ছাত্রলীগের হামলার পুরোনো ভিডিও শিবির-ছাত্রদল সংঘর্ষের দাবিতে প্রচার 

113
ছাত্রলীগের হামলার পুরোনো ভিডিও শিবির-ছাত্রদল সংঘর্ষের দাবিতে প্রচার 
ছাত্রলীগের হামলার পুরোনো ভিডিও শিবির-ছাত্রদল সংঘর্ষের দাবিতে প্রচার 

সম্প্রতি ফেসবুকে একটি মারধরের ভিডিও শেয়ার করে বলা হচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখলকে কেন্দ্র করে শিবির বনাম ছাত্রদলের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভিডিওটি ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের। ছাত্রী নিপীড়নের বিচারসহ চার দফা দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করার পর প্রতিবাদকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার ঘটনার ভিডিও এটি।

এ ধরণের পোস্টগুলোর কয়েকটি দেখুন, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

বিভিন্ন কি-ফ্রেমের সাহায্যে রিভার্স ইমেজ সার্চে আবু রায়হান নামের একটি আইডিতে একটি পোস্ট পাওয়া যায়। ২০১৯ সালের ২২ জানুয়ারিতে পোস্ট করা ভিডিওর ক্যাপশনে লেখা- “নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দের ওপর ছাত্রলীগের হামলার প্রথম অংশ। ২৩ জানুয়ারি ২০১৮ রেজিস্টার বিল্ডিং, ঢাকা বিশ্ববিদ্যালয়।” আলোচিত ভিডিওর সঙ্গে এই ভিডিওটির সাদৃশ্য রয়েছে।  

এই ক্যাপশনের সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ইউটিউবে একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওটি পোস্ট করা হয়েছে, ২০১৮ সালের ২৫ জানুয়ারি এবং এটির ক্যাপশনে লেখা- ঢাবির ভিসি অফিসে সাধারণ ছাত্রছাত্রীদের উপর রড নিয়ে ছাত্রলীগের হামলা।

পরবর্তী অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে প্রথম আলোর একটি প্রতিবেদন পাওয়া যায়। ‘’ছাত্রলীগের হামলায় আহত ৪০ শিক্ষার্থী” এই শিরোনামের প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে ২০১৮ সালের ২৪ জানুয়ারি। প্রতিবেদনটিতে ঘটনা ২৩ জানুয়ারি উল্লেখ করে বলা হয়েছে, ছাত্রী নিপীড়নের বিচারসহ চার দফা দাবিতে উপাচার্যকে অবরুদ্ধ করার পর ছাত্রলীগের মারধরের শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। হামলা ও মারামারির ঘটনায় প্রায় অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। এর আগে বাম ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও কিছু সাধারণ ছাত্র উপাচার্যের কার্যালয়ের লোহার ফটক ভেঙে ফেলেন। একপর্যায়ে উপাচার্য পেছনের দরজা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাকে ঘিরে বসে পড়েন। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবরুদ্ধ উপাচার্যকে উদ্ধার করার জন্য আন্দোলনকারীদের উপর হামলা চালায়। এই প্রতিবেদনের সঙ্গে সাতটি ছবি যুক্ত আছে। ছবিগুলো মিলিয়ে দেখলে আলোচিত ভিডিওটির সঙ্গে মিল পাওয়া যায়। 

এই ঘটনা নিয়ে ‘বিডিনিউজ ২৪ ডটকম’ প্রতিবেদন প্রকাশ করে ২০১৮ সালের ২৩ জানুয়ারি। প্রতিবেদনটিতে বলা হয়, ছাত্রী নিপীড়নের অভিযোগে ছাত্রলীগের নেতাকর্মীদের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের অবরোধে প্রায় চার ঘণ্টা আটকে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের পিটিয়ে তাকে উদ্ধার করেছে বলে প্রতিবেদনে বলা হয়। 

সবদিক বিবেচনা করে এটি স্পষ্ট যে, এটি সাম্প্রতিক সময়ের ঘটনা নয়, ঘটনাটি ঘটেছে ২০১৮ সালের ২৩ জানুয়ারি। মারধরের ভিডিওটিও ছাত্রদল ও শিবিরের মধ্যকার নয়। সঙ্গত কারণে, আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলার পুরোনো ভিডিও ভুয়া ক্যাপশনে ছড়ানো পোস্টগুলোকে ‘মিথ্যা’ হিসেবে চিহ্নিত করা হলো।     

Claim:
সম্প্রতি ফেসবুকে একটি মারধরের ভিডিও শেয়ার করে বলা হচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল দখলকে কেন্দ্র করে শিবির বনাম ছাত্রদলের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh