ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। এই ঘটনার পর ফেসবুকে বেশ কিছু ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, এগুলো ফয়সাল করিম মাসুদের সঙ্গে ডাকসু নেত্রী জুমার ছবি। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলো এআই জেনারেটেড।
এই ছবিটি নিয়ে অনুসন্ধানে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পাওয়া যায়। গত বছরের ১৫ ডিসেম্বর তিনি এটি পোস্ট করেন। ছবিটির সঙ্গে জুমার হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদের দাবিতে ভাইরাল ছবিটির কিছু মিল পাওয়া যায়। দুটি ছবিতেই ফয়সাল করিম মাসুদের পরিহিত পোশাক এক, মাথার চুলের ভাজও প্রায় এক। ছবির পেছনের ব্যাকগ্রাউন্ডও এক। তবে সায়েরের পোস্টটিতে জুমার স্থলে মাসুদের সহযোগী আলমগীরকে দেখা যায়।
অপরদিকে ফাতিমা তাসনিম জুমার ছবিটি রিভার্স ইমেজ সার্চে বাংলা ভিশনের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনে দৃশ্যমান জুমার পরিহিত পোশাক, কাঁধের ব্যাগের সঙ্গে আলোচিত ছবিটির কিছুটা মিল পাওয়া যায়।
এসব মিল থেকে সন্দেহ হয় যে, জুমার সঙ্গে মাসুদ করিমের ছবিটি প্রযুক্তির সহায়তায় এডিট করা হয়েছে। তাই এআই কনটেন্ট শনাক্তকারী একাধিক টুলের সাহায্যে ছবিটি যাচাই করে দেখা হয়। এসব টুল ছবিটি এআই জেনারেটেড হিসেবে শনাক্ত করেছে।
গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থ আইডি ছবিটি বিশ্লেষণ করে জানিয়েছে, এটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত।
টুলের বিশ্লেষণ ছাড়াও দেশের কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম ও অন্য কোনো সূত্রে জুমার সঙ্গে ফয়সাল করিম মাসুদের ছবিটির কোনো সত্যতা পাওয়া যায়নি। এসব তথ্যের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ ছবিটিকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে।
Claim: হাদি হত্যার প্রধান আসামী ফয়সাল করিম মাসুদের সাথে জুমার ছবি ভাইরাল
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh