আওয়ামী লীগের পুরোনো অনুষ্ঠানের ছবি ও ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার

149
আওয়ামী লীগের পুরোনো অনুষ্ঠানের ছবি ও ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার
আওয়ামী লীগের পুরোনো অনুষ্ঠানের ছবি ও ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার

রাজনৈতিক পটপরিবর্তনের পর এ বছর ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে বড় কোনো কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানগুলোর বিভিন্ন ছবি ও ভিডিও আওয়ামী লীগে পরিচালিত কয়েকটি ফেসবুক পেজ থেকে দেখা যাচ্ছে। তবে এরই মধ্যে কয়েকটি ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেগুলো আদতে পুরোনো কর্মসূচীর ছবি, কিন্তু এ বছরে ১৫ আগস্টের মিছিল দাবিতে ব্যবহার করা হচ্ছে। সঙ্গত কারনে ফ্যাক্টওয়াচ এদেরকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

পুরোনো ঘটনাকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে-  এরকম কয়েকটি পোস্ট নিয়ে আলোচনা করা যাক।

১। জাতীয় শোক দিবস উপলক্ষে, ধানমন্ডি ৩২ নম্বরে বাড়ির সামনে যুবলীগের মিছিল এমন ক্যাপশনযুক্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেমন দেখুন এখানে,এখানে,এখানে, এখানে

এই ভিডিওতে দেখা যাচ্ছে, মিছিলের সামনের ব্যানারে লেখা রয়েছে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বাংলাদেশ আওয়ামী যুবলীগ’ । এই কি-ওয়ার্ড সার্চ করে দেখা গেল, ২০২৩ সালের ১৮ই জুলাই তারিখে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নেওয়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের মিছিলের দৃশ্য ছিল এটি। এই মিছিলের একটি ছোট ভিডিও ক্লিপ  ইউটিউবে পাওয়া যাচ্ছে। এছাড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই মিছিলের একাধিক ভিডিও ও ছবি আপলোড করা হয়েছিল। সেদিনের সেই পোস্টগুলো দেখতে পাবেন এখানে,এখানে,এখানে,এখানে।




উল্লেখ্য, উভয় মিছিলেই সম্মুখ সারিতে একই নেতাকর্মীদের একই পোশাক পরা অবস্থায় দেখা যাচ্ছে। অর্থাৎ উভয় ভিডিওই যে একই ঘটনার, সেটা নিঃসন্দেহে বলা যায়।



ফেসবুকের সাম্প্রতিক ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট 

ইউটিউবে সংরক্ষিত পুরনো ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট 


২ । ধানমন্ডি ৩২ এর বাড়ির সামনে ছাত্রলীগের মিছিল- দাবিতে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে শীতকালীন পোশাক পরিহিত অবস্থায় ১০-১৫ জন রাজনৈতিক কর্মীকে মিছিল করতে দেখা যায়। ১৬ সেকেন্ড দীর্ঘ এই ভিডিওর এক কোণায় ‘কালের কন্ঠ’ এর লোগো দেখা যাচ্ছিল। এমন কয়েকটা ভিডিও দেখতে পাবেন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে,এখানে

  কালের কণ্ঠের ফেসবুক পেজে/ইউটিউব চ্যানেলে সাম্প্রতিক সময়ে এমন কোনো ভিডিও দেখা গেলনা। তবে গত বছর ১৩ ডিসেম্বর জয় বাংলা শ্লোগান দিয়ে শুক্রবার ভোরে আ.লীগ কর্মীদের ঝটিকা মিছিল শিরোনামে ৬ মিনিট ৮ সেকেন্ড দীর্ঘ একটি ভিডিও পাওয়া গেল। সেখানে ৩ঃ০০ মিনিট সময়কাল থেকে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির সাদৃশ্য পাওয়া গেল। অর্থাৎ দীর্ঘ এই ভিডিও থেকে ১৬ মিনিটের একটি ক্লিপ কেটে সাম্প্রতিক  দাবিতে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

গত ১৩ ডিসেম্বর আওয়ামী লীগের ঝটিকা মিছিলের এই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমেও প্রকাশিত হয়। যেমন- নবীন নিউজ, বাংলাদেশ জার্নাল ইত্যাদি।



৩। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শত শত জনগণ শ্রদ্ধা নিবেদন করছেএমন দাবিতে কয়েকটা পোস্ট ছড়িয়ে পড়েছে। এসব দাবির পক্ষে প্রমাণ হিসেবে দুটি ছবিও যুক্ত করা হয়েছে। এমন কয়েকটা পোস্ট দেখুন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে


রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে এখানে ব্যবহৃত ছবি দুটি খুঁজে পাওয়া গেল । প্রথম ছবিটি বাংলাদেশ সংবাদ সংস্থার ওয়েবসাইটে গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে প্রকাশিত হয়েছিল। এই খবর থেকে জানা যায়, এটি ১৫ আগস্টের কোনো ছবি নয়, বরং ২০২৩ এর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে টুঙ্গিপাড়া শহীদ মিনারের দৃশ্য ছিল।

দ্বিতীয় ছবিটি ২০১৯ সালের ১৫ আগস্ট দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল। এটিও টুঙ্গিপাড়ার ছবি নয়, বরং রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন সংগঠনের ফুল দেওয়ার ছবি ছিল এটি। 


সার্বিক বিবেচনায়, সাম্প্রতিক সময়ের দাবিতে ভুল ক্যপশনযুক্ত এ সকল পোস্টকে ফ্যাক্টওয়াচ ‘মিথ্যা’ সাব্যস্ত করছে। 

Claim:
রাজনৈতিক পটপরিবর্তনের পর এ বছর ১৫ আগস্ট উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পক্ষ থেকে বড় কোনো কর্মসূচি পালন করা সম্ভব হয়নি। সীমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানগুলোর বিভিন্ন ছবি ও ভিডিও আওয়ামী লীগে পরিচালিত কয়েকটি ফেসবুক পেজ থেকে দেখা যাচ্ছে। তবে এরই মধ্যে কয়েকটি ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে, যেগুলো আদতে পুরোনো কর্মসূচীর ছবি, কিন্তু এ বছরে ১৫ আগস্টের মিছিল দাবিতে ব্যবহার করা হচ্ছে।

Claimed By:
Facebook Users

Rating:
False

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh