মুখোশ পরা ৩ জন ব্যক্তি একটি দোকানে ঢুকে ডাকাতি করছে, এ ধরণের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে শেয়ার হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে বলা হচ্ছে, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনাটি ঘটেছে রাজধানীতে। অর্থাৎ এখানে রাজধানী ঢাকাকে বুঝিয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ঘটনাটি ঢাকার নয়, ভারতের পাঞ্জাব রাজ্যের জলন্ধরের।
অনুসন্ধানের শুরুতে ভিডিওটির বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে টিকটকের একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে, “ক্যামেরায় ধরা পড়েছে জলন্ধরের বিজয় জুয়েলার্সে ডাকতির ঘটনা।” ফেসবুকে ছড়ানো ভিডিওটির সঙ্গে এই ভিডিওর মিল রয়েছে।
পরবর্তী অনুসন্ধানে ‘True Scoop’- এর ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। আলোচিত ভিডিওটি এই প্রতিবেদনের ভিডিওর অংশ বলে প্রতীয়মান হয়। উল্লেখ্য, ট্রু স্কুপ ভারতের পাঞ্জাব ভিত্তিক একটি সংবাদমাধ্যম।
এই দুই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৫ সালের ৩১ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম, “জলন্ধরের ভরগব ক্যাম্প এলাকায় মুখোশধারী ব্যক্তিরা একটি গয়নার দোকানে ডাকাতি করেছে (Masked men rob jewellery shop in Jalandhar’s Bhargav Camp area)”।
প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৩০ অক্টোবর প্রকাশ্য দিবালোকে পুরো ঘটনাটি ঘটেছে মাত্র তিন মিনিটে; দোকানমালিকের দেওয়া তথ্য অনুযায়ী, জলন্ধরের ভরগব ক্যাম্প এলাকায় তিনজন মুখোশধারী ব্যক্তি গয়নার দোকান থেকে কয়েক লাখ টাকার নগদ অর্থ ও অলংকার লুট করে নিয়ে গেছে।
প্রতিবেদনটিতে পুলিশের বরাতে বলা হয়েছে, দোকানের ভেতরে স্থাপন করা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, সকাল ১০টা ৪৯ মিনিটে তিনজন মুখোশধারী ডাকাত ‘বিজয় জুয়েলার্স’ নামের দোকানে ঢুকে পড়ে। তারা ধারালো অস্ত্র দিয়ে কাচের ডিসপ্লে কাউন্টার ভেঙে ফেলে এবং তাড়াহুড়া করে অলংকারগুলো ব্যাগে ভরতে থাকে। আতঙ্কিত দোকানমালিক সাহায্যের জন্য চিৎকার করলে, তাদের একজন তার দিকে পিস্তল তাক করে, আরেকজন দোকানের নগদ টাকা দিতে বাধ্য করে।
কাজেই, সব দিক বিবেচনা করে, স্পষ্ট প্রতীয়মান হয় যে, আলোচিত ভিডিওটি বাংলাদেশের নয়, ভারতের। ফলে সঙ্গত কারণে, বাংলাদেশের ঘটনা দাবি করা ফেসবুক পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ ‘বিভ্রান্তিকর’ হিসেবে চিহ্নিত করছে।
Claim: মুখোশ পরা ৩ জন ব্যক্তি একটি দোকানে ঢুকে ডাকাতি করছে, এ ধরণের একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে শেয়ার হচ্ছে। ভিডিওটির ক্যাপশনে বলা হচ্ছে, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনাটি ঘটেছে রাজধানীতে। অর্থ্যাৎ এখানে রাজধানী ঢাকাকে বুঝিয়েছে।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh