তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে ফাতেমার এই ছবিগুলো এআই জেনারেটেড

346
তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে ফাতেমার এই ছবিগুলো এআই জেনারেটেড
তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে ফাতেমার এই ছবিগুলো এআই জেনারেটেড

সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগমকে নিয়ে ফেসবুকে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিযুক্ত পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফাতেমা বেগমকে বোনের স্বীকৃতি দিয়েছেন, কোথাও দাবি করা হচ্ছে ফাতেমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। কোনো ছবিতে দেখা যাচ্ছে, ফাতেমা বেগম তারেক রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিগুলো এআই জেনারেটেড।

ছবি যাচাই ১: গৃহকর্মী ফাতেমা বেগমকে বোনের স্বীকৃতি, মনোনয়ন দেওয়ার দাবি

এসব দাবিতে প্রচারিত ছবিতে দেখা যায়, ফাতেমা বেগমকে কাগজ সদৃশ কিছু একটি দিচ্ছেন তারেক রহমান। রিভার্স ইমেজ সার্চে এটির উৎস নিয়ে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। 

তারেক রহমান ও বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজসহ প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে দেশের কোনো সংবাদমাধ্যমেও ছবিটি নিয়ে, ফাতেমাকে বোনের স্বীকৃতি বা মনোনয়ন দেওয়া নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এসব কারণে ছবিটি এআই জেনারেটেড ছবি-ভিডিও শনাক্তের একাধিক টুল দিয়ে যাচাই করে দেখা হয়। এসব টুলের বিশ্লেষণে ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি বলে জানা যায়। 

এ ছাড়া ছবিটি গুগলের এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুল সিন্থআইডি (SynthID) দিয়ে যাচাই করে দেখা হয়। এটি গুগলের এআই প্রযুক্তি দিয়ে তৈরি ছবি, ভিডিও, অডিও বা টেক্সটে অদৃশ্য ডিজিটাল ওয়াটারমার্ক যুক্ত করে, যা খালি চোখে দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা যায়। 

কোনো ছবি গুগল এআই দিয়ে তৈরি বা সম্পাদিত কি না জানতে চাইলে জেমিনিতে ছবিটি আপলোড করে এআই জেনারেটেড কনটেন্ট শনাক্তকারী টুল সিন্থআইডিকে জিজ্ঞেস করলে (@SynthID) টুলটি ওয়াটারমার্ক আছে কি না পরীক্ষা করে জানিয়ে দেয়।

এই প্রক্রিয়ায় তারেক রহমান ও ফাতেমা বেগমের ছবিটি যাচাই করতে দেওয়া হলে সিন্থআইডি জানায়, এটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা এডিটেড। 

পাশাপাশি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রাপ্ত ফাতেমা বেগমের ছবির সঙ্গে ফেসবুকে প্রচারিত এই ছবিটিতে থাকা ফাতেমা বেগমের ছবির পার্থক্য দেখা যায়। 

এই ছবিযুক্ত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে। 

ছবি যাচাই ২: তারেক রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে ফাতেমা বেগমের ছবি 

এই ছবিটিতে ফাতেমা বেগমকে তারেক রহমানের পরিবারের সদস্য অর্থাৎ তারেক রহমান, তার স্ত্রী জোবায়দা রহমান ও কন্যা জায়মা রহমানের সঙ্গে বসে খাবার খেতে দেখা যায়। 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, এটি ফাতেমা বেগম ও তারেক রহমানের পরিবারের সদস্যদের দুটি ভিন্ন ছবি ব্যবহার করে তৈরি।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে ইংরেজি দৈনিক ডেইলি সানের ওয়েবসাইটে খালেদা জিয়ার সঙ্গে ফাতেমা বেগমের একটি ছবি পাওয়া যায়। এই ছবির সঙ্গে তারেক রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে ফাতেমা বেগমকে দেখা যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটির মিল পাওয়া যায়। দুটি ছবিতেই ফাতেমা বেগমকে একই রঙের পোশাকে দেখা যায়। পাশাপাশি তার ওই সময়কার চেহারার গঠনের সঙ্গেও মিল পাওয়া যায়। 

এ ছাড়া সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ফাতেমা বেগমের বর্তমান চেহারার সঙ্গে প্রচারিত ছবিটির অমিল রয়েছে।

অপরদিকে তারেক রহমানের পরিবারের সদস্যদের ছবিটি রিভার্স ইমেজ সার্চে দৈনিক যুগান্তরে গত বছরের ৬ মে প্রকাশিত একটি প্রতিবেদনে পাওয়া যায়। এই ছবির সঙ্গে তারেক রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে ফাতেমা বেগমকে দেখা যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটির মিল রয়েছে। দুটি ছবিতেই তারেক রহমান, তার স্ত্রী ও কন্যাকে একই পোশাকে দেখা যায়। ছবি দুটিতে তাদের চেহারার অভিব্যক্তিও প্রায় এক। 

এ ছাড়া ভাইরাল ছবিটিতে মায়া বিনোদন লেখা একটি জলছাপ পাওয়া যায়। এই জলছাপের সূত্রে ফেসবুকে খুঁজে ‘12 মায়া বিনোদন’ নামে প্রায় ৬৫ হাজার ফলোয়ারের একটি পেজ পাওয়া যায়।

 

এই পেজে তারেক রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে ফাতেমা বেগমকে দেখা যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি পাওয়া যায়। ছবিটির ডানপাশে নিচের কোণে বাংলায় ‘এআই দিয়ে তৈরি’ লেখা। এর নিচেই ইংরেজিতে লেখা ‘Minimax Hailuo AI’। ফেসবুকে প্রচারিত ছবিগুলোতে এই লেখাগুলো কেটে প্রচার করা হচ্ছে। 

এই ছবিযুক্ত কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।

এসব তথ্যের ভিত্তিতে ফ্যাক্টওয়াচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সঙ্গে খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগমের প্রচারিত ছবিগুলোকে বিকৃত হিসেবে চিহ্নিত করছে। 

Claim:
সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগমকে নিয়ে ফেসবুকে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিযুক্ত পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফাতেমা বেগমকে বোনের স্বীকৃতি দিয়েছেন, কোথাও দাবি করা হচ্ছে ফাতেমাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh