লাফাইতে। কিন্তু আমি তো ওদের পরিবারকে সন্তানহারা করসি।… ইনকিলাব জিন্দাবাদ!’
এ ছাড়া শুক্রবার (১৬ মে) বিকেল পৌনে চারটায় আরেকটি পোস্টে ফারদিন লিখেন, ‘সাদ্দামের বাবা মারা গেসে নিউজটা অসত্য। এদের সবার বাপ তো মারা গেসে সেই ১৯৭৫ সালের ১৫ আগস্ট।’
সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ ফারদিন ও তার মায়ের অশালীন ভিডিও দাবিতে ভাইরাল ফুটেজটিকে ‘বিকৃত’ হিসেবে চিহ্নিত করছে।
Claim: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতৃত্বে গঠিত নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) সহ-মুখপাত্র ফারদিন হাসানের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ভাইরাল হয়েছে। ফারদিন ও তার মাকে নিয়ে অশালীন ক্যাপশনে ভিডিওটি শেয়ার করা হচ্ছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh