নোয়াখালিতে অস্ত্রসহ শিবির কর্মী আটকের দাবিতে ছড়ানো ছবিটি এডিটেড

62
নোয়াখালিতে অস্ত্রসহ শিবির কর্মী আটকের দাবিতে ছড়ানো ছবিটি এডিটেড
নোয়াখালিতে অস্ত্রসহ শিবির কর্মী আটকের দাবিতে ছড়ানো ছবিটি এডিটেড

টেবিলে কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং আইন শৃংখলা বাহিনীর ৩ জন সদস্যসহ ২ জন পাঞ্জাবি পরা ব্যক্তি দাঁড়িয়ে আছেন, এ ধরণের একটি ছবি সম্প্রতি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে বলা হচ্ছে, নোয়াখালীতে পুলিশের অভিযানে বিপুল অস্ত্রসহ ২ শিবির কর্মীকে আটক করা হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিন্ন ভিন্ন দুটি ছবি জোড়া দিয়ে এই ছবিটি বানানো হয়েছে। ছবিতে দাঁড়িয়ে থাকা ৫ ব্যক্তি এবং অস্ত্র সজ্জিত টেবিল, দুটি ভিন্ন ঘটনার ছবি।  

এ ধরণের পোস্টগুলোর কয়েকটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ।   

অনুসন্ধানের শুরুতে, আলোচিত ছবিটির রিভার্স ইমেজ সার্চে একুশে টিভির একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২১ সালের ১৬ অক্টোবর প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম, “জিহাদী বই লিফলেটসহ ২ শিবির নেতা আটক।” প্রতিবেদনটি থেকে জানা যায়, মৌলভীবাজার শহরের পূর্ব সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক জিহাদী বই, লিফলেটসহ দুই শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুপারের কার্যালয়ের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

তাদের কাছ থেকে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের জিহাদী বই, লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, মোবাইল ফোনসহ ২৬ ধরণের শতাধিক বই উদ্ধার করা হয়েছে। 

এই প্রতিবেদনের সঙ্গে যুক্ত ছবিতে, আলোচিত ছবির উপরের অংশ অর্থাৎ দাঁড়িয়ে থাকা ৫ ব্যাক্তিকে দেখা যাচ্ছে। অর্থাৎ এই ছবির আটক দুই ব্যক্তি শিবিরের কর্মী হলেও, অস্ত্রের ছবিটি এই ঘটনার নয় । ঘটনাটি নোয়াখালিরও নয়। 

পরবর্তী অনুসন্ধানে, বিজনেস স্ট্যান্ডার্ডের একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৫ সালের ৩ জুলাই প্রকাশিত এই প্রতিবেদনের শিরোনাম- “বান্দরবানে সেনা অভিযানে দুইজন কেএনএ (কুকি চিন ন্যাশনাল আর্মি) সদস্য নিহত; অস্ত্র উদ্ধার।” এই প্রতিবেদনের সঙ্গে যুক্ত ছবিতে আলোচিত ছবির ‘অস্ত্র অংশ’ মিলে যায়। 

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে প্রথম আলো এবং ডেইলি স্টার বাংলা’র দুটি প্রতিবেদন পাওয়া যায়। দুটি প্রতিবেদনই প্রকাশিত হয়েছে এ বছরে ৩ জুলাই। প্রতিবেদন দুটি থেকে জানা যায়, বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় সেনাবাহিনী তিনটি এসএমজি, একটি রাইফেলসহ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।

এছাড়া, মূলধারার সংবাদমাধ্যমে সাম্প্রতিক সময়ে, ‘নোয়াখালীতে পুলিশের অভিযানে বিপুল অস্ত্রসহ ২ শিবির কর্মী আটক’ – এ ধরণের কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। 

কাজেই ফেসবুকে ছড়িয়ে পড়া আলোচিত ছবিটি, দুটি ভিন্ন ঘটনার এবং ভিন্ন সময়ের ছবি, সম্পাদনা করে বানানো হয়েছে। ফলে সঙ্গত কারণে, এ ধরণের ছবিগুলোকে ‘বিকৃত’ সাব্যস্ত করছে ফ্যাক্টওয়াচ।     

Claim:
টেবিলে কয়েকটি আগ্নেয়াস্ত্র এবং আইন শৃংখলা বাহিনীর ৩ জন সদস্যসহ ২ জন পাঞ্জাবি পরা ব্যক্তি দাঁড়িয়ে আছেন, এ ধরণের একটি ছবি সম্প্রতি ফেসবুকে শেয়ার করা হচ্ছে। ক্যাপশনে বলা হচ্ছে, নোয়াখালীতে পুলিশের অভিযানে বিপুল অস্ত্রসহ ২ শিবির কর্মীকে আটক করা হয়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh