মিশা সওদাগরকে মারধরের দাবিতে ভাইরাল ভিডিওটি ভিন্ন ব্যক্তির

247
মিশা সওদাগরকে মারধরের দাবিতে ভাইরাল ভিডিওটি ভিন্ন ব্যক্তির
মিশা সওদাগরকে মারধরের দাবিতে ভাইরাল ভিডিওটি ভিন্ন ব্যক্তির

সম্প্রতি ফেসবুকে প্রায় ২ মিনিটের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়েছেন অভিনেতা মিশা সওদাগর। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হালকা আকাশী রঙের জামা পরা এক ব্যক্তিকে মারধর করছে বেশ কয়েকজন যুবক। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, মিশা সওদাগরকে মারধরের দাবিতে ভাইরাল ভিডিওতে থাকা ব্যক্তিটি মিশা সওদাগর না। তার নাম নির্মলেন্দু দাশ রানা। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি চেয়ারম্যান। এ ছাড়া তিনি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। গত মঙ্গলবার (১৩ মে) সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় তাকে বেধড়ক পেটানোর পর পুলিশে সোপর্দ করেছে একদল ব্যক্তি।

এই দাবিতে ফেসবুকে প্রচারিত কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে। 

দাবিটির সত্যতা যাচাইয়ে গতকাল বুধবার (১৪ মে) সকালে জয়তূর্য চৌধুরী নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ভিডিও নজরে আসে ফ্যাক্টওয়াচের। ভিডিওটির সঙ্গে মিশা সওদাগরকে মারধরের দাবিতে ভাইরাল ভিডিওটির মিল রয়েছে।

জয়তূর্য চৌধুরীর পোস্টটি থেকে জানা যায়, ভাইরাল ভিডিওটির ঘটনার সময় গত মঙ্গলবার (১৩মে) রাত ৯ টা, ঘটনার স্থান সিলেটের মদনমোহন কলেজ এলাকা। ভিডিওতে যাকে মারধর করা হচ্ছে, তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা।

এসব তথ্যের সূত্রে পরবর্তী অনুসন্ধানে দৈনিক প্রথম আলোর ওয়েবসাইটে ঘটনাটি নিয়ে একটি প্রতিবেদন পাওয়া যায়। গতকাল বুধবার (১৪ মে) প্রকাশিত এই প্রতিবেদনটিতেও মারধরের শিকার ব্যক্তিটিকে একই পোশাকে দেখা যায় এবং চেহারারও মিল পাওয়া যায়। 

প্রতিবেদনটি থেকে জানা যায়, সিলেট নগরের রিকাবীবাজার এলাকায় আওয়ামী লীগের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে বেধড়ক পেটানোর পর পুলিশে সোপর্দ করেছে একদল ব্যক্তি। গত মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ওই চেয়ারম্যানের নাম নির্মলেন্দু দাশ ওরফে রানা। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউপি চেয়ারম্যান। এ ছাড়া তিনি নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনটিতে ঘটনাটি সম্পর্কে বলা হয়, নির্মলেন্দু রিকাবীবাজার এলাকার ফাতেমা রেস্টুরেন্টে খেতে যান। এ সময় একদল লোক তাকে পাকড়াও করে বেধড়ক মারধর করেন। পরে পুলিশের কাছে তাকে সোপর্দ করেন তারা। পিটুনিতে নির্মলেন্দু রক্তাক্ত হন। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। পুলিশ নির্মলেন্দুকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। 

এই ঘটনা নিয়ে দৈনিক যায়যায়দিনেও একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদনেও একই ব্যক্তির ছবি পাওয়া যায়। প্রতিবেদনটিতেও ঘটনাটি সম্পর্কে একই বর্ণনা পাওয়া যায়। প্রতিবেদনটি দেখুন-

রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছিলেন আ.লীগ নেতা, পিটিয়ে পুলিশে সোপর্দ

এ ছাড়া অভিনেতা মিশা সওদাগর সাম্প্রতিক সময়ে গণপিটুনির শিকার হয়েছেন-এমন দাবিরও কোনো সত্যতা পাওয়া যায়নি। বরং সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন এবং সেখানে তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। 

ফলে এটি নিশ্চিত হওয়া যায়, মিশা সওদাগরকে মারধরের দাবিতে ভাইরাল ভিডিওতে থাকা হালকা আকাশী রঙের জামা পরা ব্যক্তিটি ভিন্ন। তিনি মিশা সওদাগর না। এই ব্যক্তির নাম নির্মলেন্দু দাশ। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

 

Claim:
সম্প্রতি ফেসবুকে প্রায় ২ মিনিটের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগে গণধোলাইয়ের শিকার হয়েছেন অভিনেতা মিশা সওদাগর। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হালকা আকাশী রঙের জামা পরা এক ব্যক্তিকে মারধর করছে বেশ কয়েকজন যুবক।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh